১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউরোপে আসছে না অ্যাপলের ‘লাইভ ট্রান্সলেশন’ ফিচার

কোনো আনুষ্ঠানিক কারণ না জানালেও ধারণা করা হচ্ছে, ইইউ-এর কড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও প্রাইভেসি আইন এর পেছনে ভূমিকা রেখেছে।

ইউরোপে আসছে না অ্যাপলের ‘লাইভ ট্রান্সলেশন’ ফিচার
এই সীমাবদ্ধতা কেবল ইউরোপীয় অ্যাপল অ্যাকাউন্টধারীদের জন্য। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 04:12 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

অ্যাপলের নতুন লাইভ ট্রান্সলেশন ফিচার আপাতত ইউরোপে চালু হচ্ছে না। এয়ারপডস ব্যবহার করে সরাসরি অনুবাদ করার সুবিধাটি আইওএসের নতুন আপডেটে যুক্ত হলেও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্যবহারকারীরা এখনই এটি পাচ্ছেন না। 

অ্যাপলের ওয়েবসাইটে বলা হয়েছে, “যদি আপনি ইইউ অঞ্চলে থাকেন এবং আপনার অ্যাপল অ্যাকাউন্টের দেশ বা অঞ্চলও ইইউ হয়ে থাকে তবে এয়ারপডসে লাইভ ট্রান্সলেশন ব্যবহার করা যাবে না।” 

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, কোম্পানিটি কোনো আনুষ্ঠানিক কারণ না জানালেও ধারণা করা হচ্ছে ইইউ-এর কড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও প্রাইভেসি আইন এর পেছনে ভূমিকা রেখেছে। 

ইইউ-এর নতুন এআই আইন বিশেষত সেইসব প্রযুক্তির ওপর কঠোর যেগুলো বৈষম্য সৃষ্টি করতে পারে বা ব্যবহারকারীর প্রাইভেসি লঙ্ঘন করতে পারে। ফলে অ্যাপল হয়তো ইউরোপে ফিচারটি চালুর আগে অনুমোদনের অপেক্ষায় আছে।

অ্যাপলের বক্তব্য অনুযায়ী, এই সীমাবদ্ধতা কেবল ইউরোপীয় অ্যাপল অ্যাকাউন্টধারী ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। অর্থাৎ উত্তর আমেরিকা বা অন্য অঞ্চল থেকে ইউরোপে ভ্রমণকারী ব্যবহারকারীরা এয়ারপডসে লাইভ ট্রান্সলেশন চালু রাখতে পারবেন।

লাইভ ট্রান্সলেশন ফিচারটি ব্যবহারকারীদের ভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে সহজে যোগাযোগ করতে সাহায্য করে। যদি দুইজনের কাছেই এয়ারপডস থাকে তবে সরাসরি কানে অনুবাদ শোনা যাবে। আর অপর পক্ষের কাছে এয়ারপডস না থাকলে অনুবাদ ফোনের পর্দায় টেক্সট আকারে বা অডিও আকারে পাওয়া যাবে। 

অ্যাপল ফিচারটি প্রথমে উন্মুক্ত করে এ বছরের ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে আর পরবর্তীতে ‘অ ড্রপিং’ ইভেন্টে এয়ারপডস প্রো ৩-এর অন্যতম ফিচার হিসেবে ঘোষণা দেয়। 

১৫ সেপ্টেম্বর আইওএস ২৬ রিলিজ হলে এটি পাওয়া যাবে আইফোন ১৫ ও পরবর্তী ডিভাইসে, এয়ারপডস প্রো ৩, এয়ারপডস প্রো ২ এবং এয়ারপডস ৪-এ।

শুরুতে লাইভ ট্রান্সলেশন কেবল ইংরেজি, ফরাসি, জার্মান, ব্রাজিলিয়ান, পর্তুগীজ ও স্প্যানিশ ভাষার মধ্যে রিয়েল টাইম অনুবাদ করবে। তবে চলতি বছরের মধ্যে ইতালিয়ান, জাপানি, কোরিয়ান ও সহজ চাইনিজ ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।