১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

১০০ কোটি পিসিতে এখনও চলছে উইন্ডোজ ১০: ডেল

অনেক ব্যবহারকারী হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে উইন্ডোজ ১০-এ থেকে যাবে এমন পূর্বাভাস আগেই ছিল।

১০০ কোটি পিসিতে এখনও চলছে উইন্ডোজ ১০: ডেল
শুধু ডেল কোম্পানির নয়, এটি পুরো পিসি বাজারের হিসাব। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 10:34 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

মাইক্রোসফটের দশ বছর পুরোনো অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০  আনুষ্ঠানিকভাবে সাপোর্টের শেষ পর্যায়ে পৌঁছালেও এটি এখনও ব্যাপকভাবে ব্যবহৃত। প্রযুক্তি কোম্পানি ডেল চলতি সপ্তাহে এক ঘোষণায় বলেছে, প্রায় ৫০ কোটি পিসি উইন্ডোজ ১১ চালানোর যোগ্য হলেও ব্যবহারকারীরা এখনো আগের সংস্করণেই রয়েছেন।

ডেলের সিওও জেফ্রি ক্লার্ক তাদের তৃতীয় প্রান্তিকের আয় সংক্রান্ত আলোচনা সভায় বলেন, “উইন্ডোজ ১১ চালাতে সক্ষম এমন প্রায় ৫০ কোটি ডিভাইস এখনো আপগ্রেড করা হয়নি।

“শুধু ডেল কোম্পানির নয়, এটি পুরো পিসি বাজারের হিসাব। আরও ৫০ কোটি ডিভাইস আছে যেগুলোর বয়স চার বছর বা তার বেশি এবং এগুলো উইন্ডোজ ১১ চালাতে সক্ষম নয়।” 

তার মতে, এই পরিস্থিতি নতুন উইন্ডোজ ১১ ডিভাইস এবং এআই পিসি বিক্রির জন্য সুযোগ তৈরি করলেও আগামী বছরের পিসি বাজার মোটামুটি স্থিতিশীল থাকবে।

প্রযুক্তি সাইট ভার্জ লিখেছে, অনেক ব্যবহারকারী হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে উইন্ডোজ ১০-এ থেকে যাবে এমন পূর্বাভাস আগেই ছিল। তবে ডেলের এই নতুন বিশ্লেষণে উইন্ডোজ ১০ যে ব্যক্তিগত ও বাণিজ্যিক দুই উভয় ক্ষেত্রেই এতটা শক্তভাবে টিকে থাকবে তা ধারণার চেয়ে অনেক বেশি স্পষ্ট হলো।

উইন্ডোজ প্রধান পবন দাভুলুরি কিছুদিন আগেই দাবি করেছিলেন, “প্রায় একশ কোটি মানুষ উইন্ডোজ ১১-এর ওপর নির্ভরশীল।” তবে এখানে ‘নির্ভরশীল’ শব্দ বলতে কী বোঝানো হয়েছে তা স্পষ্ট করেনি মাইক্রোসফট, যারা আগে সাধারণত মাসিক সক্রিয় ডিভাইসের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করত। ওই দাবির মাত্র এক সপ্তাহ পরই ডেলের এ তথ্য প্রকাশিত হল।