২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টেসলার চিপ বানাবে স্যামসাং, ১৬৫০ কোটি ডলারের চুক্তি

স্যামসাংয়ের সঙ্গে এ চুক্তির আকার সম্ভবত ঘোষিত এক হাজার ছয়শ ৫০ কোটি ডলারের চেয়েও বেশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন এই ধনকুবের।

টেসলার চিপ বানাবে স্যামসাং, ১৬৫০ কোটি ডলারের চুক্তি
মাস্ক লিখেছেন, “টেসলাকে চিপ তৈরির প্রক্রিয়া আরও কার্যকর করার সুযোগ দিয়েছে স্যামসাং, যেটি গুরুত্বপূর্ণ এক বিষয়।” ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 04:50 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলার জন্য সেমিকন্ডাক্টর বা চিপ সরবরাহের লক্ষ্যে এক হাজার ছয়শ ৫০ কোটি ডলারের চুক্তিতে স্বাক্ষর করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স।

স্যামসাংয়ের রেগুলেটরি ফাইলিং বা অফিসিয়াল নথি এবং টেসলার সিইও ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এ চুক্তিতে অন্যপক্ষ বা টেসলার নাম উল্লেখ না করলেও স্যামসাং তাদের নথিতে বলেছে, চুক্তিটি কার্যকর হয়েছে এ বছরের ২৬ জুলাই থেকে, অর্থাৎ এ দিন অর্ডার নেওয়া শুরু করেছে তারা এবং এ চুক্তি চলবে ২০৩৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

তবে মাস্ক এক্স-এ এক পোস্টে নিশ্চিত করেছেন, টেসলাই সেই চুক্তির অন্য পক্ষ।

তিনি ভিন্ন এক পোস্টে লিখেছেন, “যুক্তরাষ্ট্রের টেক্সাসে তৈরি স্যামসাংয়ের বিশাল আকারের নতুন কারখানাটি টেসলার পরবর্তী প্রজন্মের এ১৬ চিপ তৈরির জন্যই নিবেদিত থাকবে। আমার পক্ষে এর কৌশলগত গুরুত্ব বোঝানো সত্যিই কঠিন। বর্তমানে স্যামসাং এ১৪ চিপ তৈরি করছে। তাইওয়ানের চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসিও এ১৫ চিপ তৈরি করবে, যার নকশাও সদ্য শেষ করেছে তারা। প্রথমে তাইওয়ানে, পরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় চিপ উংপাদন করবে টিএসএমসি।”

মাস্ক আরও লিখেছেন, “টেসলাকে চিপ তৈরির প্রক্রিয়া আরও কার্যকর করার সুযোগ দিয়েছে স্যামসাং, যেটি গুরুত্বপূর্ণ এক বিষয়। কারণ আমি নিজেই এতে সক্রিয়ভাবে অংশ নেব, যাতে অগ্রগতি দ্রুত হয়।”

স্যামসাংয়ের সঙ্গে এ চুক্তির আকার সম্ভবত ঘোষিত এক হাজার ছয়শ ৫০ কোটি ডলারের চেয়েও বেশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন এই ধনকুবের।

গুগল অনুবাদ অনুসারে, সোমবার কোরিয়ান ভাষায় দাখিল করা এক নথিতে স্যামসাং বলেছে, চুক্তির বিস্তারিত যেমন– অন্য পক্ষ বা টেসলার নাম ২০৩৩ সালে এ চুক্তি শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না। কারণ, চুক্তির দ্বিতীয় পক্ষ বা টেসলা ‘ব্যবসায়িক গোপনীয়তা রক্ষার জন্য’ এমন অনুরোধ করেছে।

মেমরি চিপ তৈরিকারী কোম্পানিটি আরও বলেছে, “যেহেতু চুক্তির মূল বিষয়বস্তু ব্যবসায়িক গোপনীয়তা রক্ষার কারণে প্রকাশ করা হয়নি তাই চুক্তিতে পরিবর্তন বা বাতিল হওয়ার ঝুঁকি মাথায় রেখে বিনিয়োগকারীদের সচেতনভাবে এতে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে।”

এ খবর প্রকাশের পর সোমবার লেনদেন চলাকালে স্যামসাংয়ের শেয়ারের দাম ৬ শতাংশেরও বেশি বেড়েছে, যা  ২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকে কোম্পানিটির সর্বোচ্চ মূল্যবৃদ্ধি বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

মাস্কের এই পোস্ট দেওয়ার আগে ‘ফিউচারাম গ্রুপ’-এর সেমিকন্ডাক্টর, সাপ্লাই চেইন ও নতুন প্রযুক্তি বিষয়ক গবেষণা পরিচালক রে ওয়াং বলেছিলেন, টেসলা সম্ভবত স্যামসাংয়ের এই চুক্তির গ্রাহক হতে পারে।

এরও আগে মার্কিন বাণিজ্য বিষয়ক খবরের সাইট ব্লুমবার্গ এক গোপন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে লিখেছিল, স্যামসাংয়ের এই চুক্তি টেসলার সঙ্গেই হয়েছে।