Published : 14 Jun 2026, 01:34 PM
মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কর্মী পুনর্গঠন প্রক্রিয়ায় ভুল হয়েছে বলে কর্মীদের কাছে স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
রয়টার্সের দেখা একটি অভ্যন্তরীণ বার্তায় জাকারবার্গ বলেছেন, কোম্পানিটির কর্মী কাঠামোকে কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক করে গড়ে তোলার পথে নানা পরিবর্তন আনতে গিয়ে কিছু ভুল হয়েছে এবং সামনে আরও ভুলের আশঙ্কাও রয়েছে।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রমকে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন জাকারবার্গ। চলতি বছরে যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানি, বিশেষ করে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর মধ্যে এ ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।
অভ্যন্তরীণ বার্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি এবং এর ফলে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরেছেন তিনি।
জাকারবার্গ লিখেছেন, “এই পরিবর্তনগুলোর জটিলতার কারণে আমরা ভুল করেছি এবং প্রায় নিশ্চিতভাবেই আরও ভুল করব।”
তিনি আরও বলেন, “আগামী দিনে সাংগঠনিক পরিবর্তনের ক্ষেত্রে যতটা সম্ভব স্থিতিশীলতা নিশ্চিত করার দিকেও আমি মনোযোগ দিচ্ছি।”
ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত প্রতিশ্রুতি দিতে চান না বলেও উল্লেখ করেছেন মেটার সহপ্রতিষ্ঠাতা।
তার ভাষায়, “আমি অতিরিক্ত প্রতিশ্রুতি দিতে চাই না, কারণ বিশ্ব এমনভাবে বদলাচ্ছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।”
একই সঙ্গে তিনি আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, চলতি বছরে প্রতিষ্ঠানজুড়ে আর কোনো বড় ধরনের ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার নেই।
গত মে মাসে বড় আকারের পুনর্গঠন কার্যক্রম চালায় মেটা। সে সময় বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১০ শতাংশকে ছাঁটাই হয়। পাশাপাশি প্রায় ৭ হাজার কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন কর্মপ্রবাহসংক্রান্ত বিভিন্ন উদ্যোগে স্থানান্তর করা হয়।
জাকারবার্গ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণের কাজে পুনর্নিয়োজিত কর্মীদের জন্য নতুন ভূমিকা খুঁজে বের করার চেষ্টা করবে মেটা।
তিনি বলেন, “মানুষের জন্য গুরুত্বপূর্ণ নতুন ভূমিকা তৈরি করার মাধ্যমে আমরা কিছু দলের আকারও ছোট করতে পেরেছি। কারণ, আমরা জানতাম, কোথাও ভুল হলে কিছু মানুষকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব হবে।”
রয়টার্স মন্তব্য জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মেটা।
তবে কর্মীদের মধ্যে সংযোগ বাড়াতে এবং বিভিন্ন দলের মধ্যে সহযোগিতা জোরদার করতে নতুন বিনিয়োগের পরিকল্পনার কথা বলেছেন তিনি।
তার মতে, দল গঠনসংক্রান্ত বিভিন্ন উদ্যোগে ব্যয় বাড়ানো হবে। এর মধ্যে প্রতিষ্ঠানের বাইরে আয়োজন করা কর্মসূচি এবং করপোরেট ইভেন্টের জন্য বরাদ্দ বৃদ্ধি থাকবে। এ ছাড়া সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিয়ে যৌথ উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে জুলাই মাসে বড় পরিসরের একটি হ্যাকাথন আয়োজনেরও প্রস্তুতি নিচ্ছে কোম্পানি।
ব্যবস্থাপকদের ওপর অতিরিক্ত তদারকি দায়িত্ব চাপিয়ে দেওয়ার বিষয়ে কর্মীদের উদ্বেগের কথাও বিবেচনায় নিয়েছে মেটা।
জাকারবার্গ বলেন, মেটা এ ধরনের চর্চা কমিয়ে আনার পরিকল্পনা করছে।
প্রতিবেদন অনুযায়ী, মেটার নতুন অ্যাপ্লাইড এআই ইঞ্জিনিয়ারিং ইউনিটে তুলনামূলক সমতল কাঠামো অনুসরণ করা হয়েছে। সেখানে একজন ব্যবস্থাপকের অধীনে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত কর্মী কাজ করছিলেন।