২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইনস্টাগ্রামের ইন্টারফেইসে পরিবর্তন আনছে মেটা, গুরুত্ব রিলসে

নতুন ইন্টারফেইসে আগের মতো উপরে থাকবে স্টোরিজ তবে ডিএম বাটন চলে আসবে ন্যাভিগেশন বারের মাঝখানে। রিলস ট্যাব চলে আসবে দ্বিতীয় স্থানে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 02:33 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ইনস্টাগ্রাম আবারও বড় পরিবর্তন আনছে তাদের অ্যাপে। এবার ভারত ও দক্ষিণ কোরিয়ায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন ইন্টারফেইস যেখানে প্রথমেই দেখা যাবে রিলস পেইজ।

নতুন ডিজাইন নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিল ইনস্টাগ্রাম, যখন তারা প্রথমবারের মতো আইপ্যাড অ্যাপ চালু করে। নতুন ইন্টারফেইসে আগের মতো উপরে থাকবে স্টোরিজ তবে ডিএম বা ডাইরেক্ট মেসেজ বাটন চলে আসবে ন্যাভিগেশন বারের মাঝখানে। রিলস ট্যাব চলে আসবে দ্বিতীয় স্থানে। ব্যবহারকারীরা সহজেই সোয়াইপ করে ট্যাবগুলোর মধ্যে ঘুরে বেড়াতে পারবেন।

ফলোয়িং ট্যাবের অবস্থানও বদলানো হয়েছে। এখানে এখন থাকবে তিন ধরনের ফিড অপশন। ‘অল’ অপশনে পাওয়া যাবে ফলো করা অ্যাকাউন্টগুলোর সাজেস্টেড পোস্ট ও রিলস। ‘ফ্রেন্ডস’ অপশনে দেখা যাবে পারস্পরিক বন্ধুদের কনটেন্ট। আর ‘লেটেস্ট’ অপশনে একেবারে নতুন পোস্ট ও রিলস পাওয়া যাবে।

যদিও এই ফিচার এখন শুধু সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে তবে ইনস্টাগ্রাম বলছে, সফল পরীক্ষা শেষে ধীরে ধীরে এটি সারা বিশ্বে ব্যবহার করা হবে।

এরই মধ্যে গত সপ্তাহে মেটা ঘোষণা দিয়েছে, ইনস্টাগ্রামের মাসিক ব্যবহারকারী সংখ্যা তিনশ কোটির মাইলফলক স্পর্শ করেছে। 

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, এই বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান শর্ট ভিডিও কনটেন্ট বা রিলসের। 

মেটার তথ্য অনুযায়ী, প্রতিদিন তাদের প্ল্যাটফর্মগুলোতে রিলস সাড়ে চারশ কোটিরও বেশি বার রিশেয়ার হচ্ছে। আর সেই কারণেই ইনস্টাগ্রাম এখন অ্যাপের ইন্টারফেইসে রিলস ও ডিএমকে আরও গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।