Published : 16 Feb 2026, 01:04 PM
অ্যান্ড্রয়েডপ্রেমীদের জন্য অবশেষে পিক্সেল ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বিটা সংস্করণ আনল গুগল। গত কয়েক দিনের অনিশ্চয়তা কাটিয়ে এখন থেকে এ নতুন অপারেটিং সিস্টেমের স্বাদ নিতে পারবেন পিক্সেল ব্যবহারকারীরা।
গুগল বলেছে, এ সংস্করণটি তারা বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপকে সব ধরনের ডিভাইসের উপযোগী করে তোলার জন্য তৈরি করেছেন। এতে ক্যামেরা ও মিডিয়া ফিচারের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি এনেছে কোম্পানিটি।
প্রযুক্তি সাইট জিএসএমঅ্যারিনা প্রতিবেদনে লিখেছে, অ্যান্ড্রয়েড ১৭-এ অন্যান্য ডিভাইস, যেমন স্মার্টওয়াচ বা ইয়ারবাডের সঙ্গে সংযোগের জন্য উন্নত প্রোফাইল ও কানেক্টিভিটি অপ্টিমাইজের জন্য নতুন টুলও যোগ করেছে গুগল।
‘ডেভেলপার প্রিভিউ’-এর বদলে এখন ‘অ্যান্ড্রয়েড ক্যানারি’ ব্যবস্থা চালু করেছে মার্কিন সার্চ জায়ান্টটি, যেটি গত বছরই প্রথম সামনে এসেছিল। এ ক্যানারি চ্যানেলের মূল তিনটি সুবিধা হচ্ছে–
● দ্রুত ব্যবহারের সুযোগ: কোনো নতুন ফিচার বা এপিআই অভ্যন্তরীণ পরীক্ষায় পাস করার সঙ্গে সঙ্গেই ক্যানারি চ্যানেলে চলে আসে। এজন্য পরবর্তী তিন মাসের আপডেটের অপেক্ষা করতে হয় না।
● উন্নত স্থায়িত্ব: ক্যানারি চ্যানেলে আগেভাগেই পরীক্ষা-নিরীক্ষা হয়ে যাওয়ায় মূল ‘বিটা’ সংস্করণটি অনেক বেশি গোছানো ও ত্রুটিমুক্ত। ফলে এর ফিচার ও বিভিন্ন পরিবর্তন প্রায় চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি থাকে।
● সহজ টেস্টিং: ক্যানারিতে এখন সরাসরি ওটিএ আপডেট পাওয়া যায়, অর্থাৎ আর কষ্ট করে ম্যানুয়ালি ফাইল ফ্ল্যাশ করতে হবে না। আলাদা চ্যানেল হওয়ায় স্বয়ংক্রিয় কাজের সঙ্গে সহজে মানিয়ে যায় এবং নতুন কোনো পরিবর্তন সম্পর্কে দ্রুত ফিডব্যাক দেওয়ার সুযোগ তৈরি করে।
অ্যান্ড্রয়েড ১৭ বিটা ১ প্রকাশের ঘোষণার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে গুগল। কোম্পানিটি বলেছে, খুব দ্রুত এ বিটা সংস্করণ থেকে ‘প্ল্যাটফর্ম স্ট্যাবিলিটি’ পর্যায়ে পৌঁছাতে চায় তারা, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আগামী মার্চ।
অ্যান্ড্রয়েড ১৭-এর ত্রৈমাসিক আপডেট পরিকল্পনা নিয়েও কথা বলেছে গুগল। সেই অনুসারে, পরবর্তী বড় আপডেটটি আসবে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে। এ সংস্করণেই মূলত অ্যাপের কার্যকারিতায় বড় ধরনের পরিবর্তন আসবে।
এ ছাড়া বছরের চতুর্থ প্রান্তিকে একটি ছোটখাটো ‘এসডিকে’ চালুর পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির।
পিক্সেল ব্যবহারকারীদের ডিভাইসটি যদি আগে থেকেই অ্যান্ড্রয়েড বিটা প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকে তবে সরাসরি ‘ওটিএ’ আপডেট হিসেবে অ্যান্ড্রয়েড ১৭ বিটা ১ পেয়ে যাবেন।
অন্যান্যদের কাছে যদি যোগ্য কোনো পিক্সেল ডিভাইস না থাকে তবে চিন্তার কিছু নেই। ‘অ্যান্ড্রয়েড স্টুডিও’তে থাকা ‘অ্যান্ড্রয়েড এমুলেটর’-এর মাধ্যমে ৬৪-বিট সিস্টেম ইমেজ ব্যবহার করে অ্যান্ড্রয়েড ১৭ বিটা ১ পরখ করে দেখতে পারবেন।