Published : 31 Aug 2026, 06:16 PM
মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের সাম্প্রতিক আপডেটের পর গ্রাহকদের কাছে অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে যাওয়ার ভুল বার্তা বা অ্যালার্ট যাচ্ছে।
এ নিয়ে বিভ্রান্ত না হতে ও ভুল নোটিফিকেশনটি উপেক্ষা করতে এ সপ্তাহে গ্রাহকদের পরামর্শ দিয়েছে এর নির্মাতা কোম্পানি মাইক্রোসফট।
উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের ‘রিলিজ প্রিভিউ চ্যানেল’-এর ব্যবহারকারীরা জুন মাস থেকেই এ সমস্যার মুখে পড়ছিলেন। তবে বিষয়টি এতদিন এ প্রযুক্তি জায়ান্টের নজরে আসেনি।
এর প্রভাব পড়া কম্পিউটার বা সিস্টেমে উইন্ডোজ সিকিউরিটি অ্যাপের মাধ্যমে ভুল বার্তা পাঠানো হচ্ছে, যেখানে ব্যবহারকারীদের ‘ট্যাপ অর ক্লিক টু টার্ন অন মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস’ চালু করতে ট্যাপ বা ক্লিক করুন এমন লেখা নোটিফিকেশন দেখানো হচ্ছে।
উইন্ডোজের সব সচল সংস্করণ (ক্লায়েন্ট ও সার্ভার) এ সমস্যায় পড়েছে। উইন্ডোজের সাম্প্রতিকতম সংস্করণ ‘উইন্ডোজ ১১ ২৬এইচ১’ ও ‘উইন্ডোজ সার্ভার ২০২৫’-এও এ বিভ্রান্তিকর বার্তা দেখা যাচ্ছে।
শুক্রবার নিজেদের ‘রিলিজ হেলথ ড্যাশবোর্ড’-এর এক আপডেটে মাইক্রোসফট বলেছে, “মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের সাম্প্রতিকতম বিভিন্ন আপডেট ইনস্টলের পর ‘মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস বন্ধ আছে’ এমন নোটিফিকেশন দেখা যেতে পারে। তবে অ্যান্টিভাইরাসটি সম্পূর্ণ সঠিকভাবে কাজ করছে ও সব সেটিং সক্রিয় দেখাচ্ছে।
“উইন্ডোজ চালুর সময় ও পরবর্তীতে মাঝেমধ্যেই এ ধরনের নোটিফিকেশন ভেসে উঠতে পারে। নোটিফিকেশন সেটিং বন্ধ রাখা হলেও এগুলো দেখানো হতে পারে।”
মাইক্রোসফট বলেছে, সমস্যাটি সমাধানের জন্য কাজ করা হচ্ছে ও আগামীতে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের নতুন আপডেটের মাধ্যমে এর প্রভাব পড়া গ্রাহকদের জন্য সমাধানটি প্রকাশ পাবে।
উইন্ডোজ আপডেট ইনস্টলের পর সিস্টেমে দেখানো ভুল অ্যালার্ট ও ত্রুটির বার্তা উপেক্ষা করতে মাইক্রোসফটের এমন পরামর্শ এবারই প্রথম নয়।
এর আগে, ২০২৫ সালের এপ্রিলে ‘উইন্ডোজ রিকভারি এনভায়রনমেন্ট’ আপডেট ইনস্টলের পর ভুল ‘0x80070643’ এরর মেসেজ দেখানোর একটি ত্রুটি শনাক্ত ও সমাধান করেছিল মার্কিন সফটওয়্যার জায়ান্টটি।
পাশাপাশি উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ ডিভাইসে বিটলকার ড্রাইভ এনক্রিপশনের ভুল বার্তা দেখানোর সমস্যাটিও ওই সময় সমাধান করেছে এ নির্মাতা।
২০২৫ সালের জুলাই মাসেও ‘জুন ২০২৫-এর প্রিভিউ’ আপডেট ইনস্টল ও কম্পিউটার রিবুটের পর উইন্ডোজ ফায়ারওয়ালের কিছু ভুল অ্যালার্ট ভেসে উঠলে ব্যবহারকারীদের তা উপেক্ষা কারার অনুরোধ করেছিল কোম্পানিটি।
এর ঠিক এক মাস পর মাইক্রোসফট বলেছিল, ওই সময় জুলাই ২০২৫ প্রিভিউ আপডেট ও পরবর্তীতে উইন্ডোজ ১১ ২৪এইচ২ আপডেটের কারণে ‘সার্টিফিকেট সার্ভিসেস ক্লায়েন্ট’ সংক্রান্ত কিছু ত্রুটি বা এরর মেসেজ দেখানো হচ্ছিল।