১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যাপলের আইফোনকেও ছাড়াল ট্রাম্প মোবাইলের দাম

বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি মেমোরি চিপ বা র‍্যামের আকাশচুম্বী দামের কারণে চরম সংকটের মুখে পড়েছে।

অ্যাপলের আইফোনকেও ছাড়াল ট্রাম্প মোবাইলের দাম
ট্রাম্প মোবাইল কর্তৃপক্ষ কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে নীরবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের দামের তালিকা আপডেট করেছে। ছবি: ট্রাম্প মোবাইল

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 06:00 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

অ্যাপলের সাশ্রয়ী সংস্করণের জনপ্রিয় আইফোন ১৭ই-এর চেয়েও বেশি দামি হয়ে উঠল ট্রাম্প মোবাইলের বহুল আলোচিত সোনালি রঙের ফোনটি।

বিশ্বজুড়ে মেমোরি চিপের তীব্র সংকট বা ‘র‍্যাম্যাগেডন’ পরিস্থিতির জেরে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই হঠাৎ করেই ফোনটির দাম ২৫০ ডলার বাড়িয়েছে ট্রাম্প মোবাইল কর্তৃপক্ষ।

বর্তমানে ট্রাম্প মোবাইলের ‘টি১’ নামের ফোনের দাম এক লাফে ২৫০ ডলার বাড়িয়ে ৭৪৯ ডলারে নির্ধারণ হয়েছে। এর আগে ফোনটির দাম ছিল ৪৯৯ ডলার।

দামবৃদ্ধির বিষয়টি প্রথম প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

তবে ট্রাম্প মোবাইল কর্তৃপক্ষ কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে নীরবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের দামের তালিকা আপডেট করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

দাম হঠাৎ কেন বাড়ানো হল সে বিষয়ে কিছু বলেনি ট্রাম্প মোবাইল। তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি মেমোরি চিপ বা র‍্যামের আকাশচুম্বী দামের কারণে চরম সংকটের মুখে পড়েছে।

এআইয়ের ব্যাপক প্রসারের ফলে ইলেকট্রনিক্স শিল্পে যে তীব্র মেমোরি চিপ সংকট বা ঘাটতি তৈরি হয়েছে তাকে সংশ্লিষ্টরা ‘র‍্যাম্যাগেডন’ বলছেন।

এ সংকট থেকে কোনো কোম্পানিই সুরক্ষিত নয়। এর বাস্তব প্রমাণ হচ্ছে, অ্যাপল তাদের পুরনো আইফোন মডেলগুলোর দাম ১০০ ডলার করে বাড়িয়েছে।

এর কেবল তিন মাস আগেই আইপ্যাডের দাম ২০০ ডলার, ম্যাকবুকের দাম ৫০০ ডলার ও শক্তিশালী ম্যাক স্টুডিও কম্পিউটারের দাম ১ হাজার ৩০০ ডলার পর্যন্ত বাড়িয়েছিল অ্যাপল।

ট্রাম্প মোবাইলের ‘টি১’ ফোনের দাম বাড়াতেই হতো। এর আগে, কোম্পানিটির শীর্ষ নির্বাহীরা বলেছিলেন, ৪৯৯ ডলার দামের ট্যাগ কেবল প্রারম্ভিক অফার ছিল এবং ভবিষ্যতে ক্রেতাদের এ ফোনের জন্য ৯৯৯ ডলার পর্যন্ত পরিশোধ করতে হতে পারে।

এদিকে, ডিভাইসটির উৎপাদন ও উৎস নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে।

প্রযুক্তি সাইট ‘আইফিক্সইট’-এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, ফোনটি ট্রাম্প মোবাইলের দাবি অনুসারে যুক্তরাষ্ট্রে তৈরি নয়, বরং এইচটিসি’র তৈরি হ্যান্ডসেটের সামান্য পরিবর্তিত সংস্করণ মাত্র।