১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন আইওএস ভার্সনে আইফোন লক স্ক্রিনের ঘড়ি বড় করবেন যেভাবে

ফিচারটি আরও বড়, আধুনিক এবং নজরকাড়াভাবে সময় দেখার সুযোগ দেয়। ব্যবহারকারী চাইলে ছোট সাধারণ ডিজাইন রাখতে পারেন বা ড্রামাটিক লুক পেতে পারেন।

নতুন আইওএস ভার্সনে আইফোন লক স্ক্রিনের ঘড়ি বড় করবেন যেভাবে
নতুন এই অপশনকে অ্যাপল ‘অ্যাডাপ্টিভ টাইম’ নামে ডেকে থাকে। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 11:32 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

অ্যাপল এর ব্যবহারকারীদের জন্য আইফোন কাস্টমাইজ করার সুযোগ আরও বাড়াচ্ছে। আইওএস ২৬-এর অন্যতম নতুন একটি ফিচার হলো লক স্ক্রিনের ঘড়ি ‘স্ট্রেচ’ বা প্রসারিত করার সুবিধা। 

এই ফিচারটি সময় দেখানোর নিকশাকে আরও বড়, আধুনিক এবং নজরকাড়া করার সুযোগ দেয়। ব্যবহারকারী চাইলে ছোট সাধারণ ডিজাইন রাখতে পারেন বা বড় ঘড়ি দিয়ে ড্রামাটিক লুক পেতে পারেন।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, নতুন এই অপশনকে অ্যাপল ‘অ্যাডাপ্টিভ টাইম’ নামে ডেকে থাকে। এটি লক স্ক্রিনের স্ট্যাটিক বা স্থির ঘড়িকে একটি ফ্লুইড এবং রেসপন্সিভ হিসেবে পরিবর্তন করে। শুধু স্ক্রিনের ছোট একটি হ্যান্ডল টেনে ধরে ঘড়ি বড় বা ছোট করতে পারবেন।

লক স্ক্রিনের ঘড়ি স্ট্রেচ করার পদ্ধতি

প্রথমে আইফোন অন করুন এবং লক স্ক্রিনে থাকুন। ডিভাইস আনলক করবেন না। স্ক্রিনের যে কোনো স্থানে চাপ দিয়ে ধরে রাখুন। এটি কাস্টমাইজেশন মোডে নিয়ে যাবে।

সেইভ করা লক স্ক্রিনগুলির একটি কারোসেল দেখাবে। যে লক স্ক্রিনটি অ্যাক্টিভ, তা এডিট করার জন্য ‘কাস্টমাইজ’ ট্যাপ করুন।

‘লক স্ক্রিন’ অপশন নির্বাচন করুন। এরপর ঘড়ির ওপর সরাসরি ট্যাপ করুন। এর ফলে ফন্ট ও কালার প্যানেল ওপেন হবে।

স্ট্রেচ ফিচার চালু করতে প্রথম ফন্ট অপশন নির্বাচন করুন এবং ‘এরাবিক ওয়েস্টার্ন’ স্ক্রিপ্ট সেট করুন। সেটিংস নিশ্চিত করার পর আবার ঘড়িতে ট্যাপ করুন।

যদি ওয়ালপেপার এই ফিচার সমর্থন করে তাহলে ঘড়ির নিচের ডানদিকে একটি ছোট বৃত্তাকার হ্যান্ডল দেখা যাবে। এটিকে ধরে নিচের দিকে টেনে ঘড়ি বড় করুন। টান দেওয়ার সময় সংখ্যাগুলো রিয়েল টাইমে বড় হবে। 

সাইজ ঠিক হলে হ্যান্ডল ছেড়ে দিন এবং টপ-রাইটে ‘ডান’ ট্যাপ করুন। কাস্টমাইজেশন মোড থেকে বের হলে বড় ঘড়ি লক স্ক্রিনে দেখা যাবে।

যদি ফিচার না দেখা যায় এর কারণ সাধারণত ফন্ট বা ওয়ালপেপার। কিছু ওয়ালপেপার বিশেষ করে যেখানে ছবির টপ অংশ ভর্তি, সেখানে ঘড়ি বড় হওয়াটা সীমিত হয়ে যায়। তাই সাদামাটা বা খালি ওয়ালপেপার ব্যবহার করলে সমস্যা সমাধান হয়।

স্ট্রেচ ঘড়ি সম্পর্কে যা জানা জরুরি

আগের আইওএস ভার্সনে লক স্ক্রিনের ঘড়ি স্থির থাকতো। ওয়ালপেপার যাই হোক না কেন সাইজ বা অবস্থান পরিবর্তন হতো না। আইওএস ২৬-এ ঘড়িটির নিচে একটি রিসাইজ হ্যান্ডল আসে যা ধরে টানলে ঘড়ির সংখ্যা প্রসারিত হয় এবং ঘড়ি স্ক্রিনের মাঝের দিকে বিস্তৃত হয়। চাইলে আবার ছোটও করা যায়।

স্ট্রেচড ঘড়ি নতুন ‘লিকুইড গ্লাস’ ইন্টারফেইসের সঙ্গে সবচেয়ে ভালো মানায়। এতে ঘড়ির ফন্ট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যায় এবং সময় যেন হালকা ভেসে থাকে। তবে, হ্যান্ডল সব সেটআপে দেখা যায় না। শুধু ডিফল্ট ফন্ট এবং ‘এরাবিক ওয়েস্টার্ন’ স্ক্রিপ্ট ব্যবহার করলে দেখা যায়।

ফিচারটির সীমাবদ্ধতা ও সমস্যা

ফিচারটি শুধু ভিজুয়াল, লক স্ক্রিনের সম্পূর্ণ রিডিজাইন নয়। ডিফল্ট ফন্ট ছাড়া অন্য কোনো ফন্ট বা স্ক্রিপ্টে হ্যান্ডল দেখা যায় না। যদি উইজেট ঘড়ির নিচে বেশি জায়গা নেয় তাহলে হ্যান্ডল কাজ নাও করতে পারে।

কিছু ব্যবহারকারী বলেছেন, সফটওয়্যার আপডেট বা ফোকাস মোড সক্রিয় হলে হ্যান্ডল অদৃশ্য হয়ে যায়। তবে রিস্টার্ট বা মোড বন্ধ করলে আবার ফিরে আসে।

ওয়ালপেপারের ধরন অনুযায়ী ভিজুয়াল ইফেক্ট পরিবর্তিত হয়। মিনিমাল ও খালি ব্যাকগ্রাউন্ডে ঘড়ি সহজে প্রসারিত হয়। জটিল ছবি হলে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সপারেন্সি ও অবস্থান ঠিক থাকে। লিকুইড গ্লাস ইফেক্টে এই স্ট্রেচড ডিজাইন আরও নজরকাড়া লাগে।

স্ট্রেচড ঘড়ির সর্বোচ্চ সুবিধা

এটি মূলত কসমেটিক ফিচার, আইওএস পার্সোনালাইজেশনের একটি অংশ। এখন ব্যবহারকারীরা উইজেট, ডেপথ-অ্যাওয়ার ওয়ালপেপার, কালার ফিল্টার ও ডাইনামিক অ্যানিমেশনসহ লক স্ক্রিন কাস্টমাইজ করতে পারেন। স্ট্রেচড ঘড়ি সহজেই লক স্ক্রিনের মুড পরিবর্তন করতে সাহায্য করে।

যাদের বড়, আধুনিক লুক পছন্দ করে, তাদের জন্য বড় ঘড়ি সহজেই নজর কাড়ে। তবে যারা মিনিমাল লুক পছন্দ করেন, তারা হ্যান্ডল টেনে আবার ছোট ঘড়ি পেতে পারেন। পুরো প্রক্রিয়াটিই পরিবর্তন করা যায় এবং খুব দ্রুতই, তাই ব্যবহারকারী পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন।

আইওএস ২৬ এর মূল লক্ষ্য পার্সোনালাইজেশন এবং পলিশ। স্ট্রেচড ঘড়ি যদিও ছোট ফিচার তবে এটি পুরো আইওএস আপডেটের একটি ধারণা ফুটিয়ে তোলে। কয়েকটি ট্যাপ এবং হালকা ড্র্যাগেই আইফোনের লক স্ক্রিন হয়ে উঠতে পারে ব্যবহারকারীর সম্পূর্ণ নিজস্ব একটি অংশ।