Published : 13 Apr 2026, 02:41 PM
জিমেইল ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা আনছে গুগল। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা এখন আরও নিরাপদে সংবেদনশীল ইমেইল আদান-প্রদান করতে পারবেন।
গুগল ঘোষণা করেছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে জিমেইল ব্যবহারকারী এন্টারপ্রাইজ বা প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করা হচ্ছে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এখন থেকে ‘ওয়ার্কস্পেস’-এর যেসব ইমেইলে এ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন সেগুলো সরাসরি জিমেইল অ্যাপ থেকেই লেখা ও পড়া যাবে। ফলে যোগ্য ব্যবহারকারীদের জন্য আলাদা কোনো অ্যাপ বা পোর্টাল ব্যবহারের প্রয়োজন নেই।
ওয়েব সংস্করণে জিমেইল এনক্রিপশন চালুর প্রায় এক বছর পর গুগল এখন তাদের ‘ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন’ বা সিএসই সুবিধাকে আরও বাড়াল।
এক ব্লগ পোস্টে গুগল বলেছে, জিমেইল অ্যাপ ব্যবহারকারী কোনো প্রাপককে এনক্রিপ্টেড মেসেজ পাঠানো হলে সেটি তাদের ইনবক্সে সাধারণ ইমেইলের মতোই দেখাবে।
প্রাপকের কাছে যদি অ্যাপটি না থাকে তবে তিনি তার ব্রাউজারের মাধ্যমে যে কোনো ইমেইল ঠিকানা থেকেই নিরাপদভাবে সেই ইমেইল পড়তে ও উত্তর দিতে পারবেন।
গুগল বলেছে, এ নতুন সুবিধাটি “সব ধরনের ব্যবহারকারীর জন্য সর্বোচ্চ স্তরের প্রাইভেসি ও ডেটা এনক্রিপশনের পাশাপাশি সহজ এক অভিজ্ঞতা নিশ্চিত করবে। ফলে ছোট ব্যবসা থেকে শুরু করে বড় কোম্পানি ও সরকারি খাতের সকল গ্রাহক সহজেই এনক্রিপ্টেড ইমেইল আদান-প্রদান করতে পারবেন।”
তবে এখানে ‘সব ব্যবহারকারী’ বলতে কেবল ‘এন্টারপ্রাইজ প্লাস’ সদস্যদের বোঝানো হয়েছে। ফলে সাধারণ ব্যবহারকারী যারা ব্যক্তিগত কাজে জিমেইল ব্যবহার করেন তারা আপাতত এ প্রাইভেসি ও ডেটা সুরক্ষার সুবিধা পাচ্ছেন না।
জিমেইল অ্যাপে এই নিরাপত্তা সুবিধা ব্যবহার শুরুর জন্য প্রথমে প্রতিষ্ঠানের অ্যাডমিনকে তাদের ‘অ্যাডমিন কনসোল’ থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস ক্লায়েন্টদের জন্য এই সুবিধাটি চালু করতে হবে।
ইমেইল পাঠানোর সময় ব্যবহারকারীকে কেবল ‘লক’ আইকনে ক্লিক করতে এবং পাঠানোর আগে অতিরিক্ত এনক্রিপশন অপশনটি বেছে নিতে হবে। এরপর সাধারণ ইমেইলের মতোই যে কোনো অ্যাটাচমেন্ট বা ফাইল যোগ করা যাবে।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাটি ‘র্যাপিড রিলিজ’ ও ‘শেডিউলড রিলিজ’ ডোমেইনগুলোতে এখনই ব্যবহারের জন্য পাওয়া যাচ্ছে।
তবে এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের এ সুবিধা পেতে হলে ‘অ্যাশিওর্ড কন্ট্রোলস’ বা ‘অ্যাশিওর্ড কন্ট্রোলস প্লাস’ অ্যাড-অনটির প্রয়োজন হবে, যা সেসব ব্যবসা ও কোম্পানির জন্য তৈরি হয়েছে, যারা সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করে এবং যাদের বাড়তি নিরাপত্তা ও আইনি বাধ্যবাধকতা মেনে চলার প্রয়োজন হয়।