১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘সবচেয়ে শক্তিশালী’ এআই মডেল আনার দাবি আলিবাবার

দেশীয় প্রযুক্তি বাজারে নিজেদের প্রভাব ধরে রাখা ও বিশ্বজুড়ে চালনা খরচ কমিয়ে শক্তিশালী এআই সরবরাহের যে তীব্র প্রতিযোগিতা চলছে তারই অংশ হিসেবে আলিবাবার এই নতুন পদক্ষেপ।

‘সবচেয়ে শক্তিশালী’ এআই মডেল আনার দাবি আলিবাবার
ছবিসহ অন্যান্য ভিজুয়াল কনটেন্ট বিশ্লেষণের বিচারে বৈশ্বিকভাবে দ্বিতীয় স্থান দখলে নিয়েছে মডেলটি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 07:06 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

এ যাবৎকালে নিজেদের সবচেয়ে বড় ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল উন্মোচন করেছে চীনের ই-কমার্স ও প্রযুক্তি জায়ান্ট আলিবাবা।

স্থানীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘মুনশট এআই’-এর গত মাসে বাজারে আনা মডেলটির শক্তির প্রায় কাছাকাছি অবস্থান করছে আলিবাবার ‘কুইয়েন৩.৮-ম্যাক্স’ নামের নতুন এ এআই সংস্করণটি।

দেশীয় প্রযুক্তি বাজারে নিজেদের প্রভাব ধরে রাখা ও বিশ্বজুড়ে চালনা খরচ কমিয়ে শক্তিশালী ওপেন-ওয়েট এআই সরবরাহের যে তীব্র প্রতিযোগিতা চলছে তারই অংশ হিসেবে আলিবাবার এই নতুন পদক্ষেপ বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

বিশ্বজুড়ে মুক্ত ব্যবহারের উপযোগী ‘ওপেন-ওয়েট’ এআই মডেল বিকাশে চীনের বিভিন্ন প্রযুক্তি কোম্পানির আধিপত্য এখন চোখে পড়ার মতো।

এআই সিস্টেম পরিচালনা যেন মাত্রাতিরিক্ত ব্যয়বহুল না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রেখে কীভাবে আরও শক্তিশালী মডেল তৈরি করা যায় তা নিয়ে বর্তমানে এক তীব্র প্রতিযোগিতায় মেতেছে দেশটির প্রযুক্তি খাতের বিভিন্ন কোম্পানি।

আলিবাবার সদ্য উন্মোচিত ‘কুইয়েন৩.৮-ম্যাক্স’ মডেলটিতে রয়েছে ২.৪ ট্রিলিয়ন প্যারামিটার। সহজ কথায়, প্যারামিটার হচ্ছে সেই গাণিতিক মান বা কাঠামো, যা ডেটা থেকে শেখার মাধ্যমে এআই মডেলকে কোনো প্যাটার্ন চিনতে, প্রশ্নের উত্তর তৈরিতে বা জটিল বিভিন্ন কাজ সম্পন্ন করতে সাহায্য করে।

এর বিপরীতে, গেল মাসে উন্মোচিত মুনশটের ‘কিমি কে৩’ মডেলটিতে রয়েছে ২.৮ ট্রিলিয়ন প্যারামিটার।

বিশেষজ্ঞরা বলছেন, প্যারামিটারের সংখ্যা বেশি হলেই যে কোনো মডেল নিজে থেকেই সেরা হয়ে উঠবে বিষয়টি এমন নয়। তবে কোনো উন্নত এআই ব্যবস্থার পেছনে ঠিক কতটা কম্পিউটিং সক্ষমতা ও ডেটা ব্যবহৃত হয়েছে তা পরিমাপের জন্য অন্যতম সূচক হিসেবে বিবেচিত হয় এই প্যারামিটার।

বিশ্বজুড়ে ডেভেলপারদের কাছে নিজেদের এআই মডেলকে জনপ্রিয় করতে ও তাদের কাছে পৌঁছাতে প্যারামিটারের সংখ্যা প্রকাশে বাড়তি উৎসাহ দেখাচ্ছে চীনা বিভিন্ন প্রযুক্তি কোম্পানি।

দেশটির অধিকাংশ মডেলই ‘ওপেন-ওয়েট’ ঘরানার। ফলে বিশ্বজুড়ে ডেভেলপাররা মূল মডেলের অভ্যন্তরীণ সেট আপ বিনামূল্যে ডাউনলোড এবং তা নিজেদের প্রয়োজন অনুসারে পরিবর্তন ও ব্যবহার করতে পারেন।

এর ঠিক বিপরীত অবস্থান নিয়েছে পশ্চিমা প্রযুক্তির প্রথম সারির বিভিন্ন কোম্পানি। ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের মতো বৈশ্বিক জায়ান্টরা তাদের সংরক্ষিত বা ‘ক্লোজড-সোর্স’ এআই মডেলগুলোর প্যারামিটার সংখ্যা প্রকাশ্যে আনতে রাজি নয়।

‘ক্রাউডসোর্সড’ এআই মডেল তুলনা করার অনলাইন প্ল্যাটফর্ম ‘অ্যারেনা ডটএআই’তে উন্মোচিত হয়েছে ‘কুইয়েন৩.৮-ম্যাক্স’।

প্ল্যাটফর্মটির ‘টেক্সট মডেল’ ক্যাটেগরিতে মডেলটি উন্মোচনের পরপরই শীর্ষ চীনা এআই মডেলের স্থান দখল করে নিয়েছে।

তবে বৈশ্বিক সূচকে মডেলটি মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লড ফেইবল ৫’ ও ‘ওপাস’-এর তিনটি সংস্করণের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে।

ছবিসহ অন্যান্য ভিজুয়াল কনটেন্ট বিশ্লেষণের বিচারে ‘অ্যারেনাডটএআই’-এর শীর্ষ তালিকায় বৈশ্বিকভাবে দ্বিতীয় স্থান দখলে নিয়েছে ‘কুইয়েন৩.৮-ম্যাক্স’।

এ তালিকায় একমাত্র ‘ক্লড ফেইবল ৫’-এর বিশেষ এক সংস্করণই এর সামনে রয়েছে।

আলিবাবার ‘কুইয়েন৩.৮-ম্যাক্স’ ও মুনশটের ‘কিমি কে৩’ দুটি মডেলই লেখা, ছবি ও ভিডিও বিশ্লেষণ এবং একইসঙ্গে এক দফায় সর্বোচ্চ ১০ লাখ পর্যন্ত ‘টোকেন’ প্রসেস করতে পারে এগুলো।

‘টোকেন’ হচ্ছে উপাত্ত বা ডেটার ক্ষুদ্রাংশ, যা সাধারণত কোনো শব্দের অংশ বা ছোট কোনো শব্দ হতে পারে। টোকেনের সংখ্যা যত বেশি হয় এআই মডেলটি একবারে তত বড় পরিমাণের তথ্য গ্রহণ ও বিশ্লেষণ করতে পারে।

যেমন, বড় আকারের আইনি নথি, বড় কোনো সফটওয়্যার কোডবেইস বা শতাধিক পৃষ্ঠার ফাইল একবারে প্রসেস করার ক্ষেত্রে এমনটা কার্যকর।

আলিবাবা বলেছে, তাদের এ মডেলে ‘মিক্সচার-অফ-এক্সপার্টস’ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এ প্রযুক্তির সুবিধা হল, প্রতিটি প্রশ্নের বা অনুরোধের জবাবে পুরো মডেলটিকে একবারে সক্রিয় না করে কাজের ধরন অনুসারে নির্দিষ্ট ও বিশেষায়িত বিভিন্ন অংশকে কাজে লাগানো।

ফলে একসঙ্গে কেবল ৯৫০০ কোটি প্যারামিটার ব্যবহৃত হয়, যা পরিচালনা খরচ ও সাড়া দেওয়ার সময়ের বিলম্ব কমিয়ে আনে।

প্রযুক্তি জায়ান্ট আলিবাবার দাবি, তাদের নতুন মডেলটি সম্পূর্ণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রকল্প কেবল ১৬ দিনে সফলভাবে সম্পন্ন করেছে।

আগামী সপ্তাহেই আলিবাবা ক্লাউডের ‘মডেল স্টুডিও’ প্ল্যাটফর্মের মাধ্যমে ‘কুইয়েন৩.৮-ম্যাক্স’ সবার ব্যবহারের জন্য চালু করবে।