০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

এআই আসছে গুগল ফটোজ অ্যাপের ভিডিও এডিটরে

এর মধ্যে সবচেয়ে বড় আপডেট হল অ্যাপের উভয় সংস্করণেই নতুন “এআই জেনারেটেড ভিডিও প্রিসেট” ফিচার।

এআই আসছে গুগল ফটোজ অ্যাপের ভিডিও এডিটরে
ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 05:33 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

গুগল ফটোজ অ্যাপের ভিডিও এডিটরে নতুন কিছু এআই ফিচার ও আপডেট যুক্ত করেছে সার্চ জায়ান্ট গুগল। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই আসছে এ ফিচার। 

অ্যাপটির সাপোর্ট পেইজ অনুসারে নতুন ফিচারের বিষয়টি প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

এর মধ্যে সবচেয়ে বড় আপডেট হল অ্যাপের উভয় সংস্করণেই নতুন “এআই জেনারেটেড ভিডিও প্রিসেট” ফিচার।

নতুন এ প্রিসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর দৈর্ঘ্য ট্রিম করে বা কেটে নেয়, আলোর মাত্রা সামঞ্জস্য করে, ভিডিওর গতি পরিবর্তন করে এবং মাত্র কয়েক ক্লিকেই নতুন ইফেক্ট যোগ করে৷

এ ছাড়া, কিছু এআই ইফেক্ট মোশন ট্র্যাকিং, স্বয়ংক্রিয় জুম এবং স্লো মোশন ভিডিও তৈরিরও সুযোগ দেবে। নতুন ‘প্রিসেট’ ট্যাবটি ভিডিও টাইমলাইন অপশনের নিচে পাওয়া যাবে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

এটি গুগল ফটোজ অ্যাপে যোগ হওয়া প্রথম এআই ফিচার নয়। মে মাসে গুগল ‘আস্ক ফটোজ’ ফিচার যোগ করে, যা কোম্পানির এআই চ্যাটবট জেমিনাইয়ের সাহায্যে চলে। মার্কিন ব্যবহারকারীদের আরও বিস্তারিতভাবে ও কথা বলার মাধ্যমে ছবি অনুসন্ধানের সুযোগ এনে দিয়েছিল এ ফিচার।

নতুন আপডেটে শুধু অ্যান্ড্রয়েডের জন্যও কিছু ফিচার যুক্ত করেছে গুগল। নতুন ‘ট্রিম টুল’ এখন আরও সুনির্দিষ্ট উপায়ে ভিডিও কাটতে পারে। নতুন একটি ‘অটো এনহ্যান্স’ ফিচার এসেছে, যা স্বয়ংক্রিয়ভাবেই ভিডিওর রং ঠিক করে ও ভিডিওকে আরও স্থিতিশীল করতে পারে। এ ছাড়া, নতুন ‘স্পিড’ টুলের মাধ্যমে এখন ভিডিও’র গতি কমাতে ও বাড়াতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন এসব ফিচার বুধবার থেকে আসতে শুরু করবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।