২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এল উইন্ডোজ ১১ এর পরীক্ষামূলক ২৫এইচ২ সংস্করণ

এতে মূলত আগের সংস্করণ ২৪এইচ২-এর মতোই নতুন ফিচার ও উন্নয়ন থাকবে যা বছরজুড়ে ধাপে ধাপে সক্রিয় করা হবে।

এল উইন্ডোজ ১১ এর পরীক্ষামূলক ২৫এইচ২ সংস্করণ
২৫এইচ২ ভার্সনে কিছু পুরোনো ফিচার বাদ দেওয়া হচ্ছে। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 06:03 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

উইন্ডোজ ১১ এর বার্ষিক আপডেট সূচি ২০২৫ সালেও অপরিবর্তিত থাকবে বলে ঘোষণা করেছে মাইক্রোসফট। বছরের দ্বিতীয়ার্ধে আসা এই আপডেটের অংশ হিসাবে উইন্ডোজ ১১, ভার্সন ২৫এইচ২ এখন থেকে রিলিজ প্রিভিউ চ্যানেলে পরীক্ষার জন্য উন্মুক্ত হয়েছে।

তবে এই আপডেটে ডেস্কটপে নতুন ইউআই ফিচার বা এআই সংক্রান্ত বড় কোনো পরিবর্তন যুক্ত হচ্ছে কি না সে বিষয়ে মাইক্রোসফট তেমন কিছু বলেনি। কোম্পানিটির পক্ষ থেকে শুধু নিশ্চিত করা হয়েছে এতে মূলত আগের সংস্করণ ২৪এইচ২-এর মতোই নতুন ফিচার ও আপডেট থাকবে যা বছরজুড়ে ধাপে ধাপে সক্রিয় হবে।

প্রযুক্তি সাইট ভার্জ লিখেছে, ২৫এইচ২ ভার্সনে কিছু পুরোনো ফিচার বাদ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে পাওয়ারশেল ২.০ এবং উইন্ডোজ ম্যানেজমেন্ট ইন্সট্রুমেন্টেশন কমান্ড-লাইন। 

অন্যদিকে, বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা যোগ হয়েছে। এখন এন্টারপ্রাইজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ডিভাইসে আইটি অ্যাডমিনরা চাইলে গ্রুপ পলিসি বা এমডিএম সিএসপি ব্যবহার করে মাইক্রোসফট স্টোরে থাকা কিছু প্রি-ইনস্টলড অ্যাপ মুছে ফেলতে পারবেন। অর্থাৎ, কোন অ্যাপ রাখা হবে আর কোনটা সরানো হবে সেটি তারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন।

আইটি অ্যাডমিনদের জন্য এই নতুন নিয়ন্ত্রণ সুবিধা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মাইক্রোসফট বলছে, ধাপে ধাপে আরও ব্যবহারকারীর কাছে আপডেটটি পৌঁছানো হবে।

মাইক্রোসফট গত জুন মাসে বলেছিল, তাদের শেয়ার্ড সার্ভিসিং ব্রাঞ্চ ব্যবহারের কারণে উইন্ডোজ ১১ এর ২৪এইচ২ ভার্সন থেকে ২৫এইচ২-তে আপডেট করা খুব সহজ হবে। কেবল একবার রিস্টার্ট করলেই আপডেট সম্পন্ন হবে কারণ নতুন ফিচারগুলো আগের আপডেটগুলোতেই যুক্ত থাকে তবে ইনঅ্যাক্টিভ অবস্থায়। সেগুলো অ্যাক্টিভ করে দেয় এনএবলমেন্ট প্যাকেজ।  

এই আপডেটটি ব্যবহার করতে আগ্রহীরা এখনই রিলিজ প্রিভিউ চ্যানেলে যোগ দিতে পারবেন। সেখান থেকে উইন্ডোজ ১১ ভার্সন ২৫এইচ২ ইনস্টল করা যাবে। এরজন্য সেটিংয়ের উইন্ডোজ আপডেট সেকশনে গিয়ে আপডেট ইনস্টল করার অপশন বাছাই করতে হবে।