১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যাপল ছাড়তে পারেন টিম কুক, কে হচ্ছেন উত্তরসূরি?

অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাসকে কুকের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।

অ্যাপল ছাড়তে পারেন টিম কুক, কে হচ্ছেন উত্তরসূরি?
১৪ বছরের বেশি সময় ধরে কুক অ্যাপলের নেতৃত্ব দিয়ে আসছেন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 10:56 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

আগামী বছরের শুরুতেই অ্যাপলের প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়াতে পারেন টিম কুক। তাকে বিদায় জানাতে জোরদার প্রস্তুতি নিচ্ছে কুপার্টিনো ভিত্তিক টেক জায়ান্টটি।

অর্থ ও বাণিজ্যবিষয়ক ব্রিটিশ দৈনিক ফাইনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে লিখেছে, অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাসকে কুকের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। 

বিষয়টির সঙ্গে জড়িত একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কোম্পানির বোর্ড ও শীর্ষ নির্বাহীরা নেতৃত্ব পরিবর্তনের প্রস্তুতি আরও জোরালোভাবে নিচ্ছেন।

পত্রিকাটি আরও লিখেছে, অ্যাপল সম্ভবত জানুয়ারির শেষের দিকে পরবর্তী আয়ের রিপোর্ট প্রকাশের আগে নতুন সিইওর নাম ঘোষণা করবে না। ওই রিপোর্টে কোম্পানিটির ছুটির মৌসুমে বিক্রির গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তবে অ্যাপল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, টিম কুক ২০১১ সালে সিলিকন ভ্যালির কিংবদন্তি স্টিভ জবসের জায়গায় অ্যাপলের সিইও হন। কোম্পানিটির প্রতিষ্ঠাতা জবস গাড়ির গ্যারাজ থেকে অ্যাপলের যাত্রা শুরুর পর দীর্ঘ নেতৃত্বের ইতি টেনে সরে দাঁড়ান, তারপর সেই দায়িত্ব নেন কুক। ১৪ বছরের বেশি সময় ধরে কুক অ্যাপলকে বৈশ্বিক প্রযুক্তি শিল্পের শীর্ষ সারিতে ধরে রেখেছেন।