Published : 18 Feb 2026, 03:50 PM
গাড়ি চালানোর অভিজ্ঞতাকে সহজ করতে ইউরোপ ও যুক্তরাজ্যের বাজারে এআই অ্যাসিস্ট্যান্ট ‘গ্রক’ চালু করেছে মার্কিন ইভি নির্মাতা টেসলা।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট লিখেছে, সর্বশেষ ‘ওভার-দ্য-এয়ার’ সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ নতুন সিস্টেমটি সবার আগে পাচ্ছেন যুক্তরাজ্যের গ্রাহকরা।
এআই সঙ্গীটি সফটওয়্যারের ২০২৬.২.৬ সংস্করণে যোগ করেছে টেসলা, যা বর্তমানে টেসলার এসব গাড়িতে বিনামূল্যে দেওয়া হচ্ছে। গ্রক তৈরি করেছে ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই।
পদার্থবিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান, দর্শন ও ইতিহাসসহ বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দিতে পারে চ্যাটবটটি।
টেসলার ইন-কার সিস্টেমের সঙ্গে সরাসরি যোগ এই গ্রক চালকের মৌখিক নির্দেশে কাজ করতে পারে। স্টিয়ারিং হুইল কন্ট্রোল বা টাচস্ক্রিন ইন্টারফেইসের মাধ্যমে ব্যবহার করা যাবে গ্রক।
এআই অ্যাসিস্ট্যান্টটির প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম ন্যাভিগেশন পরিচালনা করা। ফলে চালকরা অতি সাধারণ বা স্বাভাবিক ভাষায় কথা বলেই গন্তব্য নির্ধারণ, যাত্রাপথে রুট পরিবর্তন বা আশপাশের প্রয়োজনীয় বিভিন্ন জায়গা খুঁজে নিতে পারবেন।
টেসলা বলেছে, সিস্টেমটি গাড়ির মালিকের নির্দেশিকা থেকে তথ্য নিয়ে চালককে সঠিক পরামর্শ দেবে। গাড়ি চালানো, রক্ষণাবেক্ষণ ও ড্যাশবোর্ডের বিভিন্ন সতর্কতা ব্যাখ্যা করবে গ্রক। ফলে চালককে আর বই বা ডকুমেন্ট খুঁজতে হবে না। সরাসরি প্রশ্ন করেই যে কোনো ওয়ার্নিং বা ফিচার সম্পর্কে তাৎক্ষণিক উত্তর মিলবে।
গ্রক ব্যবহারের জন্য বেশ কিছু মোড রয়েছে, যার মধ্যে আছে, সহকারী হিসেবে অ্যাসিস্ট্যান্ট, ভাষা শেখার জন্য ল্যাঙ্গুয়েজ টিউটর, থেরাপিস্ট, গল্প বলার জন্য স্টোরিটেলার, মেডিটেশন এবং ষড়যন্ত্রমূলক তত্ত্ব নিয়ে আলোচনার জন্য কনস্পিরেসি।
শিশুদের জন্য আলাদা মোড হিসেবে হয়েছে ‘স্টোরি টাইম’ ও ‘ট্রিভিয়া গেইম’, যা ছোটদের উপযোগী কনটেন্ট পরিবেশন করবে। এ ছাড়া ১৮ বছর বা তার বেশি বয়সের ব্যবহারকারীদের জন্য টেসলা কিছু বিশেষ মোড যোগ করেছে, যার নাম আনহিনজড, সেক্সি, মোটিভেশন, রোমান্টিক ও আর্গুমেন্টেটিভ।
এসব মোডের পাশাপাশি, চালক ও যাত্রীরা তাদের পছন্দমতো বিভিন্ন এআই পারসোনা বা কণ্ঠস্বর বেছে নিতে পারবেন। যেমন প্রাণবন্ত নারী কণ্ঠ ‘অরা’, শান্ত ও প্রশান্তিদায়ক নারী কণ্ঠ ‘ইভ’, ব্রিটিশ উচ্চারণের পুরুষ কণ্ঠ ‘লিও’, গম্ভীর ও শান্ত পুরুষ কণ্ঠ ‘রেক্স’ এবং সাবলীল ও মোলায়েম পুরুষ কণ্ঠ ‘স্যাল’।
টেসলা বলেছে, অনেকগুলো ভাষায় কথা বলতে পারে গ্রক, যা একদম মানুষের মতো স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেওয়ার জন্যই তৈরি। এর মূল উদ্দেশ্য, যাত্রার সময়টুকু যাত্রীরা যেন শেখা, বিনোদন বা আরও সহজে ন্যাভিগেশন নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করতে পারেন।
টেসলার ‘মডেল এস’, ‘মডেল ৩’, ‘মডেল এক্স’ ও ‘মডেল ওয়াই’-এর নির্দিষ্ট সংস্করণের গাড়িতে এ সুবিধা পাওয়া যাবে। তবে গ্রক সচল করতে হলে গাড়িতে ‘প্রিমিয়াম কানেক্টিভিটি’ সাবস্ক্রিপশন থাকতে হবে বা বিভ্রাটমুক্ত ওয়াইফাই সংযোগ প্রয়োজন হবে।
টেসলা বলেছে, গ্রক-এর সঙ্গে করা সব ধরনের আলাপ হবে বেনামী ও এগুলো কোনো নির্দিষ্ট গাড়ির সঙ্গে যোগ থাকবে না। কোম্পানির দাবি, গ্রাহকদের প্রাইভেসি রক্ষার জন্যই এ পদক্ষেপ নিয়েছে তারা।
গ্রক ফিচারটি চালুর মাধ্যমে টেসলা তাদের পুরানো কৌশলই ধরে রেখেছে, যেখানে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সফটওয়্যার আপডেট দিয়ে গাড়িতে নতুন সব সুবিধা যোগ হচ্ছে।
কোম্পানিটি আরও বলেছে, ভবিষ্যতে এ সিস্টেমে আরও উন্নত ও নতুন সব ফিচার আসবে, যা এ সংস্করণের বিভিন্ন গাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে।
সম্প্রতি ভলভো তাদের হাজার হাজার পুরানো মডেলে এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে গুগলের এআই চ্যাটবট জেমিনাই যোগের ঘোষণা দিয়েছে। এরপরই টেসলার এ ঘোষণা এল।