১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেয়ার মালিকদের অ্যান্টিট্রাস্ট মামলা ৫০ কোটি ডলারে রফা গুগলের

সার্চ, অ্যাডটেক, অ্যান্ড্রয়েড এবং অ্যাপ বিতরণ ব্যবসার কারণে গুগলকে অ্যান্টিট্রাস্ট আইনি ঝুঁকির মুখে ফেলেছেন পরিচালনা পর্ষদের সদস্যরা।

শেয়ার মালিকদের অ্যান্টিট্রাস্ট মামলা ৫০ কোটি ডলারে রফা গুগলের
কমপ্লায়েন্স সংস্কারে বড় অঙ্গীকার গুগলের। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 06:26 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের বিরুদ্ধে আনা শেয়ারহোল্ডারদের করা অ্যান্টিট্রাস্ট মামলাটি আদালতের বাইরে নিষ্পত্তি করেছে গুগল। এতে কোম্পানিটি তাদের কমপ্লায়েন্স ব্যবস্থা ঢেলে সাজাতে সম্মত হয়েছে। ১০ বছর মেয়াদী এই সংশোধন পরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে ৫০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর জেলা আদালতে শুক্রবার রাতে জমা দেওয়া প্রাথমিক নিষ্পত্তির নথিতে এই তথ্য উঠে এসেছে।

তবে, এই নিস্পত্তি বাস্তবায়নে স্যান ফ্রান্সিসকোর জেলা বিচারক রিটা লিনের অনুমোদন লাগবে।

মামলায় গুগল ও অ্যালফাবেটের শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেছে বাদীপক্ষ। এই কর্মকর্তাদের মধ্যে গুগল সিইও সুন্দার পিচাই এবং  দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন রয়েছেন।

নিষ্পত্তির শর্ত অনুযায়ী, অ্যালফাবেটকে একটি স্বতন্ত্র বোর্ড কমিটি গঠন করতে হবে, যারা শুধু ঝুঁকি ও কমপ্লায়েন্স বিষয়ক তদারকির দায়িত্বে থাকবে। এতদিন এ দায়িত্ব ছিল বোর্ডের অডিট ও কমপ্লায়েন্স কমিটির ওপর।

পাশাপাশি, সুন্দার পিচাইয়ের অধীনে একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-স্তরের কমিটি গঠন করা হবে, যারা নিয়ন্ত্রক এবং কমপ্লায়েন্স সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবেন। একইসঙ্গে গুগলের বিভিন্ন প্রোডাক্ট টিম ম্যানেজার এবং অভ্যন্তরীণ কমপ্লায়েন্স বিশেষজ্ঞদের নিয়ে একটি আলাদা কমিটিও গঠন করা হবে।

নিষ্পত্তির শর্ত অনুসারে গুগল কোনও ধরনের দোষ স্বীকার করেনি।

‘কমপ্লায়েন্স প্রক্রিয়া শক্তিশালী করতে আমরা দীর্ঘদিন ধরে প্রচুর বিনিয়োগ করেছি,’ এক বিবৃতিতে বলেছে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ-ভিত্তিক এই প্রযুক্তি কোম্পানি। ‘দীর্ঘমেয়াদি মামলার ঝামেলা এড়াতে আমরা এই পদক্ষেপ নিতে সম্মত হয়েছি।’

মিশিগান অঙ্গরাজ্যের দুটি পেনশন তহবিলের সূত্রে আসা শেয়ারহোল্ডাররা অভিযোগ করেন, সার্চ, অ্যাডটেক, অ্যান্ড্রয়েড এবং অ্যাপ বিতরণ ব্যবসার কারণে গুগলকে অ্যান্টিট্রাস্ট আইনি ঝুঁকির মুখে ফেলেছেন পরিচালনা পর্ষদের সদস্যরা, যা ছিল তাদের দায়িত্ব লঙ্ঘনের শামিল।

শেয়ারহোল্ডারদের আইনজীবীরা বলেন, এই সংস্কারমূলক পদক্ষেপগুলো ‘অসাধারণ,’ যা ‘অ্যালফাবেটের কমপ্লায়েন্স কাঠামোতে ব্যাপক সংস্কার’ ও কোম্পানির সংস্কৃতিতে ‘গভীর পরিবর্তন’ আনবে।

এই সংস্কারমূলক পদক্ষেপগুলো অন্তত চার বছর বহাল রাখতে হবে। তবে শেয়ারহোল্ডাররা এতে কোনও ক্ষতিপূরণ পাবেন না।

শেয়ারহোল্ডারদের পক্ষে আইনজীবী প্যাট্রিক কফলিন সোমবার বলেন, ‘কমপ্লায়েন্স কমিটি গঠনে কোম্পানির এমন ব্যয় খুব কম মামলায় দেখা গেছে। আমরা দেখতে পেয়েছি যে, অ্যান্টিট্রাস্ট বিষয়ক ঝুঁকি নিয়ে বোর্ড পর্যাপ্ত রিপোর্ট পায়নি। তারা আগেই এ বিষয়ে উদ্যোগ নিতে পারত এবং করা উচিতও ছিল।’

এই নিষ্পত্তির খবর এমন সময়ে এল যখন একদিন আগেই ওয়াশিংটনে আরেকটি মামলায় বিচারক আমিত মেহতা গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের বিষয়ে শুনানি শেষ করেন। গত বছর এই বিচারকই গুগলকে সার্চ ব্যবসায় একচেটিয়া আধিপত্য বজায় রাখার দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন।

মামলার রায় অগাস্ট মাসের মধ্যেই আসতে পারে। মামলায় বাদী পক্ষ, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গুগলকে তাদের ক্রোম ব্রাউজার বিক্রি এবং সার্চ ডেটা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভাগাভাগি করার প্রস্তাব দিয়েছে।

উল্লেখ্য, ডেরিভেটিভ মামলায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পক্ষে কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে থাকেন।

শেয়ারহোল্ডারদের আইনজীবীরা এই মামলার জন্য সময়ঝোতার ৫০ কোটি ডলারের বাইরে আরও আট কোটি ডলার পর্যন্ত আইনি ফি ও খরচ দাবির পরিকল্পনা করছেন।