Published : 07 Jul 2025, 08:43 PM
টেসলা সিইও ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণার পর পরই আঘাত লেগেছে টেসলার শেয়ার মূল্যে।
গত সপ্তাহের শেষেই মাস্ক তার ‘আমেরিকা পার্টি’র কথা ঘোষণা করেন। সাপ্তাহিক ছুটির পর নতুন সপ্তাহের শুরুতেই টেসলার শেয়ার মূল্য কমেছে সাত দশমিক ১৩ শতাংশ।
রাজনীতির মাঠে এই ধনকুবেরের অংশগ্রহণ কোম্পানিটিতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বছরের শুরুতে মাস্ক ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ এর অংশ ছিলেন এবং ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।
মাস্কের রাজনীতিতে আসার বিষয়টি অনেকের মতেই ব্র্যান্ড হিসাবে টেসলার জন্য নেতিবাচক হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
মাস্ক গত মে মাসে ‘ডিপার্টমেন্ট অফ গভর্মেন্ট এফিশিয়েন্সি’ ছেড়ে যান। ওই পদে থাকাকালীন টেসলার স্টক মূল্য বেড়েছিল।
বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এসব ধনকুবেরদের অংশগ্রহণ প্রযুক্তিতে যারা বিনিয়োগ করছেন, তাদের চিন্তায় ফেলছে।
ওয়েডবুশ সিকিউরিটিজের প্রযুক্তি গবেষণার বৈশ্বিক প্রধান ড্যান আইভস রোববার এক নোটে বলেন, “খুব সহজভাবে বলতে গেলে টেসলার এই গুরুত্বপূর্ণ সময়ে মাস্কের রাজনীতির আরও গভীরে ঢুকে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের ভালোমন্দের সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট বিষয়গুলোয় তার বুঁদ হওয়ার চেষ্টা এর বিনিয়োগকারীদের চাওয়ার পুরোপুরি উল্টো পথ।
“যদিও মাস্কের অন্ধ ভক্তরা যেকোনো পরিস্থিতিতেই তাকে হয়ত সমর্থন জানাবে তবে অনেক বিনিয়োগকারীই অনুমান করতে পারছেন মাস্ক রাজনীতির পথেই হাঁটছেন।”
মাস্কের আগের রাজনৈতিক আক্রমণগুলো ট্রাম্পের প্রশংসা পেলেও এখন তিনি মার্কিন প্রেসিডেন্টের ক্রোধের শিকারই হচ্ছেন।
মাস্ক ও ট্রাম্প নীতি-নির্ধারণের নানা বিষয় নিয়ে একাধিকবার মতবিরোধে জড়িয়েছেন। এর মধ্যে ট্রাম্পের ব্যয়বহুল বাজেট বিলও রয়েছে। মাস্ক বলছেন, এটি যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা আরও বাড়াবে।
মাস্ক বিশেষভাবে ট্যাক্স ক্রেডিট কমানো, সৌর, বায়ু শক্তি ও বৈদ্যুতিক গাড়ির সরকারি সহায়তা কমানোর বিষয়ে আপত্তি জানিয়েছেন।
রোববার ট্রাম্প মাস্কের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে “হাস্যকর” বলে প্রতিক্রিয়া জানান এবং বলেন, টেসলার বস “পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে” চলে গেছেন।
মাস্কের লড়াই কেবল রাজনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ নয়। টেসলার এই বছরের দ্বিতীয় প্রান্তিকে গাড়ি সরবরাহ গত বছরের তুলনায় ১৪ শতাংশ কমেছে, যা প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে চীনের বাজারে প্রতিযোগিতা বেড়েই চলছে যা কোম্পানিটির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।