Published : 04 Mar 2026, 04:06 PM
সর্বশেষ প্রজন্মের এম৫ সিরিজের চিপওয়ালা নতুন ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো উন্মোচন করেছে অ্যাপল।
মঙ্গলবার নিজেদের ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো-এর নতুন মডেলগুলো উন্মোচন করেছে অ্যাপল।
রয়টার্স লিখেছে, মেমোরি বা স্টোরেজ খরচ বেড়ে যাওয়ায় পিসি বাজারে যে মন্দাভাব দেখা দিয়েছে তা কাটিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতেই কোম্পানিটি নিজেদের সর্বশেষ এম৫ সিরিজের চিপ ও বেশি স্টোরেজ’সহ এসব ল্যাপটপ বাজারে এনেছে।
এ আপডেটে থাকছে অ্যাপলের সর্বশেষ এম৫ চিপচালিত নতুন ম্যাকবুক এয়ার। এ ছাড়া উচ্চ সক্ষমতার ম্যাকবুক প্রো মডেলগুলোতে থাকছে নতুন ‘এম৫ প্রো’ ও ‘এম৫ ম্যাক্স’ প্রসেসর।
অ্যাপলের দাবি, পারফরম্যান্সের পাশাপাশি ডিভাইসের নিজস্ব এআই সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে এসব চিপ।
১৩ ইঞ্চির নতুন ম্যাকবুক এয়ারের দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯ ডলার থেকে। এতে এখন স্ট্যান্ডার্ড বা বেইস স্টোরেজ হিসেবে থাকছে ৫১২ গিগাবাইট, যা আগের প্রজন্মের দ্বিগুণ।
আগে ৫১২ জিবি স্টোরেজ পেতে গ্রাহকদের ১ হাজার ১৯৯ ডলার খরচ করতে হত। সেই হিসেবে একই স্টোরেজের জন্য এ নতুন দামটি বড় ছাড়।
২০২০ সাল থেকে ইনটেল প্রসেসর ছেড়ে নিজেদের তৈরি আর্ম আর্কিটেকচারে তৈরি এম-সিরিজের চিপে স্থানান্তরিত হওয়ার পর অ্যাপল ক্রমাগত উন্নত পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের দাবি করে আসছে।
এ পরিবর্তন উইন্ডোজভিত্তিক পিসি নির্মাতাদের তুলনায় অ্যাপলকে বাজারে এক স্বতন্ত্র অবস্থান তৈরিতে সাহায্য করেছে।
‘এম৫ প্রো’ চিপচালিত ১৪ ইঞ্চির নতুন ম্যাকবুক প্রো মডেলের দাম শুরু হচ্ছে ২ হাজার ১৯৯ ডলার থেকে। এর বেইস মডেলে এখন স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে ১ টেরাবাইট স্টোরেজ, যা আগের অনেক মডেলে ছিল কেবল ৫১২ জিবি।
ম্যাকবুক প্রো’তে বেইস স্টোরেজ বাড়িয়ে অ্যাপল এক কৌশলী মূল্যের নীতি গ্রহণ করেছে, যেখানে কোম্পানিটি এর মূল দাম প্রায় অপরিবর্তিত রেখেই স্ট্যান্ডার্ড কনফিগারেশন বা সুযোগ বাড়িয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পিসি বাজারে চাহিদার ক্ষেত্রে অস্থিরতা দেখা গেছে। করোনা মহামারীর সময়ে ল্যাপটপ কেনার হিড়িক পড়ে যাওয়ার পর এখন সাধারণ ক্রেতাদের নতুন ল্যাপটপ কেনায় অনীহা দেখা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন ব্যবসা কোম্পানিও নতুন ডিভাইস কেনা বা আপগ্রেড করা পিছিয়ে দিচ্ছে।
ফলে বিক্রেতারা এখন বাজারে টিকে থাকতে দামের ক্ষেত্রে একে অপরের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নেমেছে।
ল্যাপটপের পারফরম্যান্স ও স্টোরেজ সক্ষমতার জন্য ‘ডির্যাম’ ও ‘ন্যান্ড’ ফ্ল্যাশের মতো মেমোরি চিপগুলো গুরুত্বপূর্ণ উপাদান।
তবে বর্তমানে চিপ নির্মাতারা এআই অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরিতে বেশি মনোযোগ দেওয়ায়, বাজারে সাধারণ মেমোরি চিপের সরবরাহ কমেছে এবং এর দামও বেড়েছে।
এ ছাড়া সোমবার নিজেদের সাশ্রয়ী স্মার্টফোন মডেল আইফোন ১৭ই উন্মোচন করেছে অ্যাপল। ৫৯৯ ডলার থেকে শুরু হওয়া এ ফোনের বেইস স্টোরেজ বাড়িয়ে এখন ২৫৬ গিগাবাইট করেছে।