২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

এবার অ্যাপলের ম্যাপেও বদলাল লেক অন্টারিওর নাম

প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বিষয়টিতে ব্যক্তিগতভাবে নজর রাখছেন, যাতে অ্যাপল তাদের ম্যাপে দ্রুত এই পরিবর্তন আনে।

এবার অ্যাপলের ম্যাপেও বদলাল লেক অন্টারিওর নাম
যুক্তরাষ্ট্রের বাইরের অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য ম্যাপ দুটি নামই একসঙ্গে দেখাবে। ছবি: অ্যাপল ম্যাপস (স্ক্রিনশট)

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 06:35 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর গুগলের পথ ধরে এবার অ্যাপল ম্যাপসও বদলালো ‘লেক অন্টারিও’র নাম।

কেবল যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীদের জন্য এ লেকের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রেখেছে আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, কানাডার ভেতরে হ্রদটির নাম ‘লেক অন্টারিও’ই থাকছে। তবে যুক্তরাষ্ট্রের বাইরের অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য ম্যাপে দুটি নামই একসঙ্গে দেখানো হবে।

কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও ইরানের সঙ্গে বাড়তে থাকা সংঘাত সামলানোর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বিষয়টিতে ব্যক্তিগতভাবে নজর রাখছেন, যাতে অ্যাপল তাদের ম্যাপে দ্রুত এই পরিবর্তন আনে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

সোমবার রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব ডাগ বারগাম বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘অ্যাপলের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন’।

যুক্তরাষ্ট্রের অ্যাপল ম্যাপস ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য এই নাম পরিবর্তনের প্রক্রিয়াটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি। তবে কার্যকর হওয়ার পথে রয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত অ্যাপল ম্যাপসের ডেস্কটপ সংস্করণে ‘লেক আমেরিকা’ দেখা গেলেও মোবাইল অ্যাপে দুটি নামই একসঙ্গে দেখানো হচ্ছে।

এর আগে, বছরের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পের আলাদা এক নির্বাহী আদেশের পর ‘গালফ অফ মেক্সিকো’র নাম বদলে ‘গালফ অফ আমেরিকা’ করেছিল গুগল ও অ্যাপল উভয় কোম্পানিই।

ট্রাম্পের সাম্প্রতিক এ খেয়ালখুশি অনুসারে মানচিত্র হালনাগাদ করতে দুই শীর্ষ নেভিগেশন অ্যাপ খুব একটা দেরি না করলেও সব কোম্পানি তাদের পথে হাঁটেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ‘লেক অন্টারিও’র নাম পরিবর্তন না করার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে ম্যাপকোয়েস্ট।

তাদের এ সিদ্বান্তের পর অ্যাপ স্টোরে নেভিগেশন ক্যাটেগরিতে শীর্ষ অ্যাপ হিসেবে উঠে এসেছে কোম্পানিটি।

আরও পড়ুন…

গুগলের ম্যাপে লেক অন্টারিওর নাম বদলে এখন 'লেক আমেরিকা'