জেমিনাইয়ের নতুন দুই ফিচারে কী থাকছে?
অস্থায়ী চ্যাটিং ফিচারটিতে ব্যবহারকারী একবারের জন্য এআই-এর সাথে আলাদা আলাপ করতে পারবেন যা চ্যাটিং হিস্ট্রিতে সংরক্ষিত হবে না।
জেমিনাইতে নতুন অস্থায়ী চ্যাটিং ফিচার আনছে গুগল, এটি মূলত ব্রাউজারের ইনকগনিটো মোডের মত কাজ করবে। পাশাপাশি সম্পূর্ণ বিপরীতধর্মী আরেকটি সেটিং আসছে, এখানে জেমিনাই ব্যবহারকারীর আলাপ থেকে শিখে ভবিষ্যৎ কথোপকথনে পছন্দ ও অভ্যাস মনে রাখবে।
অস্থায়ী চ্যাটিং ফিচারটিতে ব্যবহারকারী একবারের জন্য এআই-এর সঙ্গে আলাদা চ্যাটিং করতে পারবেন যা চ্যাটিং হিস্ট্রিতে সংরক্ষিত হবে না, ভবিষ্যতের আলাপকে প্রভাবিত করবে না বা মডেল ট্রেইনিংয়ে ব্যবহার করা হবে না।
অস্থায়ী এ আলাপ সর্বোচ্চ ৭২ ঘন্টা পর্যন্ত সংরক্ষিত থাকবে ফলে ব্যবহারকারী চাইলে পরে আবার সেটি দেখতে বা ফিডব্যাক দিতে পারবেন। ফিচারটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য চালু হবে এবং কয়েক সপ্তাহের মধ্যে সবার কাছে পৌঁছে যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
এদিকে ব্যবহারকারী একবার কোনো শখের কথা উল্লেখ করলে পরে কোনো পার্টি থিমের আইডিয়া চাইলে সেই শখের কথা মনে করিয়ে দেওয়ার মত কাজ করবে জেমিনাই।
এর আগে গুগল জেমিনাই অ্যাডভান্সড-এ ‘পাস্ট চ্যাটস’ ফিচার এনেছিল। অন্যান্য এআই চ্যাটবট যেমন চ্যাটজিপিটি ও ক্লড-এও এমন মেমরি অপশন রয়েছে।
গুগলের জেমিনাইয়ে নতুন মেমরি ফিচার চালু হলে সেটি ডিফল্টভাবে চালু থাকবে। তাই কেও যদি এটি ব্যবহার করতে না চান তাহলে ফিচারটি আসার সঙ্গে সঙ্গে প্রাইভেসি সেটিং বদলে নেওয়া ভালো।
জেমিনাই অ্যাপে মেমরি ফিচার বন্ধ করার জন্য প্রথমে ‘সেটিংস’ এরপর ‘পার্সোনাল কনটেক্সট’ এ গিয়ে ‘ইওর পাস্ট চ্যাটস উইথ জেমিনাই’ অপশনে বন্ধ করতে হবে।
এ ছাড়া, গুগল তাদের ডেটা-রিটেনশন টগল-এর নাম পরিবর্তন করছে। আগে যেটি ‘জেমিনাই অ্যাপস অ্যাক্টিভিটি’ নামে পরিচিত ছিল, এখন তার নাম হবে ‘কিপ অ্যাক্টিভিটি’। নাম বদলালেও আগের সেটিং অপরিবর্তিত থাকবে, তাই এটি নতুন করে পরিবর্তনের দরকার নেই।
পার্সোনালাইজড কনভারসেশন প্রথমে জেমিনাই ২.৫ প্রো-তে নির্দিষ্ট কিছু দেশে চালু হবে। কয়েক সপ্তাহের মধ্যে এটি জেমিনাই ২.৫ ফ্ল্যাশ এবং আরও অনেক দেশে চালু হবে।
