১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যান্টিট্রাস্ট জরিমানা এড়াতে সার্চ রেজাল্টে ‘পরিবর্তন আনছে’ গুগল

এর মাধ্যমে গুগলের প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলোর সেবা সার্চ লিস্টে আরও ভালোভাবে দেখাবে।

অ্যান্টিট্রাস্ট জরিমানা এড়াতে সার্চ রেজাল্টে ‘পরিবর্তন আনছে’ গুগল
ভোক্তাদের আরও পছন্দের সুযোগ করে দিবে এ পরিবর্তন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 03:03 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ইউরোপীয় ইউনিয়নের (ইউ) বিশাল অ্যান্টিট্রাস্ট জরিমানা এড়াতে নিজেদের সার্চ রেজাল্টে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে গুগল। 

ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় গুগল শপিং, গুগল হোটেল এবং গুগল ফ্লাইটের মতো নিজস্ব সেবাগুলোকে অগ্রাধিকার দেয়ায় ইউরোপীয় কমিশন অভিযুক্ত করার ঠিক তিন মাস পর গুগল এ প্রস্তাব দিল।

বার্তা সংস্থা রয়টার্সের দেখা নথির তথ্য অনুযায়ী, এ পরিবর্তনের মাধ্যমে গুগলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সেবা সার্চ লিস্টে আরও ভালোভাবে দেখাবে। 

ডিজিটাল মার্কেটস অ্যাক্ট বড় টেক কোম্পানিগুলোর জন্য করণীয় এবং করণীয় নয় এমন একটি তালিকা দিয়েছে, যার লক্ষ্য তাদের স্বেচ্ছাচারিতার ওপর নিয়ন্ত্রণ আনা এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতিযোগিতার জন্য আরও জায়গা দেয়া এবং ভোক্তাদের আরও পছন্দের সুযোগ করে দেয়া।

নথিতে বলা হয়েছে, গুগলের নতুন এ প্রস্তাবের আওতায় বস্তুনিষ্ঠ এবং বৈষম্যহীন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত একটি ‘ভার্টিক্যাল সার্চ সার্ভিস’ (ভিএসএস) সার্চের শীর্ষে গুগলের মতো একই ফরম্যাট, তথ্য এবং বৈশিষ্ট্যসহ নিজস্ব বাক্স পাওয়া যাবে।

এই বক্সে হোটেল, এয়ারলাইন, রেস্টুরেন্ট এবং পরিবহন সংক্রান্ত নির্বাচিত তিনটি সরাসরি লিংক থাকবে।

অন্যান্যদের নীচে স্থান দেওয়া হবে, ব্যবহারকারীরা যদি তাতে ক্লিক না করেন তবে কোনো বক্স থাকবে না।

কোম্পানিটির প্রতিদ্বন্দ্বীদের কাছে গুগল এবং ইউরোপীয় কমিশনের পাঠানো নথিতে গুগল বলছে, “আমরা (কমিশনের) প্রাথমিক অনুসন্ধানের সাথে একমত নই, তবে পক্ষপাতহীনতার ভিত্তিতে সমাধানের জন্য একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে চাই।”

৮ জুলাই কমিশনের ডাকা এক বৈঠকে প্রতিদ্বন্দ্বীরা তাদের মতামত জানাবেন। 

বৈঠকের আগে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী বলেন, ‘গুগলের প্রস্তাব এখনও সমান সুযোগ নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়।’