১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন অপো এ৬ ফোনে বাজির ঘোড়া শক্তিশালী ব্যাটারি

ডিভাইসটিতে কিউওই এআই স্মার্ট নেটওয়ার্ক সিলেকশনও রয়েছে, যা ভূগর্ভস্থ পার্কিং লট বা ভিড়ওয়ালা জায়গার মতো দুর্বল নেটওয়ার্কের ক্ষেত্রেও কার্যকর।

নতুন অপো এ৬ ফোনে বাজির ঘোড়া শক্তিশালী ব্যাটারি
অপো এ৬ অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু’র মতো দুটি রঙে আনছে ব্রান্ডটি। ছবি: অপো

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 04:32 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

এ৬ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ও ফ্যানস ফেস্টিভাল ২০২৫’-এর মধ্যেই সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা-লার্জ ব্যাটারি নিয়ে যাত্রা শুরু হয়েছে অপো এ৬’র।

অপো বলেছে, সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সক্ষমতার স্মার্টফোনটি একটানা প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত ইউটিউব প্লেব্যাক ও ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ বা ইমো ভয়েস কলের নিশ্চয়তা দেবে। পাঁচ বছর ধরে স্বাভাবিক ব্যবহারের পরেও এর ব্যাটারি ৮০ শতাংশেরও বেশি কার্যকর থাকার দারিও করেছে নির্মাতা।

অপো এ৬ রয়েছে আইপি৬৯ রেটিং, যা পানিতে ডোবা, গরম পানি বা প্রতিদিনের পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে। ফোনের ইউনিবডি মিড-ফ্রেম ও মাইক্রোফোন ও স্পিকারকে সুরক্ষা দেওয়া পানিরোধী ব্রিদএবল মেমব্রেনসহ প্রিসিশন সিল ফোনটিকে ১৮ প্রকারের তরল ও উষ্ণ ঝর্ণার পানি থেকেও সুরক্ষিত রাখবে বলে দাবি ব্রান্ডটির।

অপো এ৬-এ রয়েছে অপটিমাইজড টাচ চিপ অ্যালগরিদম ও স্প্ল্যাশ টাচ মোড, যা ফোনের স্ক্রিনে পানি বা হালকা তেল থাকলেও কাজ করবে। ডিভাইসটিতে রিভার্স চার্জিং ফিচারও রয়েছে। এতে ৩৯০০ বর্গমিলিমিটারের ভেপার চেম্বারের মধ্যে সুপারকুল ভিসি সিস্টেম কার্যকর তাপ নিঃসরণ নিশ্চিত করবে।

চীনা প্রযুক্তি কোম্পানিটি বলেছে, ডিভাইসটিতে কিউওই এআই স্মার্ট নেটওয়ার্ক সিলেকশনও রয়েছে, যা ভূগর্ভস্থ পার্কিং লট বা ভিড়ওয়ালা জায়গার মতো দুর্বল নেটওয়ার্কের ক্ষেত্রে সহায়ক।

অপো এ৬-এ ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেখানে এআই ইরেজার ২.০-এর মতো ‘এআই জেনারেটিভ কনটেন্ট’ বা এআইজিসি ফিচার ব্যবহার করে ছবিতে থাকা অবাঞ্ছিত বস্তু মুছে ফেলা যাবে।

অপো এ৬ অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু’র মতো দুটি রঙে আনছে ব্র্যান্ডটি। ডিভাইসটি দুইটি ভেরিয়েন্টে বাজারে এসেছে, অপো এ৬ ৬ জিবি বাই ১২৮ জিবির দাম ২৪ হাজার ৯৯০ টাকা ও অপো এ৬ ৮ জিবি বাই ১২৮ জিবির দাম ২৬ হাজার ৯৯০ টাকা।

১০ ডিসেম্বর থেকে দেশের সকল অফিসিয়াল অপো স্টোর ও অনুমোদিত ডিলারদের কাছে পাওয়া যাবে স্মার্টফোনটি।