Published : 13 Oct 2025, 05:24 PM
অপেক্ষার অবসান ঘটতে চলেছে অ্যাপলপ্রেমীদের, এই সপ্তাহেই উন্মোচন হতে পারে কোম্পানিটির অক্টোবর লাইনআপ যেখানে থাকার কথা রয়েছে এম৫ চিপ চালিত এক ঝাঁক নতুন পণ্য।
জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক ব্লুমবার্গের মার্ক গারম্যান বলছেন, এসব পণ্যের মধ্যে রয়েছে নতুন প্রজন্মের আইপ্যাড প্রো, ভিশন প্রো হেডসেটের আপগ্রেডেড সংস্করণ এবং বেসিক মডেলের ম্যাকবুক প্রো। সবকটিতেই থাকবে অ্যাপলের সর্বশেষ ও শক্তিশালী এম৫ চিপসেট।
গারম্যান তার সাম্প্রতিক পাওয়ার অন নিউজলেটারে বলেন, এই নতুন প্রোডাক্টগুলোর লক্ষ্য হবে পারফরম্যান্স ও দক্ষতার দিক থেকে অ্যাপলের ডিভাইসগুলোকে এক ধাপ এগিয়ে নেওয়া। যদিও এম৫ ম্যাকবুক প্রো নিয়ে আগের রিপোর্টগুলোতে বলা হয়েছিল এটি ২০২৬ সালের প্রথম দিকে বাজারে আসবে তবে গারম্যানের সর্বশেষ তথ্যে বলা হচ্ছে, কোম্পানিটি এরইমধ্যে ল্যাপটপের ব্যাপক উৎপাদনের পর্যায়ে পৌঁছে গেছে।
তিনি আরও উল্লেখ করেন, অ্যাপল স্টোরগুলোতে এখন এম৪ ম্যাকবুক প্রো মডেলের স্টক কমে এসেছে। তবে এখনও এম৪ প্রো ও এম৪ ম্যাক্স সংস্করণের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এতে ইঙ্গিত মিলছে, নতুন এম৫ ম্যাকবুক প্রো এখন উন্মোচনের একদম দোরগোড়ায়।
তবে এই অক্টোবরের ঘোষণায় বড়সড় কোনো ইভেন্ট আয়োজনের পরিকল্পনা নেই বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। গারম্যানের ধারণা, আইফোন ১৭ প্রকাশের মতো জাঁকজমকপূর্ণ লঞ্চ অনুষ্ঠান নয় বরং অনলাইন ঘোষণার মাধ্যমেই অ্যাপল তাদের শরৎকালীন পণ্যের লাইনআপ প্রকাশ করবে।
গারম্যান আরও বলছেন, এম৫ প্রো এবং এম৫ ম্যাক্স চিপসেটগুলো এখনও পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত নয় এবং সেগুলো বাজারে আসতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লাগতে পারে।