Published : 19 Aug 2026, 05:10 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিরাপত্তা নিয়ে বিতর্কের মুখেই ১৩ থেকে ১৭ বছর বয়সি টিনএজারদের জন্য কড়া নিরাপত্তা ও অভিভাবকদের নিয়ন্ত্রণ রেখে চ্যাটিজিপিটি সংস্করণ চালু করেছে ওপেনএআই।
বিশ্বজুড়ে চ্যাটবটের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ ও একাধিক আইনি জটিলতার মধ্যে ‘চ্যাটজিপিটি ফর টিনস’ নামে টিনএজারদের পড়াশোনায় সহায়তা ও মানসিক সুরক্ষায় নতুন এ সংস্করণ চালু করল মার্কিন এআই কোম্পানিটি।
এআই ব্যবহারে শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধা রাখাই এ নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য।
সম্ভাব্য রেকর্ড তৈরিকারী আইপিও প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়া ৮৫ হাজার ২০০ কোটি ডলারের কোম্পানিটি সম্প্রতি শিশুদের মানসিক ক্ষতির অভিযোগে একাধিক মামলার মুখে পড়ার পরই এমন পদক্ষেপ নিল।
ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, কোনো ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম বলে অনুমিত হলে বা ব্যবহারকারী নিজে তার বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে বলে চিহ্নিত করলে স্বয়ংক্রিয়ভাবেই ‘চ্যাটজিপিটি ফর টিনস’ সংস্করণটি চালু হয়ে যাবে।
প্ল্যাটফর্মটিতে এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো, টিনএজারদের মধ্যে বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা বাড়ানো ও বাস্তব জীবনের সহায়তা পেতে উৎসাহিত করার মতো বিভিন্ন নিরাপত্তা ফিচার রয়েছে।
বর্তমান সময়ে বিভিন্ন এআই চ্যাটবট দিন দিন মানুষের মতো বাস্তবমুখী হয়ে ওঠায় বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারীই নিজেদের আবেগীয় সমর্থনের মাধ্যম হিসেবে এআইকে গ্রহণ করতে শুরু করেছে, যা টিনএজারদের মনস্তাত্ত্বিক নিরাপত্তায় নতুন ঝুঁকি তৈরি করছে।
মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শের জন্য এআইয়ের ওপর নির্ভর করা বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
চ্যাটবটের সঙ্গে ক্ষতিকর মিথস্ক্রিয়ার কারণে স্বজন হারানো কয়েকটি পরিবারও এআই প্ল্যাটফর্মগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না থাকার কঠোর সমালোচনা করেছে।
ওপেনএআই বলেছে, “আমরা বিশ্বাস করি, এআই শিক্ষার সুযোগকে আরও প্রসারিত করতে পারে। শ্রেণীকক্ষের বাইরে যখন সরাসরি সাহায্য পাওয়ার সুযোগ থাকে না সেসব সময়কে কাজে লাগাতেই চ্যাটজিপিটি ফর টিনস ডিজাইন করা হয়েছে, যা টিনএজারদের সক্রিয় ও সহযোগিতামূলক শেখার প্রক্রিয়ায় যোগ রাখবে।”
কোম্পানিটির দাবি, নতুন এ সংস্করণে নানা শিক্ষামূলক ফিচার থাকছে। যার মধ্যে রয়েছে শেখার জন্য ‘স্টাডি মোড’, অ্যাসাইনমেন্ট এড়িয়ে যাওয়ার প্রবণতা ঠেকাতে বিশেষ রিমাইন্ডার, কুইজ, ভিজুয়াল লার্নিং টুলস ও নির্দিষ্ট সময়ে পড়াশোনা নিশ্চিত করতে ‘স্টাডি আওয়ার্স’ নির্ধারণের সুবিধা।
মা-বাবার জন্য জোরদার নিয়ন্ত্রণ ব্যবস্থা যোগের কথা বলেছে ওপেনএআই।
অভিভাবকরা তাদের কিশোর সন্তানের অ্যাকাউন্ট লিংক করার পাশাপাশি নির্দিষ্ট ‘কোয়াইট আওয়ার্স’ নির্ধারণ, নানা সেটিং পরিচালনা ও বিশেষ কোনো ঝুঁকির পরিস্থিতিতে সতর্কবার্তা বা নোটিফিকেশন পাবেন।
খাওয়ার ব্যাধি বা ‘ইটিং ডিসঅর্ডার’ বা এ ধরনের স্পর্শকাতর বিষয়ে নতুন সতর্কবার্তার সুবিধাও রাখা হয়েছে চ্যাটজিপিটির এই টিন সংস্করণে।