২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ইনস্টাগ্রাম চ্যাটিংয়ের থিম বদলে নিন সহজেই

কেউ থিম পরিবর্তন করলে চ্যাটিংয়ের উভয় পক্ষকেই নোটিফিকেশনের মাধ্যমে জানায় ইনস্টাগ্রাম। অ্যাপটি চ্যাট উইন্ডোতেই ব্যবহারকারীর নাম ও থিমের নাম দিয়ে জানায়, থিম পরিবর্তন করা হয়েছে।

ইনস্টাগ্রাম চ্যাটিংয়ের থিম বদলে নিন সহজেই
ছবি: ইনস্টাগ্রাম

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:29 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অনেকটাই রংচঙে ভিজুয়ালের ওপর নির্ভর করেন। তাই অনেক সময়েই চ্যাটবক্সের সাধারণ ব্যাকগ্রাউন্ড খুব হালকা মনে হতে পারে। তবে, কেউ চাইলেই অ্যাপটিতে পরিবর্তন করতে পারবেন চ্যাটিংয়ের থিম।

এ ফিচারের মাধ্যমে, কার সঙ্গে চ্যাটিংয়ে আছেন সেটি, এবং নিজের নান্দনিকতার সঙ্গে মেলে এমন বিভিন্ন প্যাটার্ন ও রং থেকে বেছে নিতে পারবেন নিজের থিম, আর  বদলাতে পারবেন চ্যাটিংয়ের চেহারা।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে করবেন এটি। তবে, ফিচারটি ইনস্টাগ্রামের কেবল মোবাইল সংস্করণেই পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিশ।

১. প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন।

২. স্ক্রিনের ওপরের ডান কোণায় ‘সেন্ড’ অথবা ‘মেসেজেস’ অপশনে ট্যাপ করুন।

৩. চ্যাটলিস্ট থেকে একটি কনভারসেশন বা কথোপকথন বেছে নিন।

৪. চ্যাটিংয়ের একেবারে ওপর থেকে প্রোফাইলের নামের ওপরে ট্যাপ করুন, ‘চ্যাট সেটিংস মেনু’ চালু হবে।

৫. ‘থিম’ অপশনটি বেছে নিন।

৬. ‘থিম’ অথবা ‘কালার্স অ্যান্ড গ্র্যাডিয়েন্টস’ অপশন থেকে নিজের পছন্দ অনুসারে একটি থিম বেছে নিন।

কেউ থিম পরিবর্তন করলে চ্যাটিংয়ের উভয় পক্ষকেই নোটিফিকেশনের মাধ্যমে জানায় ইনস্টাগ্রাম। অ্যাপটি চ্যাট উইন্ডোতেই ব্যবহারকারীর নাম ও থিমের নাম দিয়ে জানায়, থিম পরিবর্তন করা হয়েছে। এ নোটিফিকেশনের ঠিক পাশেই থিম পরিবর্তন করার অপশন পাওয়া যাবে। ‘চেঞ্জ থিম’ অপশনে ট্যাপ করলে সরাসরি চ্যাট থিমের মেনুতে যেতে পারবেন এখান থেকে। আর একজন থিম পরিবর্তন করলে চ্যাটিংয়ে থাকা সবার ব্যাকগ্রাউন্ডই বদলে যাবে।

ইনস্টাগ্রাম অ্যাপে থিম বদলানোর অপশন না থাকলে কয়েকটি পদ্ধতি অনুসরণ করে দেখুন।

১. ফোনে ইনস্টাগ্রামের সর্বশেষ সংস্করণ আছে কিনা সেটি যাচাই করুন, না থাকলে ডাউনলোড করুন। এটি করা যাবে ফোনের গুগল প্লে স্টোর থেকে, আইফোনের ক্ষেত্রে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে।

২. ইনস্টাগ্রাম অ্যাপের ক্যাশ ডেটা ডিলিট করুন। একটি মোবাইল ডিভাইস ক্যাশ ডেটা জমা করে, যার মধ্য অনেক সময় নষ্ট ফাইলও থাকে। এটি ইনস্টাগ্রামের স্বাভাবিম কাজের প্রক্রিয়ায় বাধা দিতে পারে। শুধু ক্যাশ ডেটা ডিলিট করলে সর্বশেষ ফিচার ব্যবহার করা সহজ হতে পারে। আর এতে ছবি ও অন্যান্য ডেটাও অক্ষত থাকবে। এটি ডিলিট করে অ্যাপটি চালু করে আবার থিম পরিবর্তনের চেষ্টা করে দেখুন।

৩. যদি ওপরের দুটি পদ্ধতি কাজ না করে, তবে ফোনটি রিস্টার্ট করে দেখুন। ফোন বন্ধ করে আবার চালু করলে র‍্যাম ডেটা পরিষ্কার হয়ে যায়, পুরনো অ্যাপ ডেটাও সরিয়ে ফেলে। তাই ফোনটি একবার রিবুট করে ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করে দেখতে পারেন কাজ করে কিনা।

ইনস্টাগ্রামের চ্যাটবক্সে বিভিন্ন থিম যোগ করলে চ্যাট বা মেসেজিং আরও মজাদার হতে পারে। থিম পছন্দ না হলে, বিভিন্ন রং ও গ্রেডিয়েন্ট ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করে নিতে পারেন। তবে, নিশ্চিত হয়ে নিন যার চ্যাটবক্সে পরিবর্তন করছেন তারও থিমটি পছন্দ।