১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রডব্যান্ড এক্সপো: শেষ দিনে সম্ভাবনা আর যৌথ উদ্যোগের ডাক

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটিভিত্তিক ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। এক্সপেরিয়েন্স জোনে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।

ব্রডব্যান্ড এক্সপো: শেষ দিনে সম্ভাবনা আর যৌথ উদ্যোগের ডাক
বুধবার শেষ হয়েছে তিন দিনের এ আয়োজন। ছবি: আইএসপিএবি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 10:07 AM

Updated : 26 Aug 2026, 03:25 PM

তিন দিনব্যাপী প্রযুক্তি মেলা ‘ব্রডব্যান্ড এক্সপো-২০২৬’-এর পর্দা নামল। ইন্টারনেট সেবা, তথ্যপ্রযুক্তি উদ্ভাবন এবং ডিজিটাল সেবার বিস্তার নিয়ে আয়োজিত এই মেলায় প্রযুক্তিপ্রেমী দর্শনার্থীদের ছিল ব্যাপক উপস্থিতি। 

নানা উদ্ভাবনী প্রজেক্টের স্টল, প্রদর্শনী, আজীবন সদস্যদের সম্মাননা, ব্যান্ড সঙ্গীত ও মেজবান আয়োজনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে তিন দিনের এ আয়োজন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চায় এবং এ লক্ষ্যে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। আইএসপিএবি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আসুন, আমরা বসে কথা বলি। বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।’

মন্ত্রী আরও বলেনন, দেশের প্রতিটি জেলায় সরকারের এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আসো, আমরা তোমাদের কথা শুনতে চাই। কোথায় সম্ভাবনা আছে, তা খুঁজে বের করতে চাই। সমস্যা থাকলে চিহ্নিত করে সমাধান করা হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম শহরের ওভারহেড কেবল অপসারণে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, টেকসই বিকল্প সমাধান খুঁজে পেতে সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করতে হবে।

আরেক বিশেষ অতিথি আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন বলেন, সরকার তিনটি গুরুত্বপূর্ণ খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এগুলো হলো কানেক্টিভিটি, ওয়ান সিটিজেন ওয়ান ডিজিটাল আইডেন্টিটি ও ডিজিটাল ওয়ালেট এবং এআই এনাবলড বাংলাদেশ বিনির্মাণ।

অনুষ্ঠানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর সভাপতি আমিনুল হাকিম দুটি দাবি তুলে ধরেন। তিনি বিভাগীয় আইএসপি লেয়ার অটুট রাখার পাশাপাশি আইএসপিকে ‘আইটি এনাবলড সার্ভিস’ হিসেবে ঘোষণার আহ্বান জানান। তিনি সেইসঙ্গে যোগ করেন, উদ্বোধনী অনুষ্ঠানে উত্থাপিত কিছু দাবি ইতিমধ্যে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-এর চেয়ারম্যান এমদাদ উল বারী, ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভুঞাঁ।

সোমবার শুরু হওয়া এই এক্সপোর আয়োজক ছিল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত মেলার প্রতিপাদ্য ছিল ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।

এক্সপেরিয়েন্স জোন

ব্রডব্যান্ড এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটিভিত্তিক ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। এক্সপেরিয়েন্স জোনে এসব দেখতে আসা দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।

এবারের এক্সপোর প্লাটিনাম স্পন্সর ছিল ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন্স লিমিটেড। ডায়মন্ড স্পন্সর হিসেবে ছিল আম্বার আইটি লিমিটেড, সি-ডাটা, ওএফএস কেবলস ও রেস অনলাইন লিমিটেড। এ ছাড়া গোল্ড স্পন্সর হিসেবে অংশ নেয় কেএস নেটওয়ার্ক, সার্কেল নেটওয়ার্ক, এডিএন টেলিকম, প্লেক্সাস ক্লাউড, একসেল টেকনোলজিস, ডট ইন্টারনেট, লিংক থ্রি কমিউনিকেশন্সসহ আরও কয়েকটি কোম্পানি।