Published : 27 Aug 2026, 05:12 PM
ইনস্টাগ্রামে শর্ট-ফর্ম ভিডিও সম্পাদনা আরও সহজ করতে নতুন ফিচার যোগ করছে প্লাটফর্মটির মূল কোম্পানি মেটা।
‘ফার্স্ট ড্রাফট’ নামের এ নতুন ফিচারের মাধ্যমে ভিডিও ক্লিপ থেকে অহেতুক নীরবতা বা বিভিন্ন বিরতি স্বয়ংক্রিয়ভাবে ছেঁটে ফেলা যাবে।
ফলে ভিডিও পরিচ্ছন্ন করার ঝক্কি কমিয়ে ব্যবহারকারীরা সৃজনশীল কাজে সময় বেশি দিতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
ইনস্টাগ্রাম বলেছে, ফিচারটি ব্যবহার করতে রিলস গ্যালারি থেকে ক্লিপ সিলেক্ট করে কেবল ‘ফার্স্ট ড্রাফট’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ভিডিও বিশ্লেষণ ও অপ্রয়োজনীয় অংশ ট্রিম করে টাইমলাইনে সাজিয়ে দেবে।
সেখান থেকে ব্যবহারকারীরা সরাসরি পোস্ট করতে পারবেন বা প্রয়োজনমতো আরও এডিটের সুযোগ পাবেন। ইনস্টাগ্রামে নতুন ফুটেজ শুট করার পরপরই এ ফিচার ব্যবহারের সুযোগ মিলবে।
রিল তৈরি সহজ করতে ২০২৫ সালের এপ্রিলে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত এডিটিং ফিচারসহ ‘এডিটস’ নামের স্বতন্ত্র একটি অ্যাপ চালু করেছিল মেটা।
তবে ‘ফার্স্ট ড্রাফট’-এর ঘোষণায় এআই প্রযুক্তির কোনো উল্লেখ নেই। প্রযুক্তি সংবাদের সাইট ভার্জ প্রতিবেদনে লিখেছে, ফিচারটিতে সরাসরি এআই ব্যবহার করা হয়নি।
মেটা কৌশলগতভাবে ফিচারটিকে এআইয়ের বদলে ‘মেশিন লার্নিং’ হিসেবে চিহ্নিত করায় এমনটা হয়ে থাকতে পারে। তবে ইনস্টাগ্রামের জন্য ফিচারটি ভালো সংযোজন।
সম্প্রতি মেটার চ্যাটবক্স থেকে শুরু করে প্রম্পটের মাধ্যমে স্টোরি এডিটের সুবিধা সব মিলিয়ে নানামুখী এআই পরীক্ষার কেন্দ্রে পরিণত হয়েছে এ ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।
এর কোনোটিই পোস্ট করার মূল অভিজ্ঞতার জন্য খুব একটা প্রয়োজনীয় মনে হয়নি। ঠিক এ জায়গাতেই ব্যতিক্রম হিসেবে নজরে এসেছে ‘ফার্স্ট ড্রাফট’-এর উপযোগিতা।
মেটা বলেছে, ফিচারটি আপাতত প্রথম দফায় কেবল আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হবে। অ্যান্ড্রয়েড সংস্করণে ফিচারটি কবে নাগাদ আসছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি কোম্পানিটি।