চালক ছাঁটাই: ইউরোপে উবারকে শত কোটি ডলার জরিমানা
মানুষের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে চালকদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়ার অভিযোগে কোম্পানিটিকে জরিমানা করা হল।
মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয় প্রযুক্তি দিয়ে চালকদের অ্যাকাউন্ট ব্লক করার দায়ে রাইড শেয়ারিং কোম্পানি উবারকে ১০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ইইউ-এর ‘জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন অ্যাক্ট’ বা জিডিপিআর লঙ্ঘনের অভিযোগে আবারও মোটা অংকের জরিমানার মুখে পড়ল উবার।
মানুষের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে চালকদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়ার অভিযোগে কোম্পানিটিকে ৮২ কোটি ৪৯ লাখ ইউরো বা প্রায় ৯৬ কোটি ৬০ লাখ ডলার জরিমানা করেছে ডাচ ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ ‘আউতোরিতেইত পেরসোনসগেগেভেনস’ এপি।
ডাচ নিয়ন্ত্রক সংস্থা বলছে, পুরোপুরি স্বয়ংক্রিয় সিদ্ধান্তের মাধ্যমে চালকদের আয়ের পথ বন্ধ করে উবার জিডিপিআর আইন লঙ্ঘন করেছে।
এ ঘটনার সূত্রপাত ঘটে ফ্রান্সের ১৭১ জন চালক স্থানীয় এক মানবাধিকার সংগঠনের কাছে অভিযোগ করার পর। ইউরোপে উবারের সদর দপ্তর নেদারল্যান্ডসে অবস্থিত হওয়ায় পরবর্তীতে মামলাটির তদন্ত ও পরিচালনার দায়িত্ব নিয়েছে ডাচ ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ এপি।
অভিযোগকারী চালকদের পরিস্থিতি তুলে ধরে এপি’র ভাইস চেয়ার মনিখ ভার্ডিয়ার বলেছেন, “মুহূর্তের মধ্যে উবারের মাধ্যমে তাদের আয় বন্ধ হয়ে যায়। কোনো কম্পিউটার নিজে থেকে এমন সিদ্ধান্ত নিতে পারে না, যা একজন মানুষের জীবনে এতটা বড় প্রভাব ফেলে।”
জিডিপিআর লঙ্ঘনের দায়ে এ নিয়ে চারবার ডাচ সংস্থা এপি’র জরিমানার মুখে পড়ল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা কোম্পানি উবার।
এর আগে, ২০১৮ সালে ৬ লাখ ইউরো ও ২০২৩ সালে ১ কোটি ইউরো জরিমানা করা হয়েছিল কোম্পানিটিকে।
এ ছাড়া, ইউরোপীয় চালকদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের দায়ে ২০২৪ সালে উবারকে ২৯ কোটি ইউরো জরিমানা গুণতে হয়েছিল, যা ছিল এ পর্যন্ত সর্বোচ্চ।
এবারের ৮২ কোটি ৪৯ লাখ ইউরো জরিমানাই প্রযুক্তি কোম্পানিটির ওপর আরোপিত সর্বোচ্চ শাস্তিমূলক পদক্ষেপ।
ডাচ ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ এপি বলেছে, কোনো কোম্পানির বৈশ্বিক বার্ষিক মোট আয়ের সর্বোচ্চ চার শতাংশ পর্যন্ত জরিমানা ধার্য করার যে বিধান রয়েছে সেই হিসেব অনুসারেই তারা এ অর্থের পরিমাণ নির্ধারণ করেছে।
মোটা অংকের এ শাস্তির বিরুদ্ধে এরইমধ্যে আপিল করেছে উবার। এ বিষয়ে এনগ্যাজেটের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি তারা।
