অগাস্টে স্যামসাংয়ের নতুন ইভেন্টে আসছে ‘গ্যালাক্সি এস২৬ এফই’
ফ্ল্যাগশিপ ফোন উন্মোচনের মূল আয়োজনের কিছুদিন পর ‘এফই’ সংস্করণগুলোর জন্য আলাদা ইভেন্টের আয়োজন করে স্যামসাং।
‘গ্যালাক্সি এস২৬’ সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। অগাস্টে আরও একটি গ্যালাক্সি ইভেন্টের ঘোষণা দিয়েছে কোম্পানিটি, সেখানেই এই উন্মোচন ঘটবে।
আনুষ্ঠানিকভাবে মডেলের নাম প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে ফোনটি হবে বহুল প্রতীক্ষিত ‘স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই’।
সাধারণত ফ্ল্যাগশিপ ফোন উন্মোচনের মূল আয়োজনের কিছুদিন পর ‘এফই’ সংস্করণগুলোর জন্য আলাদা ইভেন্টের আয়োজন করে স্যামসাং।
ফ্ল্যাগশিপ ফোনের অভিজ্ঞতা তুলনামূলক সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে পৌঁছে দিতেই এ ‘ফ্যান এডিশন’ বা এফই সিরিজ আনে স্যামসাং, যা মধ্যম বাজেটের ফোনের চেয়ে উন্নতমানের হয়।
আনুষ্ঠানিক ঘোষণায় স্যামসাং বলেছে, ২৭ অগাস্ট উন্মোচিত হতে যাওয়া ‘এস২৬’ সিরিজের ফোনটিতে মূল সিরিজের প্রধান ফিচারগুলোর ওপর জোর দিয়েছে তারা।
নতুন ফোনে আকর্ষণীয় ক্যামেরা সেটআপ, আধুনিক এআই প্রযুক্তি ও সবশেষ আপডেট করা ‘ওয়ান ইউআই’-এর সেরা অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।
বাজারে আসার আগেই ফাঁস হওয়া বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, নতুন ‘গ্যালাক্সি এস২৬ এফই’ ফোনে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
প্রসেসর হিসেবে এতে স্যামসাংয়ের নিজস্ব ‘এক্সিনোস ২৫০০’ চিপসেট থাকতে পারে। ছবির জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ও ৮ মেগাপিক্সেলের টেলিফটো সিস্টেম থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৭ অগাস্ট কোরিয়ার স্থানীয় সময় রাত ৯টায় গ্যালাক্সি এস২৬ সিরিজের নতুন ফোনটির উন্মোচনী অনুষ্ঠানটি স্যামসাং নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে।
