২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

রাশিয়ায় জাতীয় এআই টাস্ক ফোর্স বানাতে চান পুতিন

পুতিন বলেছেন, টাস্ক ফোর্সের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের বিভিন্ন স্থানে ডেটা সেন্টার তৈরি ও নিকটবর্তী শক্তি উৎস নিশ্চিত করা।

রাশিয়ায় জাতীয় এআই টাস্ক ফোর্স বানাতে চান পুতিন
পুতিন বলেছেন, অন্যান্য দেশের তৈরি এলএলএম-এর ওপর নির্ভরশীল হওয়া রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 02:06 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা দেশীয় বিভিন্ন জেনারেটিভ এআই মডেলের কাজ সমন্বয় করবে।

বুধবার রাশিয়ার প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা অনুষ্ঠান ‘এআই জার্নি’তে পুতিন বলেছেন, এসব মডেল রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষার জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। বর্তমানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম তথ্য ছড়ানোর এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, যেগুলো পুরো জাতির দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব ফেলতে পারে। অন্যান্য দেশের তৈরি এলএলএম-এর ওপর নির্ভরশীল হওয়া রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়।

“রাশিয়ার জন্য বিষয়টি জাতীয়, প্রযুক্তিগত ও মূল্যভিত্তিক সার্বভৌমত্বের বিষয়। ফলে আমাদের দেশের তৈরি জেনারেটিভ এআইয়ের ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ও পণ্যের এক বিস্তৃত সেট থাকা উচিত।”

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, টাস্ক ফোর্সের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের বিভিন্ন স্থানে ডেটা সেন্টার তৈরি ও তার কাছাকাছি শক্তির উৎস নিশ্চিত করা। যেমন– ছোট পরিসরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসানোর মতো কাজ।

রয়টার্স লিখেছে, এআই খাতে রাশিয়া বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের পেছনে থাকলেও ‘গিগাচ্যাট’ ও ‘ইয়ানডেক্স জিপিটি’ নামের দুটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করেছে দেশটির প্রধান দুটি এআই উদ্যোক্তা কোম্পানি ‘সাবারব্যাংক’ ও ‘ইয়ানডেক্স’।

সাধারণ ব্যাংক থেকে প্রযুক্তিনির্ভর কোম্পানিতে পরিণত হয়েছে ‘সাবারব্যাংক’। বুধবার ‘গিগাচ্যাট’-এর নতুন সংস্করণ ঘোষণা করেছে কোম্পানিটি এবং হিউম্যানয়েড রোবট থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যাচাই করতে পারে এমন এআইচালিত বিভিন্ন পণ্যও পুতিনের সামনে উপস্থাপন করেছে তারা।

পুতিন বলেছেন, এআইচালিত প্রযুক্তির মাধ্যমে রাশিয়ার মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপিতে অবদান ২০৩০ সালের মধ্যে ১১ ট্রিলিয়ন রুবল বা প্রায় ১৩ হাজার ৬৫৭ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

টাস্ক ফোর্সের পাশাপাশি জাতীয় এআই বাস্তবায়ন পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছেন পুতিন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানিকে এআই ব্যবহার বাড়ানোর জন্য উৎসাহিতও করেছেন তিনি।

পশ্চিমা নিষেধাজ্ঞার অংশ হিসাবে মাইক্রোচিপসহ হার্ডওয়্যার আমদানির নিষেধাজ্ঞা রয়েছে রাশিয়ার ওপর, যা দেশটির কম্পিউটিং সক্ষমতা বাড়ানো ও এআই উন্নয়নের প্রচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এআইয়ে অতিরিক্ত নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক করে পুতিন বলেছেন, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত কাজে কেবল রাশিয়ার নিজস্ব মডেল ব্যবহার করা উচিত, যাতে ডেটা দেশের বাইরে না যায়।