১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উইচ্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট যুক্ত করল টেনসেন্ট

এর মাধ্যমে একশ কোটির বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী সরাসরি ওপেনক্ল’ এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

উইচ্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট যুক্ত করল টেনসেন্ট
‘ক্ল’বট’ নামের এই নতুন টুলটি উইচ্যাটের কনট্যাক্ট তালিকায় যুক্ত হবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 11:55 AM

Updated : 26 Aug 2026, 03:13 PM

চীনের প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠছে। এই প্রতিযোগিতায় নতুন পদক্ষেপ হিসেবে টেনসেন্ট তাদের জনপ্রিয় বার্তা আদান-প্রদান প্ল্যাটফর্ম উইচ্যাট-এর সঙ্গে যুক্ত করেছে একটি এআই এজেন্ট।

‘ক্ল’বট’ নামের এই নতুন টুলটি উইচ্যাটের কনট্যাক্ট তালিকায় যুক্ত হবে। এর মাধ্যমে একশ কোটির বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী সরাসরি ওপেনক্ল’ এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এই সংযুক্তির ফলে ব্যবহারকারীরা বার্তা পাঠানোর মাধ্যমেই এআই এজেন্টকে বিভিন্ন নির্দেশ দিতে পারবেন। যেমন ফাইল স্থানান্তর, ইমেইল পাঠানোসহ নানা কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে এই ওপেন সোর্স এজেন্ট।

সাম্প্রতিক সময়ে ওপেনক্ল’ দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। নতুন ধরনের এআই এজেন্ট ব্যবহার করে বিভিন্ন কাজ সহজ করার সুযোগ তৈরি হওয়ায় ব্যবহারকারীদের আগ্রহও বেড়েছে। তবে একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এর আগে চলতি মাসেই টেনসেন্ট তাদের নিজস্ব এআই এজেন্ট স্যুট চালু করে। এতে ব্যক্তিগত ব্যবহারের জন্য ‘কিউক্ল’, ডেভেলপারদের জন্য ‘লাইটহাউস’ এবং প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য ‘ওয়ার্কবাডি’ নামের আলাদা টুল রয়েছে।

প্রতিযোগিতায় পিছিয়ে নেই অন্য প্রযুক্তি কোম্পানিগুলোও। আলিবাবা সম্প্রতি ‘উকং’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চালু করেছে, যা একাধিক এজেন্ট সমন্বয় করে ফাইল এডিট করা বা মিটিংয়ের নোট বা বর্ণনা তৈরির মতো জটিল কাজ করতে পারে।

অন্যদিকে বাইডু-ও ওপেনক্ল’ ভিত্তিক একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট তৈরি করেছে, যা ডেস্কটপ সফটওয়্যার, ক্লাউড সেবা, মোবাইল টুল ও স্মার্ট হোম যন্ত্রে ব্যবহার করা যাচ্ছে।

চীনের প্রযুক্তি খাতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টই হয়ে উঠছে নতুন প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। বড় কোম্পানিগুলো দ্রুত নতুন পণ্য নিয়ে আসছে, আর ব্যবহারকারীরা পরীক্ষা করে দেখছেন এই প্রযুক্তির বাস্তব সুবিধা কতটা।