১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নেটোর ‘ক্লাসিফাইড’ কাজে অনুমোদন পেল আইফোন, আইপ্যাড

আইফোন ও আইপ্যাডই প্রথম সাধারণ বাণিজ্যিক ডিভাইস, যা কোনো বিশেষ সফটওয়্যার বা সেটিং ছাড়াই এ ধরনের নিরাপত্তা সনদ পেয়েছে।

নেটোর ‘ক্লাসিফাইড’ কাজে অনুমোদন পেল আইফোন, আইপ্যাড
জার্মানির তথ্য নিরাপত্তা বিষয়ক ফেডারেল অফিস বা বিএসআই এসব ডিভাইস পরীক্ষা করেছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 04:43 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ডিভাইসের নিরাপত্তার বিষয়ে অ্যাপল যেসব বড় দাবি করে এবার তাতে যোগ হল আন্তর্জাতিক সিলমোহর। নেটোর ক্ল্যাসিফাইড বা অতি গোপন কাজে ব্যবহারের অনুমোদন পেয়েছে অ্যাপলের আইফোন ও আইপ্যাড।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, জার্মান সরকারের কঠোর নিরাপত্তা পরীক্ষার পর অ্যাপলের আইফোন ও আইপ্যাড এখন উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোর মধ্যে গঠিত সামরিক ও রাজনৈতিক জোট নেটোর ‘নেটো-রেস্ট্রিক্টেড’ তথ্য আদান-প্রদানের জন্য নিরাপদ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

জার্মানির তথ্য নিরাপত্তা বিষয়ক ফেডারেল অফিস বা বিএসআই এসব ডিভাইস পরীক্ষা করেছে। ২০২২ সালে সংস্থাটি প্রথম আইফোন ও আইপ্যাডকে জার্মান সরকারি কাজে ব্যবহারের অনুমতি দিয়েছিল।

অ্যাপল বলেছে, নেটোর এ বিশেষ অনুমোদন পেতে জার্মানির ফেডারেল সংস্থাটি তাদের বিভিন্ন ডিভাইসের প্রযুক্তিগত দিক থেকে শুরু করে গভীর নিরাপত্তা ব্যবস্থার ওপর কঠোর ও বিস্তারিত পরীক্ষা চালিয়েছে।

নেটোর এ অনুমোদন নিরাপত্তার বিষয়ে অ্যাপলের মার্কেটিং বা প্রচারণামূলক দাবিগুলোকে আরও শক্তিশালী করল। তবে কোম্পানিটির প্রাইভেসি দাবির বিষয়টি নির্ভর করে ব্যবহারকারী আসলে কোন ধরনের নিরাপত্তার কথা বলছেন তার ওপর।

সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল বিশেষভাবে উল্লেখ করেছে, আইফোন ও আইপ্যাডই প্রথম সাধারণ বাণিজ্যিক ডিভাইস, যা এ ধরনের নিরাপত্তা সনদ পেয়েছে। এজন্য আলাদা কোনো বিশেষ সফটওয়্যার বা সেটিংয়ের প্রয়োজন হয়নি।

আইওএস ২৬ অপারেটিং সিস্টেমে চালিত আইফোন ও আইপ্যাডগুলোর ক্ষেত্রে এ নিরাপত্তা সনদটি কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জার্মানির তথ্য নিরাপত্তা সংস্থার প্রেসিডেন্ট ক্লডিয়া প্ল্যাটনারের উদ্ধৃতি ব্যবহার করেছে। তিনি বলেছেন, “ডিজিটাল রূপান্তর তখনই সফল ও নিরাপদ হয় যখন মোবাইল পণ্য তৈরির শুরু থেকেই তথ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়।

“জার্মানির অতি গোপন তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আইওএস ও আইপ্যাডওএস প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে আমরা যে কঠোর পরীক্ষা চালিয়েছি এর ভিত্তিতেই এখন নেটোভুক্ত দেশগুলোর নিরাপত্তার প্রয়োজনীয় মানদণ্ডগুলো পূরণের বিষয়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।”