১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক্স-এ কমলা হ্যারিসের ডিপফেইক ভিডিও শেয়ার করলেন মাস্ক

ওই ভিডিও ক্লিপে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ও তার সহকর্মী সিনেটর জেডি ভ্যান্সের ছবি সরিয়ে বাইডেনের ছবি যোগ করা হয়েছে।

এক্স-এ কমলা হ্যারিসের ডিপফেইক ভিডিও শেয়ার করলেন মাস্ক
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2024, 05:19 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের ডিপফেইক ভিডিও শেয়ার করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর মালিকের মাধ্যমে ডিপফেইক ছড়ানোয় এআই নিয়ে দুশ্চিন্তা ফের মাথাচাড়া দিয়েছে।

মাস্ক শুক্রবার রাতে শেয়ার করেছেন ভিডিওটি। আর, ডিজিটাল উপায়ে ম্যানিপুলেট করা এ ভিডিও’তে হ্যারিসের কণ্ঠকে এমনভাবে নকল করা হয়েছে, যা শুনলে আসলই মনে হবে।

ভিডিও’তে হ্যারিসের কণ্ঠ নকল করে মূল বিজ্ঞাপনে তার শব্দগুলো পাল্টে দেওয়া হয়েছে। এতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন বুদ্ধিমান। দেশ চালাতে আসলে কী করা উচিৎ, হ্যারিস সেটা নিজেই জানেন না! এ ছাড়া, অন্য বর্ণের নারী হওয়ার কারণেই তাকে বাছাই করা হয়েছে।

ওই ভিডিও ক্লিপে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ও তার সহকর্মী সিনেটর জেডি ভ্যান্সের ছবি সরিয়ে বাইডেনের ছবি যোগ করা হয়েছে।

“উই চুজ ফ্রিডম’ শিরোনামে হ্যারিসের প্রচারণা দল এর আসল বিজ্ঞাপনটি প্রকাশ করেছে বৃহস্পতিবার।

এক্স-এ এ ভিডিও’র যে সংস্করণটি পোস্ট হয়েছে, তাতে কোনো সতর্কবার্তা ছিল না। শুক্রবার সকালে এটি প্রথম আপলোড করেন ‘@MrReaganUSA’ নামের এক ব্যবহারকারী, যেখানে ভিডিও’টি একটি ‘প্যারোডি’ ছিল বলে উল্লেখ করেন তিনি। এর আট ঘণ্টা পর মাস্ক ভিডিও’টি রিপোস্ট করলেও এতে এমন কোনো সতর্কবার্তা উল্লেখ করেননি। বরং হাসির ‘ইমোজি’সহ লিখেছেন ‘এটা সত্যিই অসাধারণ’।

মাস্কের ওই পোস্টের ভিউ এখন পর্যন্ত প্রায় ১০ কোটি। তবে এটি এক্স-এর ‘নকল, ম্যানিপুলেট করা বা অপ্রাসঙ্গিক পোস্ট, যা মানুষকে বিভ্রান্ত করতে বা ক্ষতির কারণ হতে পারে’, শীর্ষক নীতি লঙ্ঘন করে বলে প্রতিবেদনে লিখেছে নিউ ইয়র্ক টাইমস।

কেউ কেউ দ্রুতই এ পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। “এটি এক্স-এর বিকৃত মিডিয়া ও পরিচয় বিভ্রান্তি সংশ্লিষ্ট নিয়মের লঙ্ঘন,” শনিবার সাইটে দেওয়া পোস্টে বলেন ডিজিটাল নিয়ন্ত্রণবিষয়ক বিশেষজ্ঞ অ্যালেক্স হাওয়ার্ড।

“আপনি কি নির্বাচনের বছরই এ নীতিমালায় পরিবর্তন আনছেন?”

সাম্প্রতিককালে ‘ডিপফেইক’ নিয়ে সতর্কবার্তা বাড়তে দেখা গেছে বিভিন্ন গণতন্ত্রপন্থী সংগঠনের মধ্যে। এসব কনটেন্ট ভোটারদের মতামতেও প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে লিখেছে নিউ ইয়র্ক টাইমস।

দুই সপ্তাহ আগে, নিজের এক পোস্টে ট্রাম্পের পক্ষে কথা বলেন মাস্ক, যার আগে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় আততায়ীর গুলি সাবেক মার্কিন প্রেসিডেন্টের কান ভেদ করে চলে যায়। মাস্কের দেওয়া ওই পোস্টের ভিউ প্রায় ২২ কোটি।

শনিবার বিকেলে মাস্ক নিজের অ্যাকাউন্টে এক্স-এর এক ব্যবহারকারীর পোস্ট শেয়ার করেন, যেখানে উল্লেখ ছিল, “য়োকনেস’ মানব সভ্যতার জন্য হুমকি।” পোস্টটি করার ছয় মিনিটের মাথায় এর ভিউ ছিল চার লাখ ৮১ হাজার।