১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিতসুবিশি’র জন্য ইভি তৈরি করবে ফক্সকন?

চীনের গাড়ি শিল্প গত কয়েক বছর ধরে দ্রুত বেড়েছে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ইভি বাজারে উঠে এসেছে চীন।

মিতসুবিশি’র জন্য ইভি তৈরি করবে ফক্সকন?
ফক্সকনের গ্রাহকদের মধ্যে রয়েছে অ্যাপলের মতো বড় প্রযুক্তি কোম্পানিও। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 04:25 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

জাপানি গাড়ি জায়ান্ট মিতসুবিশি মোটর্সের জন্য বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে আইফোনের চুক্তিভিত্তিক উৎপাদক কোম্পানি ফক্সকন।

প্রাথমিক চুক্তি অনুসারে এই যৌথ উদ্যোগ মিতসুবিশি’র জন্য তাইওয়ানে গাড়ির নকশা ও উৎপাদন করবে ফক্সকন।

কোম্পানি দুটি বলেছে, যৌথ উদ্যোগে তৈরি এই ইভি আগামী বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে। এটি ‘দ্রুত ও অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ’ ইভি খাতে ফক্সকনের প্রথম বড় চুক্তি।

মিতসুবিশির মতো জাপানি গাড়ি নির্মাতারা এখন চীনের বিভিন্ন গাড়ি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করছে, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বাজারে।

ফক্সকন ও তাইওয়ানের গাড়ি নির্মাতা ‘ইউলন মোটর’-এর এক যৌথ উদ্যোগ রয়েছে যার নাম ফক্সট্রন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। কোম্পানি দুটি বলেছে,  এই ফক্সট্রন কারখানাতেই তৈরি হবে গাড়িগুলো।

তারা আরও বলেছে, “গাড়ির নকশা ও নির্মাণ ব্যবস্থাপনা সেবা দেবে ফক্সট্রন এবং এই মডেলটি সম্ভবত ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে পাওয়া যাবে।”

তবে চুক্তিটি এখনও সমঝোতা স্মারক পর্যায়েই রয়েছে, যেটি আসলে কোম্পানি দুটির মধ্যে এখনও এটি অবাধ্যতামূলক বোঝাপড়া। কোম্পানি দুটি বলেছে, “চূড়ান্ত চুক্তির দিকে আলোচনা চালিয়ে যাবে” তারা।

বিবিসি লিখেছে, বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক ইলেকট্রনিক্স উৎপাদক কোম্পানি হচ্ছে ফক্সকন। এর গ্রাহকদের মধ্যে রয়েছে অ্যাপলের মতো বড় প্রযুক্তি কোম্পানি।

এর আগে কোম্পানিটি বলেছিল, জাপানের ‘নিসান মোটর’ কোম্পানিতে ‘সহযোগিতার’ জন্য শেয়ার কেনার কথা বিবেচনা করবে তারা। এ বিষয়গুলো থেকে একটা জিনিস পরিষ্কার- গাড়ি শিল্পে প্রবেশ করতে চাচ্ছে ফক্সকন।

নিসান ও ফরাসি গাড়ি নির্মাতা ‘রেনল্ট’-এর মধ্যকার জোটের এক ছোট অংশীদার মিতসুবিশি মোটর্স।

বিবিসি লিখেছে, কোম্পানি দুটির এ পদক্ষেপ এমন সময় এল যখন চীনের গাড়ি শিল্প গত কয়েক বছর ধরে দ্রুত বেড়েছে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ইভি বাজারে উঠে এসেছে চীন।

গোটা বিশ্বের প্রতিষ্ঠিত গাড়ি নির্মাতারা ইভি প্রতিযোগিতায় লড়াই করতে হিমশিম খাচ্ছে। কারণ নতুন গ্রাহকদের আকর্ষণ করে চলেছে বিওয়াইডি’র মতো বড় বিভিন্ন চীনা কোম্পানি।