Published : 02 Aug 2025, 11:34 AM
স্থানীয় রাজনৈতিক নেতাদের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরে নতুন ভূগর্ভস্থ পরিবহন প্রকল্প চালু করতে যাচ্ছে ইলন মাস্কের টানেল নির্মাণ প্রতিষ্ঠান দ্য বোরিং কোম্পানি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘মিউজিক সিটি লুপ’ নামে এই প্রকল্পের মাধ্যমে ন্যাশভিল শহরের কেন্দ্র থেকে বিমানবন্দর পর্যন্ত সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। লক্ষ্য—যাত্রীদের জন্য দ্রুত ও সহজ যাতায়াত নিশ্চিত করা।
২০১৭ সালে প্রতিষ্ঠিত দ্য বোরিং কোম্পানির বর্তমানে একমাত্র কার্যকর নেটওয়ার্ক রয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশভিলে নতুন এই টানেল প্রকল্পকে ‘গতি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোর আধুনিকায়নের দিকে সাহসী এক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে বোরিং।
প্রশাসন যদি এ প্রকল্পের অনুমতি দেয় তাহলে এ ব্যবস্থা হবে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত ও উচ্চ-গতির ভূগর্ভস্থ এক পরিবহন নেটওয়ার্ক, যা পুরোপুরি মাস্ক ও তার কোম্পানি বোরিংয়ের মালিকানায় থাকবে এবং তারা নিজেরাই প্রকল্পটি পরিচালরা করবেন।
তবে টেনেসির ডেমোক্র্যাটরা এ প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, ব্যক্তিগত মালিকানায় থাকা অবকাঠামোর চাইতে জনসাধারণের জন্য থাকা বা পাবলিক পরিবহন ব্যবস্থাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি আফটিন বেন। টেনেসির এক স্থানীয় সংবাদপত্রকে তিনি বলেন, “ইলন মাস্কের আগের প্রকল্পগুলোর দিকে তাকালেই বোঝা যায়, এটি কেবল পরিবহন সমস্যার সমাধান নয়; বরং জনসাধারণের অবকাঠামোকে বেসরকারি মালিকানায় নেওয়ার একটি কৌশল।”
তিনি আরও বলেন, “এটি গভর্নর লি'র সেই নীতিরই অংশ, যার মাধ্যমে ধাপে ধাপে সরকারি সুবিধা ও সম্পদ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া হচ্ছে।”
ডেমোক্র্যাট সিনেটর হেইডি ক্যাম্পবেল বলেছেন, “এ প্রকল্প জনপরিবহন ব্যবস্থা নয়, বরং ইলন মাস্কের নিজের সুবিধার জন্য তৈরি এক ব্যক্তিগত টানেল। মাস্ক বহুবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি।”
“টেনেসির জনগণের দরকার সঠিক ও কার্যকর অবকাঠামো, বিলিয়নেয়ারদের দেওয়া কোনো উপহার নয়।”
টেনেসির রিপাবলিকান গভর্নর বিল লি রাজ্যের মালিকানাধীন জমি বিনা ভাড়ায় মাস্ককে দিয়ে এ প্রকল্প শুরুর সুযোগ করে দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির ‘ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্ভিসেস’ বা সাধারণ পরিষেবা বিভাগের সভায় এ চুক্তিটি অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। অনুমোদন পেলে প্রকল্পের কাজ শুরু হবে।
গভর্নর লি বলেছেন, “টেনেসির সরকার বা মানুষ তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সৃজনশীল সমাধান খুঁজে বের করতে এগিয়ে চলেছে।
“বোরিং কোম্পানির মতো ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন কাজে লাগিয়ে আমরা এমন সুযোগ তৈরি করছি, যা অঙ্গরাজ্য নিজে করতে পারত না। এই অংশীদারিত্ব আগাম চিন্তা ও আর্থিক দৃষ্টিকোণ থেকে দায়বদ্ধ পদ্ধতি, যা টেনেসির ভবিষ্যত পরিবহন ব্যবস্থা গড়বে।”
বোরিং কোম্পানির আরও পরিকল্পিত প্রকল্পের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘দুবাই লুপ’ এবং মায়ামি নদীর নিচে দুই মাইল দীর্ঘ টানেল নির্মাণ।
তবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের এই কোম্পানির আগের ছয়টির বেশি প্রকল্প বাতিল বা অসম্পূর্ণ রয়েছে এবং বর্তমানে সেগুলোর কাজও স্থগিত রয়েছে।