০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রেডিটের সার্চ ইঞ্জিন ব্যবহারকারী বেড়েছে ৩০ শতাংশ

গত কয়েক বছর ধরে সার্চ ইঞ্জিনের পেছনে বিনিয়োগের পাশাপাশি ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পেতে এআই ফিচার যোগ করেছে রেডিট।

রেডিটের সার্চ ইঞ্জিন ব্যবহারকারী বেড়েছে ৩০ শতাংশ
কোম্পানিটির লক্ষ্য, বিশ্বজুড়ে ১০০ কোটি ও কেবল যুক্তরাষ্ট্রে ১০ কোটি দৈনিক ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করা। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 03:19 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

দীর্ঘদিনের অভিযোগের পর সার্চ ইঞ্জিন সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিনিয়োগের ফল পেতে শুরু করেছে রেডিট।

বৃহস্পতিবার কোম্পানিটির সিইও স্টিভ হাফম্যান বলেছেন, প্রতি সপ্তাহে রেডিটে সার্চ ব্যবহারকারীর সংখ্যা গেল বছরের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে।

বর্তমানে নতুন ব্যবহারকারী আকর্ষণ ও কেনাকাটা সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য উৎস হিসেবে রেডিট নিজের অবস্থান আরও শক্তিশালী করছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।

গত কয়েক বছর ধরে নিজেদের সার্চ ইঞ্জিনের পেছনে প্রচুর বিনিয়োগের পাশাপাশি ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পেতে এআই ফিচারও যোগ করেছে রেডিট।

হাফম্যান বলেছেন, নতুন ব্যবহারকারী আনা ও পুরানোদের প্ল্যাটফর্মে ধরে রাখার ক্ষেত্রে এই সার্চ ইঞ্জিন বর্তমানে অন্যতম প্রধান ভূমিকা রাখছে।

কোম্পানির প্রথম প্রান্তিকের ফলাফল-পরবর্তী কনফারেন্স কলে তিনি বলেছেন, “সার্চের ক্ষেত্রে আমরা দারুণ পারফরম্যান্স দেখছি। প্রতিদিন ও প্রতি সপ্তাহে যারা সার্চ ব্যবহার করেন তাদের সংখ্যা এবং সার্চের পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে, যা ব্যবহারকারীদের ধরে রাখতে ও দৈনিক সক্রিয় ব্যবহারকারী বাড়াতে বড় ভূমিকা রাখছে।

“সত্যি বলতে, সার্চ টিম চমৎকার কাজ করছে। আপনি যদি ‘রেডিট অ্যানসার্স’ ব্যবহার করেন তবে দেখবেন তা এখন অ্যাপের সঙ্গে আরও চমৎকারভাবে যোগ হয়েছে।”

এর আগে, গত ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রে এআই সার্চ রেজাল্টের মাধ্যমে ‘প্রোডাক্ট প্লেসমেন্ট’ বা পণ্যের বিজ্ঞাপনের পরীক্ষা শুরু করেছিল।

হাফম্যান বলেছেন, রেডিটের প্রায় ৪০ শতাংশ আলোচনা কেনাকাটা বা বাণিজ্যিক বিষয় সংক্রান্ত।

এ ছাড়া, ৮৪ শতাংশ ক্রেতা কোনো পণ্য কেনার আগে রেডিটে গবেষণা বা খোঁজখবর নেওয়ার পর তাদের সিদ্ধান্তের ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী বোধ করেন।

সামাজিক যোগাযোগের এ প্ল্যাটফর্মটি বর্তমান প্রান্তিক শেষ করেছে ৪৯ কোটি ৩০ লাখেরও বেশি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী নিয়ে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি। দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৬০ লাখে, যা গত বছরের চেয়ে ১৭ শতাংশ বেড়েছে।

রেডিট বলেছে, যুক্তরাষ্ট্রে তাদের ভিজিটর সংখ্যা ৭ শতাংশ বেড়ে ৫ কোটি ৩৫ লাখে পৌঁছেছে। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি ৩৩ লাখে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি।

কোম্পানিটির লক্ষ্য, বিশ্বজুড়ে ১০০ কোটি ও কেবল যুক্তরাষ্ট্রে ১০ কোটি দৈনিক ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করা।

সার্চের পাশাপাশি কোম্পানিটি বলেছে, তাদের ‘মেশিন ট্রান্সলেশন’ বা স্বয়ংক্রিয় অনুবাদ ফিচারটি গত কয়েক প্রান্তিকে ব্যবহারকারী বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এ ফিচারটি বর্তমানে ৩০টিরও বেশি ভাষা সমর্থন করে।

রেডিট ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৬৬ কোটি ৩০ লাখ ডলার আয়ের কথা বলেছে, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশিত ৬০ কোটি ৯৮ লাখ ডলারকেও ছাড়িয়েছে।

কোম্পানিটি আরও বলেছে, এ প্রান্তিকে তাদের মূলধনী ব্যয় ছিল কেবল ১০ লাখ ডলার।