Published : 07 Sep 2025, 07:37 PM
বছরের সবচেয়ে বড় ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। ‘অ ড্রপিং’ শিরোনামে হতে যাওয়া এ ইভেন্টে আইফোন ১৭ লাইনআপসহ উন্মোচিত হতে পারে অ্যাপল ওয়াচ এবং আরও বেশকিছু ডিভাইস।
ইভেন্টটি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। এটি অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি দেখানো হবে।
নানান গুঞ্জনের মধ্যে অ্যাপলের এ ইভেন্টে কী কী উন্মোচিত হতে পারে তা একবার দেখে নেওয়া যাক।
আইফোন ১৭ সিরিজ
ইভেন্টের মূল আকর্ষণ আইফোন ১৭ সিরিজকে ঘিরে। এই সিরিজে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে এবং সম্পূর্ণ নতুন একটি মডেলও যোগ থাকবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘নাইন টু ফাইভ ম্যাক’। প্রতিটি মডেলের কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে।
এরমধ্যে আইফোন ১৭ তে থাকছে বড় ডিসপ্লে, ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, প্রোমোশন এবং অলওয়েজ-অন স্ক্রিনসহ আরও কিছু আপডেট।
আইফোন ১৭ এয়ার আসছে বেশ পাতলা ডিজাইনে সঙ্গে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, এ১৯ চিপ, পেছনে সিঙ্গল ক্যামেরা এবং আরও কিছু ফিচার ।
আইফোন ১৭ প্রো নতুন ক্যামেরা বার ডিজাইন নিয়ে আসছে সঙ্গে এ ১৯ প্রো চিপ, ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং আরও কিছু উন্নতি।
আইফোন ১৭ প্রো ম্যাক্সে ১৭ প্রো-এর সব ফিচারের পাশাপাশি আরও পুরু ডিজাইন থাকছে এবং এটি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ দেবে।
অ্যাপল ওয়াচ ১১ সিরিজ
অ্যাপল এবছর তাদের অ্যাপল ওয়াচ লাইনআপে কয়েকটি নতুন আপডেট নিয়ে আসছে। গত বছর অ্যাপল ওয়াচ সিরিজ ১০ এ বড় ধরনের পরিবর্তন দেখা গেলেও এবারের সিরিজ ১১ তে তুলনামূলকভাবে সাধারণ আপডেট পাওয়া যাবে।
এতে থাকছে দ্রুতগতির এস সিরিজ চিপ যা পারফরম্যান্স ও কর্মক্ষমতা বাড়াবে। নতুন মডেমের মাধ্যমে যুক্ত হবে ৫জি সাপোর্ট ফলে ডেটা ব্যবহারে গতি আসবে। তবে ডিজাইন ও আকার প্রায় একই রকম থাকবে।
পাশাপাশি অ্যাপল রক্তচাপ মাপার ফিচারের ওপর কাজ করছে, যদিও এ বছর এটি প্রস্তুত হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩
প্রিমিয়াম ও টেকসই মডেল অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩-এ আসছে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন। ডিভাইসটির ডিসপ্লে আগের তুলনায় সামান্য বড় হবে। তবে ঘড়ির সামগ্রিক আকার একই থাকবে কারণ বেজেল আরও পাতলা করা হয়েছে।
এতে থাকবে স্যাটেলাইট কানেক্টিভিটি ফলে প্রচলিত সেলুলার বা ওয়াই-ফাই নেটওয়ার্কের বাইরে থাকলেও সংযোগ রাখা যাবে। সঙ্গে থাকছে নতুন এস১১ চিপ, দ্রুতগতির ৫জি সংযোগ এবং সম্ভব হলে রক্তচাপ মাপার সুবিধাও যুক্ত হতে পারে।
অ্যাপল ওয়াচ এসই ৩
২০২২ সালের পর নতুন আপডেট নিয়ে প্রথমবারের মতো আসছে সবচেয়ে সাশ্রয়ী মডেল অ্যাপল ওয়াচ এসই ৩। এর ডিজাইনে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে, যেখানে অ্যালুমিনিয়ামের পরিবর্তে প্লাস্টিক ব্যবহার হতে পারে।
এ ছাড়া থাকছে নতুন চিপ যা ডিভাইসটির পারফরম্যান্স বাড়াবে। ডিসপ্লে ১.৬ ইঞ্চি ও ১.৮ ইঞ্চি বড় হবে। এটি অ্যাপল ওয়াচ সিরিজ ৭ থেকে ৯-এর যুগের ডিসপ্লের মতো হতে পারে।
এয়ারপডস প্রো ৩
জোরালো গুঞ্জন রয়েছে অ্যাপল এ ইভেন্টে এয়ারপডস প্রো ৩ উন্মোচন করতে পারে। যদিও শুরুতে ধারণা ছিল ২০২৬ সালের আগে আসবে না তবে সাম্প্রতিক প্রতিবেদন বলছে সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে এ ডিভাইস।
নতুন জেনারেশনের এইচ৩ চিপ যুক্ত থাকবে ফলে আগের তুলনায় উন্নত নয়েজ ক্যান্সেলেশন ও অডিও কোয়ালিটি দেবে।
এ ছাড়া থাকছে হার্ট রেট সেন্সর যা ব্যায়াম বা অন্য যে কোনো শারীরিক পরিশ্রমের সময় ব্যবহারকারীর হৃদস্পন্দন পর্যবেক্ষণ করবে। চার্জিং কেইস হবে ছোট আকারের এবং এতে ফিজিক্যাল বোতামের পরিবর্তে ক্যাপাসিটিভ বোতাম থাকবে।
আইওএস ২৬
শুধু হার্ডওয়্যারই নয় সেপ্টেম্বরে আসছে অ্যাপলের সবচেয়ে বড় সফটওয়্যার আপডেটের রিলিজ। আইওএস ২৬, আইপ্যাডওএস ২৬, ওয়াচওএস ২৬, ম্যাকওএস ২৬, টিভিওএস ২৬ এবং ভিশনওএস ২৬ সবকটিই জুনে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে ঘোষণা করা হয়েছিল।
ডেভেলপার ও পাবলিক বেটা টেস্টের পর এগুলো সেপ্টেম্বরেই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।
তবে এখানেই শেষ নয় আরও কিছু ওয়াইল্ড কার্ড পণ্যও রয়েছে অ্যাপলের আসন্ন পরিকল্পনায়। এর মধ্যে আছে এয়ার ট্যাগ ২ যেখানে থাকবে উন্নত আল্ট্রা ওয়াইডব্যান্ড চিপ, নতুন অ্যাপল টিভি ৪কে যেখানে যুক্ত হবে দ্রুততর প্রসেসর এবং নিজস্বভাবে তৈরি ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ, হোমপড মিনি ২ যা ওয়াইফাই ৬ই সাপোর্ট করবে এবং নতুন অ্যাপল ভিশন প্রো যেখানে থাকতে পারে এম৪ বা এম৫ চিপ, আরামদায়ক হেড স্ট্র্যাপ ও উন্নত নিউরাল ইঞ্জিন।
এ ছাড়া অ্যাপল কাজ করছে নতুন ম্যাক ডিভাইস, এক্সটারনাল ডিসপ্লেসহ আরও কিছু প্রোডাক্টের ওপর। তবে এগুলোর বাজারে আসার সম্ভাবনা সেপ্টেম্বরে কম।