১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এম৪ চিপসেটের নতুন ম্যাক বাজারে ‘এল বলে’

ম্যাক মিনির ইউএসবি-এ পোর্টকে ইউএসবি-সি পোর্টের সঙ্গেও প্রতিস্থাপন করতে পারে অ্যাপল। এমনকি এতে কেবল একটি নয়, বরং পাঁচটি ইউএসবি-সি পোর্টও অন্তর্ভুক্ত থাকতে পারে।

এম৪ চিপসেটের নতুন ম্যাক বাজারে ‘এল বলে’
ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 04:18 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

গুঞ্জন উঠেছে, এ বছরের মধ্যেই এম৪ সিরিজের প্রসেসরচালিত নতুন ম্যাক কম্পিউটার উন্মোচন করতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। 

ম্যাক ও অ্যাপল সম্পর্কিত তথ্য সরবরাহকারী সাইট ম্যাকরিউমার্সের হাতে আসা ‘গোপনীয় তথ্যের’ ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট নিউউইন।

এর আগে, মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গারম্যান বলেছিলেন, এ বছরের শেষের দিকে এম৪ সিরিজের চিপসেটসহ ম্যাক কম্পিউটার আনতে যাচ্ছে অ্যাপল।

এ বছরে বাজারে আসা প্রত্যাশিত ডিভাইস হতে চলেছে ম্যাক মিনি। কারণ ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিভাইসটিকে পুনরায় নকশা করা হবে বলে ধারণা করা হচ্ছে। 

ম্যাক মিনি’র ইউএসবি-এ পোর্টকে ইউএসবি-সি পোর্টের সঙ্গেও প্রতিস্থাপন করতে পারে অ্যাপল। এমনকি এতে কেবল একটি নয়, বরং পাঁচটি ইউএসবি-সি পোর্টও অন্তর্ভুক্ত থাকতে পারে।

এ ছাড়াও, অ্যাপল এই বছর এম৪ চিপসেটসহ চারটি নতুন ম্যাক কম্পিউটার চালু করবে বলে গুজব আছে। যার মধ্যে রয়েছে, এম৪ চিপসহ একটি এন্ট্রি-লেভেলের ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো এবং এম৪ প্রো ও এম৪ ম্যাক্স চিপসহ নতুন ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো মডেল।

এম৪ চিপসহ একটি নতুন আইম্যাক এবং এম৪ ও এম৪ প্রো চিপসহ একটি সম্পূর্ণ নতুন নকশার ম্যাক মিনিও বাজারে আনতে পারে অ্যাপল।

ম্যাক মিনি ছাড়া অ্যাপলের অন্যান্য ডিভাইসের নকশার বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই এবং নানা ধরনের আপগ্রেড কেবল চিপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। 

তবে ধারণা করা হচ্ছে, প্রথমবারের মতো অ্যাপল বোর্ড জুড়ে স্ট্যান্ডার্ড হিসেবে ১৬ গিগাবাইট র‌্যাম দিতে পারে।

এ বছরের শেষ নাগাদ সব ডিভাইসের ইউএসবি-সি’কে স্ট্যান্ডার্ড বানাতে ইইউ’র বাধ্যবাধকতা মেনে সব আইম্যাক অ্যাকসেসরিজে ইউএসবি-সি আনতে পারে অ্যাপল। 

গারম্যান আরও বলছেন, এই মাসে নতুন এম৪ ম্যাক মিনি’র মডেলগুলোর সরবরাহ শুরু করার জন্য সরবরাহকারীদের চাপের উপর রাখা হয়েছে। তবে অক্টোবরের আগ পর্যন্ত এম৪ প্রো মডেলের শিপিং শুরু করবে না অ্যাপল।