১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাছেপিঠের খবরাখবর

এক গ্লোবাল কনটেস্ট নিয়ে হাজির হয়েছে স্মার্টফোন নির্মাতা রিয়েলমি। এতে বিজয়ী ২০ জন চীনের শেনঝেনে রিয়েলমি’র প্রধান কার্যালয় দেখে আসার সুযোগ পাবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 01:27 AM

Updated : 10 Sep 2026, 12:10 PM

রিয়েলমির সদরদপ্তরে যাওয়ার সুযোগ মিলবে কনটেস্ট জিতলে

এক গ্লোবাল কনটেস্ট নিয়ে হাজির হয়েছে স্মার্টফোন নির্মাতা রিয়েলমি। এতে বিজয়ী ২০ জন চীনের শেনঝেনে রিয়েলমি’র প্রধান কার্যালয় দেখে আসার সুযোগ পাবেন।

এই ভ্রমণ ও অবস্থানের খরচ রিয়েলমি বহন করবে।

কন্টেস্টে অংশ নিতে, রিয়েলমি ব্যবহারকারীদেরকে নিজেদের পছন্দের যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েলমি প্রযুক্তি নিয়ে তাদের সবচেয়ে সুন্দর কোনো মুহুর্তের ঘটনা পোস্ট করতে হবে। 

এক্ষেত্রে গ্রাহককে রিয়েলমি’র বাছাই করে দেওয়া বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার এবং প্রতিযোগিতায় নতুন তিনজন প্রতিদ্বন্দ্বীও যুক্ত করতে হবে।

এর মধ্যে সেরা ২০টি গল্প পোস্ট করা ব্যবহারকারীরা শেনঝেন শহর ঘুরে দেখার পাশাপাশি রিয়েলমি’র গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন কার্যক্রমগুলো সরাসরি ঘুরে দেখার সুযোগ পাবেন। গল্প জমা দেওয়ার শেষ তারিখ ৫ জুলাই।

মানা বে ওয়াটার পার্কে যাতায়াতে ছাড় দেবে উবার

এবার একজোট হয়েছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ও দেশের পলিনেশিয়ান থিমড ওয়াটার পার্ক ‘মানা বে’।

এর মাধ্যমে দর্শনার্থীরা পার্কে যাতায়াতে বিশেষ ছাড় পাবেন, যেটি শুরু হয়েছে ১১ জুন থেকে।

এক্ষেত্রে উবার ব্যবহারকারীকে প্রোমো কোড ব্যবহার করতে হবে, যার ফলে ঢাকা-মানা বে-ঢাকার দুটি ইন্টারসিটি রাউন্ড ট্রিপে ১৪ শতাংশ ছাড় মিলবে, যা প্রযোজ্য হবে চার থেকে ২৪ ঘণ্টার ইন্টারসিটি ট্রিপের ক্ষেত্রে।

ইন্টারসিটি রাউন্ড ট্রিপের যাত্রীরা মানা বে’তে প্রবেশের টিকেট কাটার সময়ও ১৪ শতাংশ ছাড় পাবেন। আর গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে সেটি ১০ শতাংশ।

উবার বাংলাদেশ-এর কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেছেন, “নিজেদের সেবার মান উন্নত করার বিষয়ে উবার সবসময়ই চেষ্টা করে আসছে। মানা বে’র সঙ্গে এ চুক্তি আমাদের ওই প্রতিশ্রুতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”

সরকারি প্রশিক্ষণ প্রকল্পে যুক্ত হলো বাক্কো

সম্প্রতি ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’র সঙ্গে এক চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে সরকারি প্রকল্প ‘অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট)’।

বৃহস্পতিবার, ২৭ জুনের এই সমঝোতা অনুসারে অ্যাসেট প্রকল্পের বিভিন্ন এন্টারপ্রাইজভিত্তিক প্রশিক্ষণে যুক্ত হবে বাক্কো।

এ প্রশিক্ষণ কর্মসূচীতে দেশের ‘বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও)’ খাতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ সৃষ্টি, কর্মকর্তা ও ব্যবস্থাপকদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যে দেশের বেকার ও সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন বাক্কোর সহ-সভাপতি তানভীর ইব্রাহীম ও অ্যাসেটের প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাক্কো নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব:) মো. মাহতাবুল হক, পিএসসি ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।