Published : 07 Jun 2026, 04:03 PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স পরিচালিত ইউআইইউ মার্স রোভার টিম আন্তর্জাতিক ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৬-এ বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে। একইসঙ্গে টানা পঞ্চমবারের মতো এশিয়ার সেরা দল হওয়ার কৃতিত্বও ধরে রেখেছে তারা।
রোববার ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অর্জনের বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিযোগিতা শেষে এদিনই দলের সদস্যরা দেশে ফেরেন।
চূড়ান্ত ফলাফলে যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মার্স রোভার ডিজাইন টিম চ্যাম্পিয়ন এবং অস্ট্রেলিয়ার মোনাশ নোভা রোভার দ্বিতীয় স্থান লাভ করে।
দলের সদস্যরা হলেন শাইফ আল শাদ, মো. মোসফিকুর রহমান, শেখ সাকিব হোসেন, সিয়াম ইবনে সারওয়ার, মো. সালমান কবির চৌধুরী, আয়েশা আক্তার সায়মা, সাব্বির আহমেদ, মো. মিমতিয়াজে ইসলাম হিমেল ও মোহাম্মদ তম্ময়।
গত ২৭ থেকে ৩০ মে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের হ্যাঙ্কসভিলে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘দ্য মার্স সোসাইটি’ এর আয়োজন করে।
গ্র্যান্ড ফাইনালে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের মোট ৩৮টি দল অংশগ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টানা পঞ্চমবারের মতো এশিয়ার সেরা দল হওয়ার কৃতিত্ব অর্জন করেছে ইউআইইউ মার্স রোভার টিম। ২০২২ থেকে ২৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এশিয়ার এক নম্বর অবস্থান ধরে রেখে দলটি বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
চার দিনব্যাপী চূড়ান্ত পর্বে দলগুলোকে বৈজ্ঞানিক অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিবেশে কার্যক্রম পরিচালনা এবং যন্ত্রপাতি সার্ভিসিংসহ চারটি মিশন সম্পন্ন করতে হয়। প্রতিযোগিতায় পডিয়াম নিশ্চিত করার পাশাপাশি ইউআইইউ দল ‘বেস্ট অটোনোমাস সিস্টেম’ স্বীকৃতিও অর্জন করে।
ইউআইইউর ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার মো. আব্দুল মোকাদ্দেম সংবাদ সম্মেলনে বলেন, “এই অর্জনকে দেশের মানুষের জন্য যেভাবে কাজে লাগানো যায় আমরা সেভাবে কাজ করে যাব।”
দলের পরামর্শক ছিলেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসান সারওয়ার এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ড. সুমন আহমেদ। মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের নির্বাহী পরিচালক ও প্রফেসর এমেরিটাস এম রিজওয়ান খান, রেজিস্ট্রার মো. জুলফিকার রহমান এবং অন্যান্য কর্মকর্তারা।