১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাসিক ২০ ডলারে মিলবে অ্যাপলের পণ্য সুরক্ষা সেবা

যারা একাধিক অ্যাপল ডিভাইস ব্যবহার করেন এবং প্রতিটির জন্য আলাদা কভারেজ না নিয়ে একটি প্ল্যানেই সাশ্রয়ী ও সহজ নিরাপত্তা পেতে চান, সেবাটি মূলত তাদের জন্য।

মাসিক ২০ ডলারে মিলবে অ্যাপলের পণ্য সুরক্ষা সেবা
ডিভাইসগুলোতে গ্রাহকরা অ্যাপলকেয়ার প্লাসের মতোই সেবা পাবেন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 02:49 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

‘অ্যাপলকেয়ার ওয়ান’ নামে নতুন এক সেবা চালু করেছে অ্যাপল। এর মাধ্যমে গ্রাহকরা মাত্র একটি সাবস্ক্রিপশন নিয়ে একাধিক অ্যাপলের পণ্য সুরক্ষিত রাখতে পারবেন। 

প্রতি মাসে ১৯ দশমিক ৯৯ ডলার খরচে তিনটি ডিভাইস এই প্ল্যানের আওতায় আসবে। যদি কেউ আরও কোনো পণ্য যুক্ত করতে চান, তাহলে প্রতিটি পণ্যের জন্য বাড়তি মাসিক ৫ দশমিক ৯৯ ডলার গুণতে হবে।

অ্যাপলকেয়ার ওয়ানের আওতায় থাকা ডিভাইসগুলোতে গ্রাহকরা অ্যাপলকেয়ার প্লাসের মতোই সেবা পাবেন। যার মধ্যে আছে ব্যাটারি, দুর্ঘটনাজনিত কারণে হওয়া ক্ষতির জন্য ‘আনলিমিটেড সার্ভিস’ সুবিধা ও ২৪/৭ অগ্রাধিকার ভিত্তিতে সেবা।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ লিখেছে, এই সেবাটি মূলত যারা একাধিক অ্যাপল ডিভাইস ব্যবহার করেন এবং প্রতিটি ডিভাইসের জন্য আলাদা আলাদা কভারেজ নেওয়ার পরিবর্তে একটি প্ল্যানের মাধ্যমে সাশ্রয়ী ও সহজ নিরাপত্তা পেতে চান তাদের জন্য।

এ সাবস্ক্রিপশনের আরেকটি সুবিধা হল চার বছর পুরনো ডিভাইসও যুক্ত করা যাবে। এটি একটি বড় পরিবর্তন, কারণ, আগে অ্যাপলকেয়ার প্লাস নেওয়ার জন্য ডিভাইস কেনার ৬০ দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হত। 

তবে অ্যাপল বলছে, পুরোনো যেসব ডিভাইস গ্রাহক এই সাবস্ক্রিপশনে আনতে চান সেগুলো ‘ভালো অবস্থায়’ থাকতে হবে। প্ল্যান নেওয়ার আগে অ্যাপল প্রয়োজনে এসব ডিভাইসে ডায়াগনস্টিক পরীক্ষা চালাতে পারে। এ ছাড়া কেবল এক বছর পুরোনো হেডফোনই অ্যাপলকেয়ার ওয়ান প্ল্যানে আনা যাবে।

অ্যাপলকেয়ার প্লাসের সঙ্গে যেমন আইপ্যাড ও অ্যাপল ওয়াচের জন্য ‘থেফট এন্ড লস কভারেজ’ বা চুরি ও ক্ষতি হয়ে যাওয়া ডিভাইসের জন্য সেবা পাওয়া যায় তেমনই অ্যাপলকেয়ার ওয়ানেও আইফোন, আইপ্যাড বা অ্যাপল ওয়াচের জন্য সেবাটি পাওয়াটি যাবে। 

অ্যাপল বলছে, এই নতুন অ্যাপলকেয়ার ওয়ান সাবস্ক্রিপশনটি ২৪ জুলাই থেকে আইফোন, আইপ্যাড বা ম্যাকে কিংবা সরাসরি অ্যাপল স্টোরে গিয়ে চালু করা যাবে। 

অ্যাপলকেয়ার ওয়ান অ্যাপলের পক্ষ থেকে সর্বশেষ সেবা যার মধ্যে অ্যাপল ওয়ান সাবস্ক্রিপশনও রয়েছে। এটি অ্যাপলের বিভিন্ন সার্ভিসকে এক প্ল্যানের আওতায় নিয়ে আসে। 

গত প্রান্তিকে কোম্পানিটি ঘোষণা করেছে তাদের সার্ভিস বিভাগের আয় সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে।