১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জনপ্রিয়তা না পাওয়ায় ‘কমিউনিটিজ’ ফিচার বন্ধ করছে এক্স

মাস্ক টুইটার কিনে নেওয়ার এর নাম বদলে ‘এক্স’ রাখার আগেই প্লাটফর্মটিতে কমিউনিটিজ ফিচারটি চালু হয়েছিল।

জনপ্রিয়তা না পাওয়ায় ‘কমিউনিটিজ’ ফিচার বন্ধ করছে এক্স
কমিউনিটিজ ফিচারের বিকল্প হিসেবে নতুন ‘এক্সচ্যাট’ নামের অ্যাপ আনছে এক্স। ছবি: এক্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 09:38 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

কমিউনিটিজ ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। আশানুরূপ জনপ্রিয়তা না পাওয়া এবং স্প্যাম ও জালিয়াতি ঠেকাতেই এ পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি।

ফিচারটির বিকল্প হিসেবে ব্যবহারকারীদের জন্য ‘এক্সচ্যাট’ ও গ্রক এআইচালিত কাস্টম টাইমলাইন ব্যবহারের সুযোগ থাকছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

কমিউনিটিজ ফিচার বন্ধের কথা বলেছেন কোম্পানিটির প্রোডাক্ট হেড নিকিতা বিয়ার। মাস্ক টুইটার কিনে নেওয়ার এর নাম বদলে ‘এক্স’ রাখার আগেই প্লাটফর্মটিতে এ ফিচারটি চালু হয়েছিল।

এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর ভিত্তি করে পাবলিক গ্রুপ তৈরি করতে, তাতে যোগ দিতে ও মডারেট করতে পারতেন।

‘কমিউনিটিজ’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কেবল তাদের পছন্দের মানুষ বা বিষয়ের বিভিন্ন পোস্ট আলাদা ফিডে দেখতে পেতেন।

এক্স পোস্টে বিয়ার বলেছেন, “কমিউনিটিজ ফিচারের লক্ষ্য চমৎকার হলেও তা কেবল ০.৪ শতাংশেরও কম ব্যবহারকারী ব্যবহার করছেন। অথচ এক্সে হওয়া মোট স্প্যাম প্রতিবেদনে আর্থিক প্রতারণা ও ম্যালওয়্যারের ৮০ শতাংশই আসছে এখান থেকে।

“কোনো কোনো সপ্তাহে আমাদের টিমের অর্ধেক সময় ব্যয় হচ্ছে এ ফিচার সামলাতে। ফলে অ্যাপের বাকি বিভিন্ন অংশের ক্ষতি হচ্ছে।”

বিয়ার বলছেন, কিছু ব্যবহারকারী বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এসব গ্রুপ ব্যবহার করলেও ‘সবচেয়ে সক্রিয় গ্রুপগুলো কিক-এর মতো প্ল্যাটফর্মের প্রচার বা অর্থের বিনিময়ে ক্লিপ শেয়ারের মাধ্যম হিসেবে কমিউনিটিজ ব্যবহার করছিল’। ফলে, যে উদ্দেশ্যে এ ফিচারটি আনা হয়েছিল তা সেভাবে কাজে লাগছিল না।

কমিউনিটিজের বিকল্প হিসেবে নতুন ‘এক্সচ্যাট’ অ্যাপ আনছে এক্স। বর্তমানে এ অ্যাপের গ্রুপ চ্যাটে ৩৫০ জন পর্যন্ত যোগ হতে পারেন, তবে ভবিষ্যতে তা বাড়িয়ে ১ হাজার জন করার পরিকল্পনা রয়েছে।

আগামী ৩০ মে কমিউনিটিজ ফিচারটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এ সময়ের মধ্যে মডারেটররা চাইলে তাদের কমিউনিটিতে লিংক পিন করে রাখতে পারবেন, যাতে সদস্যরা ফিচারটি বন্ধ হওয়ার আগেই গ্রুপ চ্যাটিংয়ে যোগ হতে পারেন।

এর মাধ্যমে গ্রুপগুলো টিকে থাকতে পারলেও ‘লাইভ গ্রুপ চ্যাট’ ও কমিউনিটিজের আলাদা পোস্ট ফিড ব্যবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। গ্রুপ চ্যাট সাধারণত অনেক বেশি সক্রিয় থাকে ও এতে সার্বক্ষণিক নজর দিতে হয়, যা একটি আলাদা ফিড দেখার চেয়ে বেশ আলাদা।

এখন থেকে নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর পোস্টের টাইমলাইন পেতে ব্যবহারকারীদের এক্সের নতুন ‘কাস্টম টাইমলাইন’ ফিচারটি ব্যবহার করতে হবে।

এ ফিচারে গ্রক এআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে খাবার, শিল্পকলা বা ফটোগ্রাফির মতো বিভিন্ন বিষয়ের ওপর আলাদা ফিড তৈরি করে দেওয়া হবে।