১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটে এলো ‘এজেন্ট মোড’

এটি ওপেনএআইয়ের সর্বশেষ ‘রিজনিং’ মডেল এবং এক্সেলের বিশেষ ফিচারের ওপর ভিত্তি করে তৈরি। ফলে জটিল ডেটা মডেলিং সবার জন্য আরও সহজ হবে।

মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটে এলো ‘এজেন্ট মোড’
ওয়ার্ড ও এক্সেল ব্যবহার এখন আরও সহজ হচ্ছে। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

মাইক্রোসফট তাদের জনপ্রিয় প্রোডাক্টিভিটি টুল ‘মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট’-এ নতুন ‘এজেন্ট মোড’ ফিচার যুক্ত করছে। কোম্পানিটির দাবি, এই ফিচারগুলো ডকুমেন্ট তৈরির পদ্ধতিকে বদলে দেবে; ঠিক যেমন লাইভ কোডিং সফটওয়্যার ডেভেলপমেন্টে বিপ্লব এনেছিল।

এরইমধ্যে মাইক্রোসফট এক্সেলে ‘কোপাইলট’ ইন্টিগ্রেশন রয়েছে যা ব্যবহারকারীদের ফর্মুলা তৈরি করতে, ডেটা বুঝতে ও বিশ্লেষণ করতে সহায়তা করে। 

এবার যুক্ত হলো এজেন্ট মোড যা তৈরি হয়েছে ওপেনএআইয়ের সর্বশেষ ‘রিজনিং’ মডেল এবং এক্সেলের বিশেষ ফিচারের ওপর ভিত্তি করে। এর ফলে জটিল ডেটা মডেলিং সবার জন্য আরও সহজ হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট নিওউইন।

গিটহাব কোপাইলটের এজেন্ট মোডের মতোই এক্সেলে এই ফিচার আউটপুট তৈরি করতে পারে, ফলাফল যাচাই করতে পারে, সমস্যার সমাধান করতে পারে এবং কাঙ্ক্ষিত ফল না পাওয়া পর্যন্ত পুনরাবৃত্তি করতে পারে। 

এর ভেতরে নেটিভ এক্সেল ফিচারও রয়েছে, যেমন নতুন শিট বানানো বা ডেটা ভিজুয়ালাইজেশন তৈরি করা।

শুধু এক্সেল নয়, ওয়ার্ডেও এজেন্ট মোড চালু হচ্ছে। এখানে ব্যবহারকারীরা প্রম্পট দিলে কোপাইলট খসড়া তৈরি করবে, কনটেন্টে পরিবর্তনের পরামর্শ দেবে এবং প্রয়োজনে ব্যবহারকারীর কাছে প্রশ্নও করবে যেন ডকুমেন্টটি আরও নিখুঁত হয়।

সবশেষে, কোপাইলট চ্যাট অভিজ্ঞতায় যুক্ত হচ্ছে অফিস এজেন্ট। এটি চলবে অ্যানথ্রপিক-এর মডেল ব্যবহার করে যা সরাসরি চ্যাটিং থেকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ও ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে পারে।

ওয়ার্ডে এজেন্ট মোড মঙ্গলবার থেকেই পাওয়া যাবে ফ্রন্টিয়ার প্রোগ্রামের আওতায়, তবে প্রথমে শুধু ওয়েবে পাওয়া যাবে। এই সুবিধা পাবেন মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট লাইসেন্সধারীরা এবং মাইক্রোসফট ৩৬৫ পার্সোনাল বা ফ্যামিলি সাবস্ক্রাইবাররা।

এক্সেলে এজেন্ট মোড একই দিন থেকেই চালু হয়েছে ফ্রন্টিয়ার প্রোগ্রামে। প্রথমে এটি থাকবে শুধু ওয়েবে, এক্সেল ল্যাবস প্লাগইন হিসেবে।

‘অফিস এজেন্ট ওয়েব’ এরইমধ্যে ফ্রন্টিয়ার প্রোগ্রামে ব্যবহারের জন্য উন্মুক্ত হয়েছে। তবে আপাতত কেবল যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট ৩৬৫ পার্সোনাল বা ফ্যামিলি সাবস্ক্রাইবারা এই সুযোগ পাচ্ছেন।