রিলসে আগ্রহ বাড়াতে ফেইসবুকের অ্যালগরিদমে আপডেট আনল মেটা
নতুন এই আপডেটে যুক্ত হয়েছে এআই-নির্ভর সার্চ সাজেশন, ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও ফিল্টারিং এবং নতুন ‘ফ্রেন্ড বাবলস’ ফিচার।
ফেইসবুকের নতুন অ্যালগরিদম আপডেটের ফলে এখন ব্যবহারকারীরা তাদের আগ্রহ ও রুচি অনুযায়ী আরও বেশি ‘রিলস’ ভিডিও দেখতে পাবেন।
মঙ্গলবার মেটা এ ঘোষণা দিয়েছে। নতুন এই আপডেটে যুক্ত হয়েছে বেশ কিছু উন্নত ফিচার। এর মধ্যে রয়েছে এআই-নির্ভর সার্চ সাজেশন, ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও ফিল্টারিং এবং নতুন ‘ফ্রেন্ড বাবলস’ ফিচার।
মেটা বলছে, আপডেটের পর ব্যবহারকারীরা এখন তাদের পছন্দ অনুযায়ী কনটেন্ট আরও সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। কোনো ভিডিও পছন্দ না হলে সেটিতে ‘নট ইন্টারেস্টেড’ অপশন বাছাই করলেই ফেইসবুকের রিকমেন্ডেশন সিস্টেম সেই অনুযায়ী পরিবর্তন আনবে। এমনকি কমেন্টে অপ্রাসঙ্গিক বা অপ্রিয় কিছু দেখলেও সেটি ফ্ল্যাগ করতে পারবেন ব্যবহারকারী।
একই সঙ্গে ‘সেইভ’ ফিচারটিতেও পরিবর্তন এসেছে। এখন ব্যবহারকারীরা তাদের পছন্দের রিলস ও পোস্টগুলো এক জায়গায় সংরক্ষণ করতে পারবেন, এতে পরবর্তীতে দেখা আরও সহজ হবে।
প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, এই পরিবর্তনগুলো আসছে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে। অনেকেই বলেছেন, তারা এমন অনেক ভিডিও দেখেন যা হয় স্ক্যামের মত, বিরক্তিকর বা নিম্নমানের এআই-জেনারেটেড কনটেন্টে ভরা। এই সমস্যা দূর করতে মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে আরও বেশি বিনিয়োগ করছে।
সম্প্রতি তারা ভাইবস নামে একটি শর্ট ভিডিও ফিড চালু করেছে যেখানে শুধু এআই-নির্মিত ভিডিও দেখানো হয় এবং এটি পাওয়া যাবে মেটা এআই অ্যাপে।
অ্যালগরিদম আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নতুন কনটেন্টকে অগ্রাধিকার দেওয়া। কোম্পানির দাবি, আপডেটের ফলে এখন ব্যবহারকারীরা ৫০ শতাংশ বেশি নতুন রিলস ভিডিও দেখতে পাবেন অর্থাৎ, যেসব ভিডিও সেই দিনই আপলোড হয়েছে সেগুলোই ফিডে বেশি দেখা যাবে।
তা ছাড়া, নতুন ফিচারের মধ্যে রয়েছে এআই-চালিত সার্চ সাজেশন, এটি টিকটকের মতো কাজ করবে। ভিডিওর নিচে থাকা ধূসর টেক্সট সাজেশনের মতোই এটি ব্যবহারকারীদের পছন্দের বিষয়ে আরও ভিডিও খুঁজে পেতে সাহায্য করবে।
এ ছাড়া, ফেইসবুকের রিলস ও মূল নিউজফিডে যোগ হচ্ছে ‘ফ্রেন্ড বাবলস’ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা দেখতে পারবেন তাদের বন্ধুরা কোন পোস্টগুলো লাইক করেছেন। বাবলে বন্ধুর প্রোফাইল ছবিতে ট্যাপ করলে সরাসরি একটি প্রাইভেট মেসেজ উইন্ডো খুলে যাবে, একদম ইনস্টাগ্রামের মতো অভিজ্ঞতা দেবে এই ফিচারটি।
মেটা আশা করছে, নতুন এই আপডেট ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত এবং আকর্ষণীয় করে তুলবে।
