১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪র্থ ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’-এ বাংলাদেশের যা অর্জন

এ আসরে স্বর্ণপদক জিতেছেন যশোরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম।

৪র্থ ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’-এ বাংলাদেশের যা অর্জন
অলিম্পিয়াডের এ চতুর্থ আসরে সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণ করেছিলেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

রাশিয়ার সোচিতে ‘ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’-এর এবারের আসরে স্বর্ণপদকসহ একাধিক পদক জিতেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ছয়জন প্রতিযোগীর মধ্যে পাঁচজন প্রতিযোগী বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন।

সেপ্টেম্বরের ২০ থেকে ২৭ তারিখে রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ ওপেন ওয়াল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। অলিম্পিয়াডের এ চতুর্থ আসরে সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণ করেছিলেন বলে উল্লেখ করেছেন বাংলাদেশ অ্যাস্টোনমিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। মঙ্গলবার এবারের আসরে বাংলাদেশের অর্জনের বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। এর আয়োজক হিসেবে ছিল রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও সিরিয়াস এডুকেশন সেন্টার।

এ আসরে স্বর্ণপদক জিতেছেন যশোরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম। ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেল শিক্ষার্থী সপ্তর্ষি রহমান ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাদিত রাইয়ান জিতেছেন রৌপ্য পদক।

ব্রোঞ্জ পদক এসেছে রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন জিসানের হাতে। এ ছাড়াও খুলনার সাউথ হেরাল্ড ইংলিশ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তন রায় পেয়েছে সম্মানসূচক স্বীকৃতি।

২০২৫ সালে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-এর ২০তম আসর আয়োজিত হয়। ১৪ থেকে ১৮ বছর বয়সি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক টাইটেল স্পন্সর ছিল এপেক্স গ্রুপ।

বাংলাদেশ পর্বের আয়োজনটি তিনটি পর্যায়ে বিভক্ত ছিল, যেখানে বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে এবং জাতীয় পর্যায়ে দিনব্যাপি আয়োজিত অ্যাস্ট্রো-অলিম্পিয়াড অনুষ্ঠানে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক লিখিত পরীক্ষা, টেলিস্কোপে সূর্য দেখানো এবং রকেটের মডেল তৈরীর প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।

বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে আয়োজিত হয়েছে প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত তিনশ শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। জাতীয় পর্যায় থেকে নির্বাচিত ৩০ জন প্রতিযোগিকে নিয়ে পর্বটি অনুষ্ঠিত হয়। ক্লোজড ক্যাম্পের শেষদিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নির্বাচিত হয়েছেন ছয়জন।

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ আয়োজনে সহযোগিতা করেছেন ‘গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড’, ‘ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি’, ‘পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’, ‘মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড’, ‘এডিএন টেলিকম’, ‘কেদারপুর টি এস্টেট’ ও ‘ওয়াচেস ওয়ার্ল্ড’।

এ আয়োজনের সঙ্গে আরও জড়িয়ে ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিজনেস স্ট্যান্ডার্ড ও রাশিয়ান হাউস ইন ঢাকা।

এর আগে, ২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২৩তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। রাশিয়ায় অনুষ্ঠিত তৃতীয় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২০২৪-এ বাংলাদেশ রৌপ্য পদক জিতেছে। দেশে অনুষ্ঠিত ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২০২৪-তে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

২০১০ সাল ও ২০১৪ সালে বাংলাদেশ ‘আন্তর্জাতিক অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’-এ সম্মান পদক জিতেছিল।