Published : 08 Feb 2026, 04:41 PM
ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলার সমমূল্যের বিটকয়েন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার এক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ।
বিথাম্ব নামের ওই এক্সচেঞ্জ শনিবার বলেছে, ভুল করে নিজেদের গ্রাহকদের ‘প্রোমোশনাল রিওয়ার্ড’ বা পুরস্কার হিসেবে ৪ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন দিয়েছে তারা। এ ভুলের কারণে এক্সচেঞ্জটিতে বিটকয়েন বিক্রির ধুমও পড়েছে।
শুক্রবারের এ ভুলের জন্য ক্ষমা চেয়ে বিথাম্ব বলেছে, প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলার সমমূল্যের ৬ লাখ ২০ হাজার বিটকয়েনের ৯৯.৭ শতাংশই ফিরিয়ে আনতে পেরেছে তারা। ভুল করে এ সম্পদ পাঠানোর ৩৫ মিনিটের মধ্যে ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং ও অর্থ তোলা বন্ধ করে দেয় বিথাম্ব।
রয়টার্স লিখেছে, প্রচারণামূলক অনুষ্ঠানের অংশ হিসেবে প্রত্যেক ব্যবহারকারীকে ২ হাজার কোরিয়ান ওন বা প্রায় ১.৪০ ডলার বা তার বেশি মূল্যের নগদ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেছিল এক্সচেঞ্জটি। তবে এর বদলে বিজয়ীরা প্রত্যেকে কমপক্ষে ২ হাজারটি করে বিটকয়েন পেয়ে যান।
এক বিবৃতিতে বিথাম্ব বলেছে, “আমরা স্পষ্ট করে বলতে চাই, ঘটনাটি কোনো হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়। আমাদের সিস্টেমের নিরাপত্তা বা গ্রাহকদের সম্পদ ব্যবস্থাপনায় কোনো সমস্যা হবে না।”
তবে দক্ষিণ কোরিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ‘ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিশন’ বলেছে, এ ঘটনা ‘ভার্চুয়াল সম্পদের দুর্বলতা ও বিভিন্ন ঝুঁকিকে সামনে এনেছে।”
এক জরুরি বৈঠকের পর দেশটির বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বলেছে, বিথাম্ব-এর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, তাদের কাছে থাকা ভার্চুয়াল সম্পদের পরিমাণ ও সেগুলো পরিচালনার পদ্ধতি খতিয়ে দেখবে তারা। এ পর্যালোচনায় যদি কোনো অনিয়ম মেলে তবে তারা বিথাম্বসহ অন্যান্য ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোতে সরাসরি উপস্থিত হয়ে তদন্ত শুরু করবে।
এক্সচেঞ্জটির চার্ট থেকে দেখা গেছে, শুক্রবার সন্ধ্যায় বিথাম্বে বিটকয়েনের দাম হঠাৎ ১৭ শতাংশ কমে ৮ কোটি ১১ লাখ কোরিয়ান ওন-এ নেমে আসে। তবে পরবর্তীতে দাম আবার ঘুরে দাঁড়ায় ও সর্বশেষ ১০ কোটি ৪৫ লাখ কোরিয়ান ওন-এ লেনদেন হয়।
দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টো বাজারে সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান ‘আপবিট’। এর ঠিক পরেই, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছে বিথাম্ব।