১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইফোনের ‘কল স্ক্রিনিং’ ফিচার ব্যবহার করবেন যেভাবে

ফিচারটি চালু থাকলে অচেনা নাম্বার থেকে আসা কল নিজে থেকেই রিসিভ করে, পরিচয় জানাতে বলে, উত্তর রিয়েল-টাইম ট্রান্সক্রিপশন আকারে স্ক্রিনে দেখায়।

আইফোনের ‘কল স্ক্রিনিং’ ফিচার ব্যবহার করবেন যেভাবে
ফিচারটি ব্যবহারকারী কল ধরার আগেই অপরিচিত কলগুলো ফিল্টার করে দেয়। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

অজানা নাম্বার থেকে স্প্যাম বা প্রতারণামূলক কল যেন এখন ফোন ব্যবহারকারীদের নিত্যদিনের ঝামেলা। তাই অ্যাপল তাদের আইওএস ২৬ আপডেটে এই সমস্যা কমাতে এনেছে নতুন ফিচার ‘কল স্ক্রিনিং’। এটি ব্যবহারকারী কল ধরার আগেই নিজ থেকে অপরিচিত কলগুলো ফিল্টার করে দেয়।

এই ফিচার চালু থাকলে আইফোন অচেনা নাম্বার থেকে আসা কল নিজে থেকেই রিসিভ করে, কলারকে নিজের পরিচয় জানাতে বলে এবং তাদের উত্তর রিয়েল-টাইম ট্রান্সক্রিপশন আকারে স্ক্রিনে দেখায়। 

ব্যবহারকারী তখনই ঠিক করতে পারেন কলটি ধরবেন নাকি এড়িয়ে যাবেন। এভাবে স্প্যাম কল ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই থেমে যায়।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, কল স্ক্রিনিং ফিচারটি একদিক থেকে যেমন সুবিধাজনক, অন্যদিকে প্রাইভেসিও রক্ষা করে। এর কারণ সব প্রক্রিয়াই হয় ফোনের ভেতরেই, কোনো ডেটা ক্লাউডে যায় না। 

এটি অ্যাপলের আগের ‘সাইলেন্স আননোওন কলার্স’ ফিচারের একটি উন্নত ভার্সন যা এবার আরও আলাপধর্মী গেইটকিপার হিসেবে কাজ করে। অনেকটা ‘লাইভ ভয়েসমেইলের’ মত।

ডিভাইসে সফটওয়্যার আপডেট

কল স্ক্রিনিং ফিচারটি ব্যবহার করতে হলে ফোনে আইওএস ২৬ থাকতে হবে। এটি আইফোন ১১ এবং তার পরের মডেলগুলোতে পাওয়া যাবে।

প্রথমে দেখে নিন ফোনে সর্বশেষ সফটওয়্যার আছে কি না। এজন্য সেটিংস > জেনারেল > সফটওয়্যার আপডেটে যান। যদি দেখেন আইওএস ২৬ আপডেট পাওয়া যাচ্ছে তাহলে সেটি ডাউনলোড ও ইনস্টল করে নিন।

কল স্ক্রিনিং কেবল আইওএস ২৬-এর নতুন ফোন অ্যাপে কাজ করে। তাই আপডেট সম্পন্ন হওয়ার পরেই ফিচারটি চালু করতে পারবেন।

কল স্ক্রিনিং চালু করবেন যেভাবে

ফিচারটি চালু করতে প্রথমে ‘সেটিংস’ অ্যাপ খুলে নিচে স্ক্রল করে ‘অ্যাপস’ অপশনটি সিলেক্ট করুন। এরপর ফোন বেছে নিন এবং ‘স্ক্রিন আননোওন কলার্স’ নামে থাকা সেকশনটিতে প্রবেশ করুন।

এখানে তিনটি বিকল্প দেখতে পাবেন- নেভার, আস্ক রিজন ফর কলিং, এবং সাইলেন্স। ‘নেভার’ সিলেক্ট করলে সব কল স্বাভাবিকভাবে আসবে এমনকি অচেনা নাম্বারও। 

‘আস্ক রিজন ফর কলিং’ অপশনটি বেছে নিলে নতুন স্ক্রিনিং ফিচারটি সক্রিয় হবে। এতে অচেনা কলারকে নিজের পরিচয় জানাতে বলা হবে এবং তাদের উত্তর রিয়েল টাইমে টেক্সট আকারে স্ক্রিনে দেখা যাবে। অন্যদিকে, ‘সাইলেন্স’ অপশনটি সক্রিয় করলে অচেনা নাম্বার থেকে আসা কল সরাসরি ভয়েসমেইলে চলে যাবে, ফোন বেজে উঠবে না।

কল স্ক্রিনিং ব্যবহার করতে চাইলে ‘আস্ক রিজন ফর কলিং’ সিলেক্ট করুন। এরপর সেটিংস থেকে বেরিয়ে এলে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে। এখন থেকে অচেনা নাম্বার থেকে আসা যেকোনো কল প্রথমে এই স্ক্রিনিং সিস্টেমের মধ্য দিয়েই যাবে, ফলে সিদ্ধান্ত নিতে পারবেন কলটি গ্রহণ করবেন কি না।

ফিচারটি কীভাবে কাজ করে

কল স্ক্রিনিং চালু থাকলে কোনো অপরিচিত নাম্বার থেকে কল এলে ফোনটি আগে নিজে থেকেই রিসিভ করে এবং কলারকে বলে “নিজের নাম ও কল করার কারণ জানান।”

তাদের উত্তরটি রিয়েল টাইমে টেক্সটে রূপান্তরিত হয়ে স্ক্রিনে দেখা যাবে। ব্যবহারকারী সেই উত্তর পড়ে বুঝতে পারবেন কলটি গুরুত্বপূর্ণ কি না, তারপর সিদ্ধান্ত নিতে পারবেন কল ধরবেন নাকি উপেক্ষা করবেন।

যদি কলটি কনটাক্ট লিস্টের কোনো নাম্বার থেকে আসে বা সম্প্রতি সেই নাম্বারে কল করে থাকেন তাহলে কল স্ক্রিনিং সক্রিয় হবে না সেই কলগুলো স্বাভাবিকভাবে বাজবে।

ফিচারটি এসব পদক্ষেপের মাধ্যমে ফোনে একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর যোগ করে। এতে গুরুত্বপূর্ণ কলাররা সহজেই পৌঁছাতে পারে কিন্তু সন্দেহজনক বা অপ্রয়োজনীয় কলগুলো ফিল্টার হয়ে যায় সময় নষ্ট করার আগেই।