১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার ভিডিও আপলোড করলে মা-বাবাদের জানাবে টিকটক

এর আগে, এ আশঙ্কা কমিয়ে আনার দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচার চালু করেছিল টিকটক।

এবার ভিডিও আপলোড করলে মা-বাবাদের জানাবে টিকটক
দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে পড়েছে টিকটক’সহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 05:53 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

শিশুদের অনলাইনে নিরাপদ রাখতে নতুন নিরাপত্তা ফিচারের অংশ হিসেবে এখন থেকে সন্তানরা কোনো নতুন ভিডিও আপলোড করলে মা-বাবাকে জানাবে শর্ট ভিডিও প্লাটফর্মটি।

অনেকের ধারণা, তরুণদের জন্য ক্ষতিকর হতে পারে টিকটক। ফলে প্লাটফর্মটি এসব নতুন নিরাপত্তা ফিচার সেই আশঙ্কা কমানোর লক্ষ্যে চালু করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এর আগে, এ আশঙ্কা কমিয়ে আনার দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচার চালু করেছিল টিকটক, যেখানে মা-বাবা ও সন্তানের অ্যাকাউন্ট একসঙ্গে যোগ করার সুযোগ দিয়েছিল চীনা প্রযুক্তি কোম্পানিটি।

সন্তানের অ্যাকাউন্টে ঠিক কী ঘটছে তা বুঝতে পারার জন্য বর্তমানে মা-বাবাকে আরও বেশি নজরদারির সুযোগ দিতে চাইছে শর্ট ভিডিও প্লাটফর্মটি।

এসব ফিচারের মধ্যে রয়েছে, এখন থেকে টিনএজাররা টিকটকে যখন নতুন ভিডিও আপলোড করবে তখন মা-বাবা নোটিফিকেশন পাবেন, সন্তানরা কোন কোন বিষয় বেছে নিয়েছে তা দেখার সুযোগ পাবেন এবং টিনএজার অ্যাকাউন্টে কী ধরনের প্রাইভেসি সেটিং রয়েছে সেটিও দেখতে পারবেন তারা।

এ ছাড়াও, টিকটক এমন কিছু নতুন ফিচারও চালু করেছে, যা কনটেন্ট নির্মাতাদের মানসিক সুস্থতা রক্ষা করবে। যার মধ্যে রয়েছে, উন্নতমানের কমেন্ট ফিল্টার সুবিধা, নির্দিষ্ট শব্দ, ইমোজি বা টিকটক লাইভকে মিউট করার ফিচার।

দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে পড়েছে টিকটক’সহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। কারণ, এসব প্ল্যাটফর্মে তরুণদের যেসব কনটেন্ট দেখানো হয় তা নিয়ে উদ্বেগ রয়েছে মা-বাবাদের মধ্যে। 

এসব উদ্বেগে যথাযথ সাড়া না দেওয়ার জন্যও টিকটক সমালোচিত হয়েছে। যার মধ্যে রয়েছে, গত বছর অফকমের এক আনুষ্ঠানিক অনুরোধের সাড়া দিতে ব্যর্থ হওয়ার কারণে ১৮ লাখ পাউন্ডের জরিমানা গুনতে হয়েছে টিকটককে।