Published : 23 Oct 2025, 01:43 PM
গুগল সম্প্রতি চালু করেছে তাদের নতুন অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘গুগল স্কিলস’। এখানে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মতো বিষয়ে শেখার পাশাপাশি অর্জন করতে পারবেন সার্টিফিকেশন এবং বাস্তব অভিজ্ঞতা।
প্ল্যাটফর্মটির মাধ্যমে এক জায়গায় এনে দেওয়া হয়েছে প্রায় তিন হাজার কোর্স, ক্রেডেনশিয়াল ও ল্যাব। এগুলো আগে গুগলের বিভিন্ন শিক্ষা উদ্যোগে যেমন গ্রো উইথ গুগল, গুগল ক্লাউড, গুগল ডিপমাইন্ড এবং গুগল ফর এডুকেশনে ছড়িয়ে ছিল।
নতুন এই প্ল্যাটফর্মে এআই ও জেনারেটিভ এআই-এর পাশাপাশি ডেটা অ্যানালিটিকস, নেটওয়ার্ক অবকাঠামো, সাইবারসিকিউরিটি এবং প্রোডাক্টিভিটি সংক্রান্ত কোর্সও পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট নিওউইন।
‘বিগিনার’ থেকে শুরু করে ‘অ্যাডভান্সড’ সব স্তরের শিক্ষার্থীদের জন্যই এখানে রয়েছে সুযোগ। গুগলের তথ্য অনুযায়ী, গত এক বছরেই বিশ্বজুড়ে ব্যবহারকারীরা সম্পন্ন করেছেন দুই কোটি ৬০ লাখের বেশি কোর্স, ল্যাব ও সার্টিফিকেশন। এগুলো ভবিষ্যতের চাকরির বাজারে দরকারি দক্ষতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অন্য অনেক জনপ্রিয় লার্নিং অ্যাপের মতোই গুগল স্কিলস প্ল্যাটফর্মে গেমিফিকেশন যুক্ত করা হয়েছে যেখানে রয়েছে প্রগ্রেস ট্র্যাক করার জন্য স্ট্রিকস, স্ট্রিক ফ্রিজেস, স্কিল ব্যাজ এবং অর্জন শেয়ার করার সুযোগ। কর্পোরেট ব্যবহারকারীদের জন্য রয়েছে পার্সোনালাইজড ফিচার, উন্নত রিপোর্টিং সেন্টার, লিগ ও কোম্পানি-ভিত্তিক লিডারবোর্ডের সুবিধা।
গুগলের গবেষণায় দেখা গেছে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে কোনো দক্ষতার গড় আয়ুষ্কাল এখন কমে দাঁড়িয়েছে মাত্র আড়াই বছর। আর প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থীই বলেন, তারা গেমিফিকেশন থাকা কোর্সগুলো শেষ করতে আরও অনুপ্রাণিত হন।
একইসঙ্গে গুগল ঘোষণা করেছে জেমিনাই এন্টারপ্রাইজ এজেন্ট রেডি বা গিয়ার নামের নতুন একটি প্রোগ্রাম। এখানের দশ লাখ ডেভেলপারকে এআই এজেন্ট তৈরি, পরিচালনা ও মোতায়েন করার জন্য প্রশিক্ষণ দেবে তারা।
গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনামূল্যে যোগ দিতে পারবেন গুগল স্কিলসে। এখানে তারা কোর্স ও ল্যাবের পূর্ণ ক্যাটালগ এবং প্রতি মাসে ৩৫টি ফ্রি ক্রেডিট পাবেন। তবে উন্নত লেভেলের হ্যান্ডস-অন লার্নিং ল্যাব ও ক্যারিয়ার সার্টিফিকেট পেতে চাইলে নিতে হবে পেইড সাবস্ক্রিপশন।
গুগলের এই উদ্যোগ শুধু একটি শিক্ষা প্ল্যাটফর্ম নয় এটি আধুনিক যুগের শিক্ষার্থীদের জন্য এমন একটি সুযোগ যেখানে প্রযুক্তি শেখা এবং ক্যারিয়ার গড়ার পথ আরও সহজ ও সুলভ হয়ে উঠেছে।