১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ আনল কার্নিভাল

মানুষের জীবনযাত্রায় আরও বড় প্রভাব ফেলার মতো সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়েই আসছে তাদের নতুন ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপটি আনছে কার্নিভাল ইন্টারনেট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 04:05 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এল কার্নিভাল ইন্টারনেট। একে ‘দেশের বাজারে প্রথম বলে দাবি করেছে দেশের অন্যতম বড় ফাইবার ব্রডব্যান্ড সেবাদাতা কোম্পানিটি।

অ্যাপটির মাধ্যমে ইন্টারনেটে পেমেন্ট ও অন্যান্য সেবার বাইরেও ডিজিটাল স্বাস্থ্যসেবা, প্রয়োজনমাফিক ক্ষুদ্র বীমা, অনলাইন স্কিল লার্নিং আর ই-কমার্স ভিত্তিক আয়ের সুযোগ যোগ হতে যাচ্ছে বলে কোম্পানিটি এক আয়োজনে দাবি করেছে।

বিটিআরসির নেশনওয়াইড আইএসপি লাইসেন্সধারী কোম্পানিটির গ্রাহকসংখ্যা গ্রাম আর শহর মিলিয়ে ৪০ লাখেরও বেশি।

কার্নিভালের মূল কোম্পানি ডটলাইনস গ্রুপের অধীনে রয়েছে কার্নিভাল কেয়ার বা টেলি-ডাক্তার ও হেলথ সলিউশন, বিসেলার বা জিরো-ইনভেস্টমেন্ট রিসেলিং প্ল্যাটফর্ম, কার্নিভাল অ্যাসিওরসহ আরও কিছু কোম্পানি। 

“এগুলো মিলিয়েই তৈরি হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম, যা প্রযুক্তির সহায়তায় সরাসরি গ্রামীণ মানুষের জীবনে প্রভাব ফেলবে।” - নিজেদের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বললেন ডটলাইনের গ্রুপ সিএমও হাসান মেহেদী।

এ ইকোসিস্টেমকে একসঙ্গে আনা কার্নিভাল ইন্টারনেটের নতুন অ্যাপের প্রথম বেটা ভার্সনে থাকবে বিল পেমেন্ট ও অন্যান্য ইন্টারনেট বিষয়ক সুবিধা। তারপর একে একে যোগ হবে কার্নিভাল লার্নিং, যা বাংলা ভাষায় অনলাইন কোর্স করে দক্ষতা বাড়ানো, ফ্রিল্যান্সিংয়ের যোগ্যতা তৈরি ও বিবিসি জানালার পার্টনারশিপে ইংরেজি শেখার প্ল্যাটফর্ম।